News Flash

  • Home
  • Uncategorized
  • একাধিকবার মন্ত্রী-বিধায়ক হওয়া নিয়ে জটিলতা, রাজ্যে সিপিএম মহা ফাঁপরে, পলিটব্যুরোতে দলের গঠনতন্ত্র মনে করালেন ইয়েচুরি
Image

একাধিকবার মন্ত্রী-বিধায়ক হওয়া নিয়ে জটিলতা, রাজ্যে সিপিএম মহা ফাঁপরে, পলিটব্যুরোতে দলের গঠনতন্ত্র মনে করালেন ইয়েচুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে সিপিএম মহা ফাঁপরে পড়েছে৷ অন্তত, এই মুহুর্তে সিপিএমের অবস্থা দেখে তাই মনে হচ্ছে৷ একদিকে রাজ্যে বিজেপি সিপিএমের ঘাড়ে শ্বাস ফেলছে৷ অন্যদিকে, নতুন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে দলের গঠনতন্ত্র৷ বুধবার নয়াদিল্লিতে এ কে গোপালন ভবনে সিপিএম পলিটব্যুরোর বৈঠকে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি দলীয় গঠনতন্ত্র মনে করিয়ে দিয়ে সংসদীয় পদের প্রতি মোহ স্বাস্থ্যকর নয় বলে উদ্বেগ প্রকাশ করেছেন৷ তাঁর মতে, সংসদীয় গণতন্ত্রের পক্ষে তা অশুভ৷ অবশ্য সীতারামের এই বক্তব্যের কারণ হল, দলীয় সদস্যদের একাধিকবার বিধায়ক কিংবা মন্ত্রী হওয়ার সুবাদে সুযোগ সুবিধা ভোগ করা৷ দলের গঠনতন্ত্র অনুযায়ী, পার্টির কোন সদস্য তিনবারের বেশি সংসদীয় পদে থাকতে পারবেন না৷ সিপিএমের শেষ পার্টি কংগ্রেসে এই নিয়ম সর্বসম্মতিক্রমে অনুমোদনের ভিত্তিতে লাগু করা হয়েছে৷
সূত্রের খবর, এদিনের পলিটব্যুরো বৈঠকে সীতারাম ইয়েচুরি ত্রিপুরার উপর একটি রিপোর্ট পেশ করেন এবং দিনভর এই রিপোর্ট নিয়েই আলোচনা হয়েছে৷ তাতে মূল বিষয় ছিল, পার্টির একই সদস্য একাধিকবার বিধায়ক কিংবা মন্ত্রী হয়েছেন৷ রিপোর্টে সিপিএম পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ একাধিক মন্ত্রী এবং বিধায়কদের বিষয়ে উল্লেখ রয়েছে, যাঁরা তিনবারের অধিক সংসদীয় পদে রয়েছেন৷ মানিক সরকার ছাড়া রাজ্য মন্ত্রিসভার সদস্য বাদল চৌধুরী, তপন চক্রবর্তী, খগেন্দ্র জমাতিয়া, এমনকি বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর তিনবারের অধিক সংসদীয় পদে রয়েছেন৷ তাছাড়া বেশ কয়েকজন বিধায়কও রয়েছেন যাদের তিনবারের অধিক সংসদীয় পদে থাকার সুযোগ হয়েছে৷
সূত্রের খবর, এই বিষয়টি সীতারাম ইয়েচুরি দলের গঠনতন্ত্রের পরিপন্থী বলে দাবি করেছেন৷ বৈঠকে সীতারাম বলেন, সংসদীয় পদের মোহ স্বাস্থ্যকর নয়৷ তা সংসদীয় গণতন্ত্রের পক্ষেও শুভ নয়৷ তাঁর মতে, এজন্যই পার্টির নির্দিষ্ট গঠনতন্ত্র তৈরি করা হয়৷ সংসদীয় পদের প্রতি মোহ কমানোর উদ্দেশ্যেই এই অবস্থান নিয়েছে দল৷ কিন্তু, সারা দেশের মধ্যে একমাত্র ত্রিপুরাতে এর ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে৷ ত্রিপুরা এবিষয়ে রেকর্ড করেছে৷ তিনি বলেন, ত্রিপুরাতেই দলীয় সদস্যরা সবচেয়ে বেশি সময় ধরে সংসদীয় পদ আকড়ে বসে রয়েছেন৷
সূত্রের খবর, পলিটব্যুরোতে দিনভর বিষয়টি নিয়ে চর্চা হলেও কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি৷ ধারণা করা যাচ্ছে, পলিটব্যুরোর আগামী বৈঠকে দলের ত্রিপুরা রাজ্য কমিটির কাছে এবিষয়ে মতামত চাওয়ার উপর আলোচনা হতে পারে৷ তাই মনে হচ্ছে, রাজ্যে আগামী বিধানসভা নির্বাচন সিপিএমের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে৷ কারণ, দলের গঠনতন্ত্র মেনে সীতারাম ইয়েচুরিকে রাজ্যসভাতে পাঠায়নি সিপিএম৷ সিপিএমের কেরল লবির তীব্র আপত্তির ফলেই রাজ্যসভায় সিপিএমের আসন আরো একটি কমে গিয়েছে৷ এদিকে, মানিক সরকার চারবার মুখ্যমন্ত্রী হয়েছেন৷ সংসদীয় ক্ষেত্রে প্রথম জীবনে তিনি একবার দুই বছরের জন্য বিধায়ক হয়েছিলেন৷ দ্বিতীয়বার পাঁচ বছরের জন্য বিধানসভায় মুখ্য সচেতকের দায়িত্ব সামলেছেন৷ সমালোচকদের মতে, মানিক সরকারের স্বচ্ছ ভাবমূর্তিকে পুঁজি করে আগামী ২০১৮ বিধানসভা নির্বাচন উৎরাতে চাইছে সিপিএম রাজ্য কমিটি৷ কিন্তু, দলীয় গঠনতন্ত্রের গ্যাড়াকলে এখন এই ইস্যুতে সিপিএম বিভাজিত হয়ে পড়ে কিনা, তা নিয়েই বিশ্লেষণ শুরু হয়েছে রাজনৈতিক পর্যবেক্ষক মহলে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top