নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই ৷৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভীতি প্রদর্শনের অভিযোগ এনেছে বামেরা৷ শনিবার সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাশ বলেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে বিজেপি৷ তাঁর আরও অভিযোগ, বিডিওর সামনেই সিপিএম প্রার্থীদের মনোনয়ন কেড়ে নেওয়া হচ্ছে৷ এদিন তিনি বলেন, সারা রাজ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে রেখেছে শাসক দল৷ বিভিন্ন স্থানে বিজেপি কর্মীরা চাপ দিয়ে সিপিএম প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করছেন৷ তাঁর দাবি, বিধায়ক শহীদ চৌধুরী এবং নারায়ণ চৌধুরীর নেতৃত্বে ৮জন সিপিএম প্রার্থী মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন৷ কিন্তু, মনোনয়ন জমা দিয়ে ব্লক অফিসে থেকে বাইরে বেড়িয়ে দেখেন বিজেপি কর্মীদের রক্ত চক্ষুর মুখে তাদের গাড়ি চালকরা গাড়ি নিয়ে চলে গেছেন৷

এদিন তিনি জানান, বামফ্রন্ট আহ্বায়ক বিজন ধরের নেতৃত্বে প্রাক্তন সাংসদ জিতেন চৌধুরী, শংকর প্রসাদ দত্ত এবং বিধায়ক তপন চক্রবর্তী আজ রাজ্য নির্বাচন কমিশনার জি কে রাওয়ের সাথে দেখা করেছেন৷ তাঁর কাছে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবি জানানো হয়েছে৷ পাশাপাশি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে সারা রাজ্যে বিরোধীদের হেনস্থার বিভিন্ন ঘটনাবলি তাঁর কাছে তুলে ধরেছেন বাম প্রতিনিধিদল৷



















