News Flash

  • Home
  • Uncategorized
  • এক পশলা বৃষ্টিতেই তিলোত্তমা নগরী জলমগ্ণ, দ্রুত জল নিষ্কাশন আপাতত সম্ভব নয় : মেয়র
Image

এক পশলা বৃষ্টিতেই তিলোত্তমা নগরী জলমগ্ণ, দ্রুত জল নিষ্কাশন আপাতত সম্ভব নয় : মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ সোমবার সকালে ভারী বৃষ্টিপাতের জমা জলে ডুবে গেছে আগরতলা৷ সপ্তাহের শুরুতেই ত্রিপুরার রাজধানী শহর জলমগ্ণ হয়ে পড়ায় নিত্যযাত্রীদের পাশাপাশি নাগরিককুল বেজায় সমস্যায় পড়েছেন ৷ বিশেষ করে অফিসযাত্রীদের আজ নাকাল হতে হয়েছে৷ আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সকালে ১৪২ এমএম বৃষ্টিপাত হয়েছে৷ এদিকে, আগরতলা পুর নিগমের মেয়র দাবি করেছেন, বৃষ্টি থেমে যাওয়ার এক ঘণ্টার মধ্যেই শহরের রাস্তা থেকে জল নেমে গিয়েছে৷


রবিবারের ছুটির আমেজ কাটিয়ে সোমবার বৃষ্টিভেজা সকাল দিয়েই সপ্তাহ শুরু হল৷ আজ ভোর সাড়ে পাঁচটা থেকে বৃষ্টি শুরু হয় ৷ ভারী বর্ষণে সুকলপড়ুয়া কচিকাঁচারা বিপাকে পড়ে ৷ ভোরের বৃষ্টির পরিমাণ বেশি ছিল না ৷ ঝিরঝিরে বৃষ্টি সকাল সাড়ে সাতটা পর্যন্ত অবিরাম পড়তে থাকে ৷ তার পর কিছুক্ষণ বিরাম দিয়ে সকাল সাড়ে আটটা থেকে মুষলধারে শুরু হয় বৃষ্টিপাত ৷ ওই বৃষ্টি আগরতলার বিভিন্ন রাস্তা জলমগ্ণ হয়ে পড়ে ৷ তার আগেই অবশ্য কিছু কিছু স্থানে রাস্তায় জল জমে গিয়েছিল ৷
এদিন বনমালিপুর, থানা রোড, চন্দ্রপুরে অসম-আগরতলা জাতীয় সড়ক, প্যারাডাইস চৌমুহনি, আরএমএস চৌমুহনি, মন্ত্রীবাড়ি রোড, জ্যাকশন গেইট, আইতরমা, উত্তর গেইট, বিদুরকর্তা চৌমুহনি-সহ বিভিন্ন স্থানে গলিপথে প্রচণ্ড জল জমে যায়৷ তাতে, নিত্যযাত্রীরা বেজায় সমস্যায় পড়েন৷ বিশেষ করে আইজিএম হাসপাতালের যাওয়ার রাস্তায় জল জমে যাওয়ায় রোগীদের নিয়ে সমস্যায় পড়তে হয়েছে পরিবারের সদস্যদের৷


আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল৷ আজ সকালে ১৪২ এমএম বৃষ্টিপাত হয়েছে ত্রিপুরায়৷ তাছাড়া, দিনভর আকাশে মেঘ জমে থাকবে৷ শুধু তাই নয়, ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বাতাস বয়ে যাওয়ার সাথে বৃষ্টিপাতেরও অনুমান করা হচ্ছে৷ সারা রাজ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের জনৈক আধিকারিক৷


এক পশলা বৃষ্টিতেই তিলোত্তমা নগরী জলমগ্ণ হয়ে পড়ার সমস্যা দীর্ঘদিনের৷ এ-বিষয়ে আগরতলা পুর নিগমের মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহার বক্তব্য, শহরে বৃষ্টি হলে জল জমবেই৷ কিন্তু, কত তাড়াতাড়ি জল নামানো যায় সে-দিকে আমরা গুরুত্ব দিয়ে থাকি৷ তাঁর কথায়, বিভিন্ন স্থানে বিদ্যুতের সমস্যার কারণে পাম্পগুলি সঠিকভাবে চালানো যাচ্ছে না৷ তাই জল নিষ্কাশনে জল জমে যায়৷


তাঁর মতে, আগরতলা শহরে সবগুলি পাম্প একত্রে চালানো গেলে জল নিষ্কাশনে অনেক কম সময় প্রয়োজন হতো৷ তিনি জানান, আগরতলায় এই মুহূর্তে ১৩টি পাম্প জল নিষ্কাশনে ব্যবহৃত হচ্ছে৷ সাথে তিনি যোগ করেন, যতদূর খবর পেয়েছি, বৃষ্টি থেমে যাওয়ার এক ঘণ্টার মধ্যে রাস্তা থেকে জল নেমে গিয়েছে৷ তবে, এর থেকে কম সময়ে জল নিষ্কাশন আপাতত সম্ভব নয় বলেও তিনি সাফ জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top