News Flash

  • Home
  • Uncategorized
  • ইস্যু অভিযোগ ও স্পষ্টিকরণ, পিঠ বাঁচাতে সাফাই দিয়ে কার্য্যত লেজেগোবরে রাজ্য সরকার
Image

ইস্যু অভিযোগ ও স্পষ্টিকরণ, পিঠ বাঁচাতে সাফাই দিয়ে কার্য্যত লেজেগোবরে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ পিঠ বাঁচাতে সাফাই দিতে গিয়ে কার্য্যত লেজেগোবরে হয়েছে রাজ্য সরকার৷ ‘সরকারের ক্রিয়াকলাপ ঃ কিছু অভিযোগ এবং তার বাস্তবতা’ এই শিরোনামে সোমবার সরকারি পোর্টালে রাজ্য সরকার বিভিন্ন অভিযোগের যে স্পষ্টিকরণ দিয়েছে তাতে বিতর্ক দেখা দিয়েছে৷ একাধিক বিষয়ে অভিযোগের স্পষ্টিকরণ সম্পূর্ণভাবে দেয়নি রাজ্য সরকার৷ ফলে, ঐ সমস্ত অভিযোগ নিয়ে রাজ্য সরকারের নিরবতা কিংবা কৌশলে তা এড়িয়ে যাওয়া যথেষ্ট সন্দেহজনক বলেই ধারণা করা হচ্ছে৷
অভিযোগে বিশালগড় ব্লকের ২কোটি ২০ লক্ষ টাকার ঘোটালার কথা উল্লেখ করা হয়েছে৷ তাতে ব্লকের প্রাক্তন বিডিও বিমল চক্রবর্তী এবং ১২ জন কর্মচারী অভিযুক্ত৷ বিডিও শ্রী চক্রবর্তী মুখ্যমন্ত্রীর ঘনিষ্ট এবং ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী তাঁর বড় ভাই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷ এই অভিযোগের স্পষ্টিকরণে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার৷ পাশাপাশি তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে৷ কিন্তু প্রশ্ণ উঠেছে, বিমল চক্রবর্তী মুখ্যমন্ত্রীর ঘনিষ্ট, এ বিষয়ে কোন স্পষ্টিকরণ দেওয়া হয়নি৷
অপর আরেকটি অভিযোগে উল্লেখ রয়েছে, রূপাইছড়ি ব্লকে ১৪ কোটি টাকার দুর্নীতি হয়েছে৷ অডিট রিপোর্ট অনুযায়ী একই কাজ পৃথক সংস্থা সম্পন্ন করেছে৷ এই অভিযোগের স্পষ্টিকরণে উল্লেখ, নির্দিষ্ট সংবাদের ভিত্তিতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ পৃথক অডিট করা হয়েছে৷ অডিট দপ্তর রূপাইছড়ির ব্লকের ক্ষেত্রে ২২ টি পর্যবেক্ষণ এবং গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিগুলির ক্ষেত্রে ১২১ টি পর্যবেক্ষণ দিয়েছে৷ ব্লকের বিরুদ্ধে ২২ টি পর্যবেক্ষণের মধ্যে ১৭ টি নিস্পত্তি হয়েছে৷ কিন্তু, বাকি ৫ টি পর্যবেক্ষণের বিষয়ে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে তা স্পষ্টিকরণে উল্লেখ করা হয়নি৷ এদিকে, ভিলেজ কমিটিগুলির ক্ষেত্রে অডিট পর্যবেক্ষণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা রাজ্য সরকার নিয়েছে বলে জানানো হয়েছে৷ ব্লকের ৫ টি অডিট পর্যবেক্ষণ নিয়ে গোপনীয়তায় সন্দেহ দেখা দিয়েছে৷
পেঁচারথল ব্লকে ১২ কোটি টাকার দুর্নীতি করা হয়েছে বলে যে অভিযোগ তা বিবৃতিতে উল্লেখ করেছে রাজ্য সরকার৷ সাথে রেগার কর্মীদের মজুরি আত্মসাৎ এবং এর ফলে তাদের বিক্ষোভ ও ঐ বিক্ষোভকে ঘিরে পুলিশের সাথে খন্ডযুদ্ধ হয়েছে বলে অভিযোগটি বিবৃতিতে উল্লেখ করেছে রাজ্য সরকার৷ এই অভিযোগগুলির স্পষ্টিকরণে রাজ্য সরকার কেবলমাত্র পেঁচারথল ব্লকের দুর্নীতির বিষয়টির প্রশাসনিক ব্যবস্থা কি নেওয়া হয়েছে তা জানিয়েছে৷ দুর্নীতির সংবাদের খবরের ভিত্তিতে রাজ্য সরকার রূপাইছড়ি এবং পেঁচারথল ব্লকে স্পেশাল অডিট করিয়েছে৷ সেই অডিট রিপোর্টের ভিত্তিতে ঊনকোটি জেলা শাসক আত্মসাৎ করা অর্থ পুনরুদ্ধার এবং অর্থ আদায় করা সম্ভব না হলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করারও নির্দেশ দিয়েছেন৷ এখন প্রশ্ণ উঠেছে, কারা সেই অর্থ আত্মসাৎ করেছে এবং কতদিনের মধ্যে জেলা শাসকের নির্দেশ পালন করা হবে সেই বিষয়ে কোন কিছুই উল্লেখ নেই স্পষ্টিকরণে৷ আদৌ সেই নির্দেশ কার্য্যকর হয়েছে কিনা