গুয়াহাটি, ৭ আগস্ট, (হি.স.) : জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র নবায়িত সম্পূর্ণ খসড়া ৩০ জুলাই প্রকাশিত হওয়ার পর
দাবি-আপত্তি জানাতে আজ ৭ আগস্ট সকাল থেকে সব এনআরসি সেবাকেন্দ্রে (এনএসকে) ছিল বাদ পড়া মানুষের ভিড়।
পূর্ব নির্ধারিত দিন হিসেবে আজ থেকে সম্পূর্ণ খসড়ায় যাঁদের নাম অন্তর্ভুক্ত হয়নি তাঁরা জানতে পারবেন কী কারণে, কেন তাঁদের নাম খসড়া তালিকায় আসেনি। তা জানতে এবং নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে আজ সকাল থেকে এনআরসি সেবা কেন্দ্রগুলি ছিল লোকে লোকারণ্য। পাণ্ডুর কতিপয় এনআরসি-ছুট ব্যক্তি সেবা কেন্দ্রে নিয়োজিত আধিকারিক কর্মচারীদের ওপর নিজেদের ক্ষোভ উগরে দিতে গিয়ে এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছেন। তাঁরা প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরও কেন তাঁদের নাম এনআরসি-র খসড়ায় উঠেনি তা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন অধিকাংশ। কোনও পরিবারের একজন বা দুজনের নাম এসেছে, বাকি কারও নাম নেই, কোনও পরিবারের একজনের নাম এসেছে আবার কারও নেই, অনেক পরিবার নিজেদের এআরএন নম্বরের জায়গায় অন্য ব্যক্তির নাম। এ সমস্ত কারণে বিভ্রান্তিতে পড়েছেন বহু। কিছু লোকের অভিযোগ, এনআরসি কর্মচারীদের ভুলের জন্য অনেক লোকের নাম বাদ পড়ে গেছে।
এদিকে ১০ আগস্ট বাদ পড়ে যাওয়া লোকদের জন্য ফর্মের ব্যবস্থা করেছে এনআরসি কর্তৃপক্ষ। আগামী ১০ আগস্ট থেকে ২৫০০ সেবা কেন্দ্রে ফর্ম পাওয়া যাবে বলে জানানো হয়েছে।


















