উৎসাহ ও উদ্দীপনায় রাজ্যেও পালিত রঙের উৎসব হোলি, পুলিশি কড়াকড়িতে আনন্দে কিছুটা ভাটা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ সারা দেশের সঙ্গে সংগতি রেখে রাজ্যেও উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে রঙের উৎসব হোলি৷ তবে নির্বাচনী আবহাওয়ার কারণে শুক্রবারের রং খেলার আমেজে ভাটা পড়েছে৷ বাধ সেধেছে পুলিশের বাড়তি কড়াকড়ি৷

প্রথা অনুযায়ী বৃহস্পতিবার ছিল দোল যাত্রা৷ শুক্রবার রং আর আবিরে হোলি খেলা৷ বৃহস্পতিবার রাত পর্যন্ত সমস্ত দেবতার মন্দিরে ছিল প্রচুর ভিড়৷ বিশেষ করে আগরতলার রজন্য স্মৃতিবিজড়িত লক্ষ্মীনারায়ণ মন্দির, শ্রীকৃষ্ণ মন্দিরে ছিল উপচে পড়া ভিড়৷ হোলি মানে হিন্দুদের অন্যতম আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণকে রঙে রাঙিয়ে দেওয়ার দিন৷ এদিন সখিরা ভগবান শ্রীকৃষ্ণকে পবিত্র আবির দিয়ে রাঙিয়ে দিয়ে থাকেন৷ তাই এদিন সমস্ত শ্রীকৃষ্ণ মন্দিরে ছিল ব্যাপক ভিড়৷ এই উৎসবকে দোলযাত্রা হিসেবেও চিহ্ণিত করা হয়৷ এজন্য অনেক বাড়িতে অস্থায়ী বেদি তৈরি করেও দোল উৎসব পালন করার রীতি রয়েছে কোথাও কোথাও৷

সাধারণত রাজ্যে হোলি খেলা হয় দোলপূর্ণিমার পরের দিন৷ তবে এবার দোলপুর্ণিমার দিনেই রাজ্যের অনেক স্থানে বাহারি রঙের আবিরে খেলা হয়েছে৷ শুক্রবার ত্রিপুরার সর্বত্র সাধারণ মানুষ রঙের উৎসবে মেতে উঠছেন৷ কিন্তু নির্বাচনী প্রক্রিয়া চলতে থাকায় পুলিশি কড়াকড়িতে আনন্দে ভাটা পড়েছে৷ যানবাহন চলাচলে রয়েছে বিশেষ নিষেধাজ্ঞা৷ দ্বিচক্র যানে চালক ভিন্ন অন্য কাউকে বসতে দেওয়া হচ্ছে না৷ রাজ্যের বরাবরই বাঁধভাঙা উচ্ছ্বাসের মেজাজে হোলি উদ্যাপিত হয়৷ তবে শনিবার বিধানসভা ভোটের ফল প্রকাশিত হতে চলেছে৷ তাই অনেকেই আবির জামিয়ে রেখেছেন শনিবারের জন্য৷ সেদিক থেকে এবার ত্রিপুরায় তিনদিন দরেই চলবে হোলির পার্বণ৷ যদিও রীতি অনুযায়ী সাতদিন চলে দোলপূর্ণিমা৷ বাজারে ইতিমধ্যেই গেরুয়া আবিরের সঙ্কট দেখা দিয়েছে৷ গেরুয়া আবিরের মজুত শেষ বলে জানিয়েছে ব্যবসায়ীরা৷ নির্বাচনে বিজেপির সম্ভাব্য জয়ের কথা বিবেচনা করেই এই স্থিতি৷ লাল আবির পাওয়া গেলেও সঙ্কট রয়েছে৷ অন্য রঙের অবশ্য অভাব নেই৷