তাও জানায়নি রাজ্য সরকার৷ কারণ, সরকারি যেকোন নির্দেশ কার্য্যকরের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়৷ এক্ষেত্রে এই নির্দেশ কার্য্যকরে কতদিনের সময় বেঁধে দেওয়া হয়েছে, তাও স্পষ্টিকরণে স্পষ্ট হয়নি৷ সাথে রেগাকর্মীদের মজুরী আত্মসাৎ এবং এনিয়ে তাদের বিক্ষোভ এবং পুলিশের সাথে খন্ডযুদ্ধের বিষয়টি নিয়ে রাজ্য সরকার নিরবতা অবলম্বন করেছে৷ স্বাভাবিকভাবেই যেকোন অভিযোগের ক্ষেত্রে নিরবতা পালন তার সত্যতায় শিলমোহর বলেই মনে করছে তথ্যভিজ্ঞ মহল৷
হিমাচলের কোম্পানি থেকে ভেজাল ঔষুধ রাজ্য সরকার ক্রয় করেছে, এই অভিযোগও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷ সাথে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী সহ ১০ জন আধিকারিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে৷ এই অভিযোগের স্পষ্টিকরণে বলা হয়েছে, হিমাচলের কোম্পানি বর্ধমান ফার্মার বিরুদ্ধে ভেজাল ঔষুধ সরবরাহের সত্যতা পাওয়ার পর স্বাস্থ্য দপ্তর সেখান থেকে ঔষুধ ক্রয় করা বন্ধ করে দিয়েছে৷ সাথে বর্ধমান ফার্মার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে৷ পশ্চিম আগরতলা থানায় এই কোম্পানির বিরুদ্ধে মামলা হয়৷ এই মামলার তদন্তভার সিআইডির হাতে দেওয়া হয়েছে৷ তদন্ত শুরু করে সিআইডি সাক্ষির বয়ান লিপিবদ্ধ করেছে৷ স্পেশাল কোর্টে বর্ধমান ফার্মার বিরুদ্ধে শুনানি শুরু হয়৷ বিচারক বর্ধমান ফার্মার মালিক এম সি জৈন এবং মিনাক্ষ্মি জৈনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে৷ এই দুর্নীতির সাথে যুক্ত সরকারী আধিকারিকদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ ডা দিব্যেন্দু বিকাশ দাস এবং কাঞ্চন সিনহার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ ডা এসএম আলি ২০১৪ সালে অবসরে যাওয়ায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি৷ প্রশ্ণ উঠেছে, দুর্নীতি করে অবসরে গেলে এমন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়না, এই যুক্তি আইনের খাতায় কোথাও লেখা রয়েছে কিনা৷ এরই সাথে আরো প্রশ্ণ, স্বাস্থ্যমন্ত্রী সহ বাকি ৬ আধিকারিকের বিরুদ্ধে একই মামলায় কি পরিনতি হয়েছে৷ তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে কিনা এবং যদি সত্যতা পাওয়া গিয়ে থাকে তাহলে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে স্পষ্টিকরণে কোন কিছুই উল্লেখ করা হয়নি৷
তাতে দেখা যাচ্ছে, রাজ্য সরকার একাধিক অভিযোগের কোন স্পষ্টিকরণ দেয়নি৷ প্রশ্ণ উঠেছে, এই অভিযোগগুলি নিয়ে রাজ্য সরকার কি সর্বদাই গোপনীয়তা অবলম্বন করবে, নাকি এই সমস্ত বিষয়ে নিরবতা অভিযোগের সত্যতা প্রমান করছে৷ তাতে স্পষ্ট, পিঠ বাঁচাতে গিয়ে রাজ্য সরকার কার্য্যত লেজেগোবরে হয়েছে৷
মঙ্গলবার মহাকরণে তথ্যমন্ত্রী ভানুলাল সাহার কাছে জানতে চাওয়া হয়, হঠাৎ এধরনের স্পষ্টিকরণের কি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ জবাবে তিনি বলেন, বিভিন্নভাবে বিরোধী রাজনৈতিক দল, একাংশ সংবাদ মাধ্যম এবং স্যোসাল মিডিয়ায় প্রকৃত ঘটনার বিকৃত করে অসত্য তথ্য প্রচার করা হয়৷ তাই, অভিযোগগুলির স্পষ্টিকরণ দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ তাতে প্রশ্ণ করা হয়, একাধিক বিষয়ে স্পষ্টিকরণ কেন দেওয়া হয়নি৷ এ বিষয়ে তথ্যমন্ত্রী সন্তোষজনক কোন উত্তর দেননি৷ বরং দাবি করেন, মতাদর্শগত ভাবে কমিউনিষ্টদের সাথে লড়াই করা সম্ভব নয়৷ তাই তাদেরকে অপবাদ দিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top