ত্রিপুরাই দেশের বিকল্পের দিশারি : ডি রাজা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ ত্রিপুরা থেকে বামফ্রন্টকে সরানো যাবে না বলে অভিমত ব্যক্ত করেছেন সিপিআই-এর সর্বভারতীয় সম্পাদক ডি রাজা। তাঁর মতে বামেরাই এখন দেশে একমাত্র বিকল্প।
ত্রিপুরায় অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের লক্ষ্যে আগরতলায় আয়োজিত কেন্দ্রীয় জমায়েতে ভাষণ দিতে গিয়ে ডি রাজা বলেন, \”বর্তমান মোদী সরকার কর্পোরেটদের স্বার্থে কাজ করছে। সাড়া দেশের সাধারণ মানুষ মধ্যবিত্ত শ্রমিক কৃষক সবাই রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। মোদী সরকার সম্পূর্ণভাবে দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে গিয়ে কর্পোরেটদের স্বার্থে কাজ করছে।\”
তিনি বলেন, \”দেশের বর্তমান পরিস্থিতিতে ত্রিপুরাই সারা দেশে বিকল্পের দৃষ্টান্ত তুলে ধরছে। কংগ্রেসকে মানুষ আর বিকল্প হিসেবে দেখতে চাইছে না। দেশের বর্তমান পরিস্থিতিতে বামেরাই বিকল্প। দেশবাসী ত্রিপুরার দিকেই তাকিয়ে আছেন। তাই অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করে দেশবাসীর সামনে নতুন আশার সঞ্চার ঘটাতে হবে।\”
এখানে উল্লেখ করা যেতে পারে, ডি রাজা আজ সিপিআই-এর রাজ্য নেতৃত্বের সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। বামফ্রন্টের শরিক হিসেবে সিপিআই ফ্রন্টের বৈঠকে বেশ কিছু নতুন প্রস্তাব আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।