গান্ধীনগর, ১১ নভেম্বর (হি.স.): আগামী ৯ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর দু’দফায় বিধানসভা নির্বাচন গুজরাটে| হাতে আর বেশি দিন বাকি নেই| এমতাবস্থায় উত্তর গুজরাটে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী| শনিবার সকালে গান্ধীনগরে এসে পৌঁছন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী| নির্বাচনী প্রচার শুরু করার আগে অক্ষরধাম মন্দিরে গিয়ে পুজো দেন সোনিয়া-পুত্র| আগামী তিন দিন উত্তর গুজরাটের ছয় জেলায় বিধানসভা নির্বাচনের প্রচার করবেন তিনি|
উত্তর গুজরাটে রাহুল গান্ধীর এই সফরকে তীব্র ভাষায় নিন্দা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)| গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী নীতীন প্যাটেল রাহুল গান্ধীর সফরকে তীব্র ভাষায় নিন্দা করে বলেছেন, ‘বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাহুল গান্ধী শুধু মন্দির দর্শন করছেন কেন? মানুষ তাঁদের উদ্দেশ্য জানেন| তাঁদের ভক্তির কোনও প্রবণতা আছে বলে আমার মনে হয় না, কারণ রাহুল গান্ধী এর আগের সফর গুলিতে কোনও মন্দিরই পরিদর্শন করেননি|’ উপ-মুখ্যমন্ত্রী নীতীন প্যাটেলের এই মন্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস নেতা এস গোহিল জানিয়েছেন, ‘কেউ কি ভক্তির উপর পেটেন্ট আছেন? তাঁরা মন্দির দর্শনের বিরোধিতা করছে| গুজরাটের মানুষ তাঁদের উচিত শিক্ষা দেবে|’ কংগ্রেস নেতার দাবি, ‘হিন্দু মন্দির ছাড়াও জৈন মন্দির ও গুরুদ্বার পরিদর্শন করেছেন রাহুল গান্ধী| আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি|’ উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর দু’দফায় বিধানসভা নির্বাচন গুজরাটে| ফল ঘোষণা হবে ১৮ ডিসেম্বর|



















