News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছাতে অ্যাকশন প্ল্যান গ্রহণের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

রাজ্যের পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছাতে অ্যাকশন প্ল্যান গ্রহণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই ৷৷ আজ মহাকরণের কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে পর্যটন দপ্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়৷ ত্রিপুরায় যে সকল আকর্ষণীয় ও অপূর্ব সুন্দর পর্যটন স্থান রয়েছে সেগুলিকে দেশ-বিদেশে কিভাবে আরও বেশি করে প্রচারে নেওয়া যেতে পারে তার জন্য অ্যাকশন প্ল্যান গ্রহণ করতে মুখ্যমন্ত্রী সভায় সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন৷ পাশাপাশি ত্রিপুরার সকল পর্যটন  স্থানগুলিতে বিশ্বমানের পরিষেবা প্রদান সুনিশ্চিত করার জন্য পর্যটন দপ্তরকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের অধীন এ এস আই-র (আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া) যে সকল পর্যটন ক্ষেত্র রয়েছে সেগুলিতে ফটোগ্রাফির বাধানিষেধ আরোপ না করতে সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ এস আই-র আধিকারিকদের নির্দেশ দেন৷ প্রধানমন্ত্রীর সেই নির্দেশকে অনুসরণ করেই মুখ্যমন্ত্রী রাজ্যে পর্যটন দপ্তরের অধীন যে সকল পর্যটন স্থান রয়েছে সেগুলিতেও ফটোগ্রাফির বাধানিষেধ আরোপ না করতে পর্যালোচনা সভায় পর্যটন দপ্তরকে নির্দেশ দেন৷

সভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার রাজ্যকে উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার যে দিশাতে কাজ করছে এর মধ্যে পর্যটন একটি গুরুত্বপূর্ণ অংশ৷ তাই পর্যটনের প্রচারের উপর অধিক গুরুত্ব দিতে হবে৷ আধুনিক প্রযুক্তিবিদ্যাকে ব্যবহার করে রাজ্যের পর্যটন শিল্পকে দেশ-বিদেশে প্রচারে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী৷

সভায় পর্যটন দপ্তরের সচিব ড অলিন্দ রাস্তোগী জানান, রাজ্যে বর্তমানে মোট ৩০টি ট্যুরিস্ট লজ রয়েছে৷ এর মধ্যে ১৪টি ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের অধীনে পরিচালিত হচ্ছে৷ ৬টি রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন রয়েছে৷ বাকিগুলি লিজে দেওয়া হয়েছে৷ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ট্যরিস্ট লজগুলিতে পর্যটকদের পরিষেবা প্রদানে আরও গুরুত্ব দিতে হবে৷ সচিব আরও জানান, আমাদের রাজ্যে কিছুদিনের মধ্যে ৭টি ক্যাফেটোরিয়া চালু করা হবে৷ এছাড়াও স্বদেশ দর্শন প্রকল্পে আখাউড়া চেক পোস্ট, বনদোয়ার এবং আমবাসায় তিনটি ক্যাফেটোরিয়া খোলা হবে৷ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ক্যাফেটোরিয়াগুলিতে দক্ষিণ ভারতীয় সহ বিভিন্ন প্রদেশের খাবারের ব্যবস্থা রাখার জন্য উদ্যোগ নিতে হবে৷

মুখ্যমন্ত্রী পর্যালোচনা সভায় বলেন, পর্যটনের উন্নয়ন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ ত্রিপুরা পরিক্রমা নামে ট্যুরিস্ট গাইড বুক তৈরী করে এতে ত্রিপুরার বিখ্যাত পর্যটন ক্ষেত্রগুলির আকর্ষণীয় ছবি সহ এর ইতিহাস সবিস্তারে তুলে ধরার উপর মুখ্যমন্ত্রী গুরুত্বারোপ করেন৷ তিনি দেশের বিভিন্ন বিখ্যাত সংবাদপত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ত্রিপুরার বিভিন্ন পর্যটন স্থানগুলি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানোর পরামর্শ দেন৷ এতে রাজ্যের দর্শনীয় পর্যটন ক্ষেত্রগুলি আরও প্রচার পাবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷ এছাড়াও মাতাবাড়ি থেকে ভুবনেশ্বরী মন্দির পর্যন্ত রোপওয়ে বানানোর পরিকল্পনা গ্রহণ করার জন্য পর্যটন দপ্তরকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷

পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মুখ্য সচিব সঞ্জীব রঞ্জন, মুখ্যমন্ত্রীর অতিরিক্ত সচিব ড মিলিন্দ রামটেকে, মুখ্যমন্ত্রীর ও এস ডি জয়রাম পান্ডিয়া এবং পর্যটন দপ্তরের অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top