News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধী কন্ঠ রোধের চেষ্টা চলছে, তাতে গণতন্ত্র বিপন্ন হবে ঃ মানিক সরকার
Image

বিরোধী কন্ঠ রোধের চেষ্টা চলছে, তাতে গণতন্ত্র বিপন্ন হবে ঃ মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগষ্ট৷৷ বিরোধী কন্ঠ রোধের চেষ্টা চলছে৷ তাতে গণতন্ত্র বিপন্ন হবে, তা বলার অপেক্ষা রাখে না৷ বৃহস্পতিবার

বৃহস্পতিবার আগরতলায় সিপিএমের শাখা সংগঠনগুলির উদ্যোগে জেল ভরো আন্দোলনে জল কামান ব্যবহার করে পুলিশ৷ ছবি নিজস্ব৷

জেল ভরো আন্দোলনে অংশ নিয়ে শাসক দল বিজেপি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে এভাবেই তোপ দাগেন বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তাঁর কথায়, গণতন্ত্রকে ধবংস হতে দেব না৷

সম কাজে সময় বেতন-সহ ছয় দফা দাবির বিত্তিতে বৃহস্পতিবার গোটা দেশের সঙ্গে সংগতি রেখে রাজ্যেও সিপিএমের শাখা সংগঠনগুলো জেল ভরো আন্দোলন সংগঠিত করেছে৷ তবে ক্ষমতাচ্যুত হবার পাঁচ মাসের মাথায় আয়োজিত এই আন্দোলন কর্মসূচি সিপিএমকে অনেকটা টনিক দিয়েছে, বলা যেতে পারে৷ কারণ, এদিনের কর্মসূচীতে যাঁরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন, তাঁদের উপস্থিতি নিঃসন্দেহে শাসকদল বিজেপিকে চিন্তায় ফেলবে৷

এদিন রাজ্যে প্রধান কর্মসূচি হয় আগরতলায়৷ প্যারাডাইস চৌমুহনিতে সিপিএমের পাঁচ শতাধিক সমর্থক জড়ো হন মিছিলের জন্য৷ কিন্তু পুলিশ তাদের মিছিল করতে দেয়নি৷ আন্দোলনকারীদের পুলিশ ঘেরাও করে রাখে৷  এক সময় আন্দোলনকারীরা ঘেরাও ভেঙে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ প্রথমে জল-কামান প্রয়োগ করে৷ এতে আন্দোলনকারীরা ক্ষান্ত না হলে পুলিশ পর পর একাধিক টিয়ার গ্যাসের বুলেট ছুঁড়ে৷ তবু আন্দোলন অব্যাহত রাখার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করতে উদ্যত হলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন৷ সিপিআইএম রাজ্য কমিটির সদ্যস পবিত্র কর সাংবাদিকদের বলেন, তাঁরা শান্তিপূর্ণভাবে আগরতলা শহরের রাজপথে মিছিল করে জেলাশাসকের কাছে স্মারকপত্র দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন৷ কিন্তু পুলিশ তাদের কিছুই বলতে দেয়নি৷ এমন কি বিনা প্ররোচনায় পুলিশ তাঁদের উপর চড়াও হয়৷ তাঁর অভিযোগ, পুলিশ এদিন  প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল৷ তাদের হাতে বয়স্ক মহিলারাও রেহাই পাননি বলে অভিযোগ করেন তিনি৷

পশ্চিম জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং বলেন, আগে থেকে কোনও অনুমতি নেননি আন্দোলনকারীরা৷ তাই তাঁদের আটকাতে বাধ্য হয়েছে পুলিশ৷ পুলিশ তাঁদের প্রথমে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেছিল৷ কিন্তু তাঁরা পুলিশকে সহযোগিতা করেননি৷ তাই জল কামান, টিয়ার গ্যাস ব্যবহার করতে হয়৷ আন্দোলনকারীদের হামলায় পুলিশ কর্মী আহত হলে মৃদু লাঠিচার্জ করতে বাধ্য হয় বলেও তিনি জানান৷ এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন৷ তাঁকে এদিনের আন্দোলনের বিষয়ে জিজ্ঞাসা করা হলেও, তিনি কোনও মন্তব্য করেননি৷

