News Flash

  • Home
  • Uncategorized
  • আক্রান্ত নেতা-কর্মী, জোট শরিক বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করে তুলোধুনো আইপিএফটির
Image

আক্রান্ত নেতা-কর্মী, জোট শরিক বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করে তুলোধুনো আইপিএফটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ সন্ত্রাস নিয়ে জোট শরিক বিজেপি-কে আজ আবারও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছে আইপিএফটি৷ সাংসদ রেবতিকুমার ত্রিপুরার বাড়িতে কোনও হামলা হয়নি, বরং বিজেপি কর্মীরা আইপিএফটি কর্মীদের ওপর ক্রমাগত হামলা চালিয়েছেন৷ বাড়ি ভাঙচুর, অগ্ণিসংযোগেই থেমে থাকেননি তাঁরা, বিজেপি কর্মীদের আক্রমণে আক্রান্ত হয়েছেন দলের ১৬ জন নেতা ও কর্মী৷

সোমবার সাংবাদিক সম্মেলনে এভাবেই বিজেপি-র বিরুদ্ধে অভিযোগ এনেছেন আইপিএফটি-র সহ-সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা৷ তাঁর কথায়, বিধানসভা নির্বাচনের পর থেকেই আইপিএফটি কর্মীরা নানা সময়ে আক্রান্ত হয়েছেন৷ জোট শরিক হয়েও বিজেপি কর্মীরাই আইপিএফটি কর্মীদের মেরেছেন৷ তবে, বিজেপি এই আচরণ শীঘ্রই না বদলালে চুপ করে বসে থাকবে না আইপিএফটি৷ প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে ঝাঁপাবে দল, হুঁশিয়ারি দেন তিনি৷


মঙ্গল দেববর্মা আজ বলেন, জোট শরিক হয়েও আইপিএফটি-র প্রতি বিজেপির আচরণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না৷ বিভিন্ন সময়ে আইপিএফটি-কে হেনস্থা হতে হচ্ছে৷ তিনি বলেন, বিধানসভা ভোটে জিতে বিজেপি মনে করছে এই কৃতিত্ব তাদের একার৷ কিন্তু, তারা ভুলে যাচ্ছে, আইপিএফটি-কে বাদ দিয়ে ত্রিপুরায় বিপুল জয় কোনওভাবেই সম্ভব ছিল না৷ তিনি ক্ষোভের সুরে বলেন, বিজেপি চাইছে ত্রিপুরা থেকে মুছে যাক আইপিএফটি৷ এককভাবে ক্ষমতাভোগ করাই এখন তাঁদের একমাত্র লক্ষ্য৷ তাই, প্রতিদিন নানা অজুহাতে আইপিএফটি কর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে৷ এখানেই থেমে যাচ্ছে না বিজেপি৷ ত্রিপুরার বিভিন্ন স্থানে আইপিএফটি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে ফাঁসানো হচ্ছে৷


তাঁর দাবি, গন্ডাছড়ায় সাংসদ রেবতিকুমার ত্রিপুরার বাড়িতে হামলা হয়েছে এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি৷ কিন্তু এই হামলার অজুহাতে গন্ডাছড়ায় আইপিএফটি-র ধলাই জেলা সভাপতি প্রেমসাধন ত্রিপুরার ওপর আক্রমণ চালিয়েছে বিজেপি৷ তিনি বলেন, গত ১৪ জুন রাতে প্রেমসাধন ত্রিপুরার বাড়িতে হামলা করে থেমে যাননি বিজেপি কর্মীরা৷ পরের দিন পুণরায় তাঁর বাড়িতে আক্রমণ করেছেন বিজেপি কর্মীরা৷ তিনি অভিযোগ তুলে বলেন, বিজেপি কর্মীরা প্রেমসাধন ত্রিপুরার বাড়িতে ওইদিন আগুন লাগিয়ে দিয়েছে৷ তাতে তার বাড়ি ও একটি গাড়ি পুড়ে গিয়েছে৷ তিনি আরও জানান, আইপিএফটি-র সহ-সাধারণ সম্পাদক জীবনজয় রিয়াং, দলীয় কর্মী কৃপাজয় রিয়াং, উত্তম মগ, হেরেন্দ্র ত্রিপুরা তিজেন্দ্র ত্রিপুরা এবং বিশ্বজয় ত্রিপুরা বিজেপি-কর্মীদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন৷ তাঁর দাবি, গত ১৫ এবং ১৬ জুন বিজেপির আক্রমণে ১৬ জন আইপিএফটি কর্মী সমর্থকদের আহত হয়েছেন৷ তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন৷


মঙ্গল দেববর্মার বক্তব্য, বিজেপি-র এই আচরণ কোনওভাবেই মেনে নেওয়া হবে না৷ মন্ত্রিসভার দুই সদস্য আইপিএফটি-র এনসি দেববর্মা এবং মেবারকুমার জমাতিয়া ও ছয় বিধায়ক বিজেপি-র শীর্ষ নেতৃত্বের সাথে এই পরিস্থিতি নিয়ে শীঘ্রই বৈঠক করবেন৷ তাতে সুরাহা হবে বলে আশা করা যাচ্ছে৷ তাই, জোট ভেঙে দেওয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, জানালেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top