কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবী জোরালো, আজ আসছে বিজেপির সংসদীয় টিম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপের পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক৷ তাঁর কথায়, শনিবার রাজ্যে বিজেপি সংসদীয় প্রতিনিধি দল আসছেন৷ রাজ্যের পরিস্থিতি নিয়ে তাঁদের রিপোর্টের উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে৷

রাজ্যে ক্রমাগত সন্ত্রাস চলছে বলে অভিযোগ এনেছে বিজেপি৷ বৃহস্পতিবার বিশালগড় মহকুমা জুড়ে দফায় দফায় সংঘর্ষে সিপিএম ও বিজেপি দলের বহু কর্মী আহত হয়েছেন৷ বিজেপির দাবি, সিপিএম তাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে৷ বিজেপি কর্মীরা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন৷ বেশ কয়েকটি বিজেপি পার্টি অফিস সিপিএম কর্মীরা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন৷

এদিন সুবলবাবু বলেন, সারা রাজ্যেই বিজেপি কর্মীরা শাসক দলের কর্মীদের হাতে আক্রান্ত হচ্ছেন৷ বৃহস্পতিবার বিশালগড় মহকুমায় সিপিএমের কর্মীদের হাতে ১৭ জন বিজেপি কর্মী আহত হয়েছেন৷ তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কা জনক৷ তিনি জানান, রাজ্যে বর্তমান অস্থির পরিস্থিতি এবং বিজেপি কর্মীদের উপর ক্রমাগত আক্রমণের ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে জানানো হয়েছে৷ পাশাপাশি এই সমস্ত বিষয় বিজেপির সর্বভারতীয় নেতৃত্বদেরও জানানো হয়েছে৷ তিনি বলেন, শুক্রবার বিজেপির তিন সাংসদ রাজ্যে আসছেন৷ মিনাক্ষি লেখি, সরোজ পাণ্ডে এবং প্রহ্লাদ প্যাটেল আগামীকাল রাজ্যে এসেই সন্ত্রাস কবলিত এলাকা পর্যবেক্ষণ করবেন৷ তাঁদের মধ্যে সাংসদ মিনাক্ষি লেখি শনিবার ফিরে যাবেন৷ সাংসদ সরোজ পাণ্ডে এবং প্রহ্লাদ প্যাটেল রবিবার রাজ্য ত্যাগ করবেন৷

সুবলবাবু বলেন, রাজ্যে এখন কেন্দ্রীয় হস্তক্ষেপের পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ বিজেপির তিন সাংসদ রাজ্যের সন্ত্রাস কবলিত এলাকাগুলি পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিজেপি সর্বভারতীয় নেতৃত্বদের কাছে রিপোর্ট জমা দেবেন৷ সুবল ভৌমিকের মতে, ঐ রিপোর্টের উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকার রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে৷ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শাসক দল এবার বুঝতে পারবে কেন্দ্রে একটি মজবুত সরকার রয়েছে৷ তিনি জানান, সাংসদরা ফিরে যাওয়ার পর আগামী দিনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে৷ তবে, হিংসার বদলে হিংসায় বিশ্বাস করেনা বিজেপি, বলেন সুবল ভৌমিক৷