তবে, এদিন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার কেন্দ্রীয় সরকারের প্রসঙ্গ টেনে আনেন৷ সাথে জুড়ে দেন ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির জয়ে নিজস্ব যুক্তি৷ বিরোধী দলনেতার কথায়, ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে অসাম্প্রদায়িক দলগুলি ছত্রভঙ্গ অবস্থায় ছিল৷ তাছাড়া তাদের মধ্যে আভ্যন্তরীন কোন্দল, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর তখতে বসতে ভীষণভাবে সহায়তা করেছে৷ ফলে, এখন সারা দেশে বিচ্ছিন্নতাবাদের পাশাপাশি সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিয়ে উঠেছে৷

বৃহস্পতিবার আগরতলায় জেল ভরো আন্দোলনে বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ ছবি নিজস্ব৷

সাথে যোগ করেন, রাজ্যেও বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ মানিক সরকারের কথায়, নতুন সরকার গঠন হওয়ার পর প্রথম বিধানসভার অধিবেশনে রাজ্যের উন্নয়নে বিরোধী দলের তরফে সবরকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলাম৷ কিন্তু, এখন বিরোধীদেরই কন্ঠ রোধ করার চেষ্টা চলছে৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, কোথাও কোন অন্যায় হলে এর প্রতিবাদ করা যাবে না, বিজেপি-আইপিএফটি জোট সরকার রাজ্যে এমন পরিস্থিতি তৈরি করেছে৷

তাঁর অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ নানাভাবে আক্রান্ত হচ্ছেন৷ অনেকেই সন্ত্রাসের কারণে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন৷ সবচেয়ে উদ্বেগের বিষয় হল, গ্রামাঞ্চলে কাজ ও খাদ্যের জন্য হাহাকার শুরু হয়েছে, যোগ করেন মানিক সরকার৷ অথচ, রাজ্য সরকারের এদিকে কোন ভ্রূক্ষেপ নেই৷ তাই, প্রতিবাদ ছাড়া অন্য কোন পথ খোলা ছিল না, বলেন মানিক সরকার৷

বৃহস্পতিবার এই আন্দোলনকে কেন্দ্র করে আগরতলা প্যারাডাইস চৌমুহনী থেকে সিপিআইএমের মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে বলে বামেদের পরিকল্পনা ছিল৷ মিছিলে সারা ভারত কৃষক সভা, খেতমজুর ইউনিয়ন, গণমুক্তি পরিষদ, সিআইটিইউ রাজ্য কমিটির সদস্যরা শামিল হন৷  প্যারাডাইস চৌমুহনিতে জনসভা করার পরিকল্পনাও ছিল৷ কথা ছিল সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বক্তব্য পেশ করবেন৷

এদিকে বামেদের জেল ভরো আন্দোলনকে কেন্দ্র শহরে নিরাপত্তা ব্যবস্থা আগে থেকেই জোরদার করা হয়৷ নিরাপত্তার খাতিরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, রাজ্য পুলিশ, টিএসআর জওয়ানদের৷ সম কাজে সম বেতন সহ ছয় দফা দাবির পাশাপাশি আগামী ১৯-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই আন্দোলন যথেষ্ট প্রাসঙ্গিক৷ জানা গেছে, পুলিশের ছোঁড়া টিআরগ্যাসে আহত হয়েছেন সিপিআইএমের কয়েকজন নেতা৷ এঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন প্রাক্তন বিধায়ক রতন দাস, নারী নেত্রী রমা দাস, কৃষ্ণা রক্ষিত৷ তাঁদের আইজিএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ এদিকে উদয়পুরে জেল ভরো আন্দোলনকে ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল৷

এদিন সাংবাদিক সম্মেলনে কৃষক সভার পক্ষ থেকে অভিযোগ এনে বলা হয়েছে, পুলিশের মারে ২৫ জন আন্দোলনকারী আহত হয়েছেন৷ সারা রাজ্যে গণতন্ত্র যেখানে বিপন্ন, সেখানে এদিনের জেল ভরো আন্দোলন যথেষ্ট তাৎপর্য্যপূর্ণ বলে দাবি কৃষক সভার৷ এদিন সারা রাজ্যে ১১ হাজারের অধিক সমর্থক জেল ভরো আন্দোলনে অংশ নিয়েছেন বলে দাবি সংগঠনের৷

এদিকে, মিছিলকে ঘিরে গন্ডাছড়ায় এসডিপিও আক্রান্ত হয়েছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top