শ্রীনগর, ৫ মে (হি.স.): উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় বছর ৪৫-এর এক ব্যক্তি ও তাঁর ভাইপোকে গুলি করে হত্যা করল সন্দেহভাজন সন্ত্রাসবাদীরা| শনিবার জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, বান্দিপোরা জেলার হাজিন টাউনের শাহগুন্দ এলাকায় গুলাম হাসান দার ওরফে হাসান রাস্সা (৪৫) নামে এক ব্যক্তি ও তাঁর ভাইপো বশির আহমেদ দার (২৬)-কে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা| মৃত হাসান ও তাঁর ভাইপো বশির-এর বাড়ি গুলশান মোহাল্লা এলাকায়|ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে গুলশান মোহাল্লা এলাকায় গুলাম হাসান-এর বাড়িতে হানা দেয় সন্দেহভাজন সন্ত্রাসবাদীরা| রাতের অন্ধকারে গুলাম হাসান ও তাঁর ভাইপো বশিরকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসবাদীরা| দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর শনিবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ শাহাগুন্দ এলাকায়, রহিম দার মোহাল্লা গ্রাম সংলগ্ন মসজিদের সন্নিকটে গুলাম হাসান ও তাঁর ভাইপোর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা| তত্ক্ষণাত্ খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ স্টেশনে| থানা থেকে পুলিশ এসে গুলাম হাসান ও তাঁর ভাইপোর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে|
পুলিশ সূত্রের খবর, বছর ৪৫-এর গুলাম হাসান পেশায় গাড়ির চালক| কী কারণে হত্যা করা হল গুলাম হাসান ও তাঁর ভাইপোকে তা তদন্ত করে দেখছে পুলিশ| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এই ঘটনার নেপথ্যে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে|


















