নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ মাকে হত্যার অপরাধে ছেলের যাবজ্জীবন কারাবাসের সাজা ঘোষণা করল আদালত৷ উদয়পুর আদালতের মাননীয় বিচারক সব্যসাচি দত্ত পুরকায়স্থ রায় দানে দন্ডিত করল এক ব্যক্তিকে৷ আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১ লা ফেব্রুয়ারী উদয়পুর মহকুমার বাগমা এলাকার বাসিন্দা বাপ্পা চক্রবর্তী অধিক রাতে তার মা ছায়া বর্মণ চক্রবর্তীকে গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়৷ ঘটনাস্থলেই ছায়াদেবীর মৃত্যু হয়৷ পুলিশ মামলার তদন্তে নেমে পোষ্ট মর্টেমের রিপোর্টের সূত্রে জানতে পারে ছায়াদেবীকে খুন করা হয়েছে৷ পরে রাধাকিশোরপুর মহিলা থানার ওসি মাধবী দেববর্মা স্বতঃপ্রনোদিত মামলা করে বাপ্পাকে আটক করে আদালতে পাঠায়৷ বুধবার দীর্ঘ শুনানীর পর বিচারপতি বাপ্পাকে যাবজ্জীবন সাজার ঘোষণা করেন ও সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের কারাবাসের সাজা দেন৷ সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী বিপ্লব কান্তি দত্ত৷
2017-10-26

