লখনউ, ১৫ মার্চ (হি.স.): টানা ১৬ দিনের লুকোচুরি শেষ| অবশেষে উত্তর প্রদেশ পুলিশের জালে ধরা পড়ল ধর্ষণে অভিযুক্ত সমাজবাদী পার্টির নেতা গায়ত্রী প্রজাপতি| ৱুধবার সকালে লখনউ থেকে পলাতক সপা নেতা গায়ত্রী প্রজাপতিকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিশ| ডিজিপি জাভিদ আহমেদ জানিয়েছেন, প্রাথমিক জেরায় সপা নেতা গায়ত্রী প্রজাপতি স্বীকার করেছেন গত ২৭ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন জায়গায় পালিয়ে বেরিয়েছেন তিনি| শুধু উত্তর প্রদেশ নয়, পশ্চিমবঙ্গ ও দক্ষিণের কয়েকটি রাজ্যে গা ঢাকা দিয়েছিলেন গায়ত্রী প্রজাপতি|
২০১৪ সালে এক মহিলাকে গণধর্ষণ ও তাঁর মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল গায়ত্রী সহ ৬ জনের বিরুদ্ধে| চলতি বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের নির্দেশে গায়ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ| দোর্দণ্ডপ্রতাপ সপা নেতা গায়ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানাও জারি করা হয়| তারপর থেকেই ফেরার ছিলেন এই সপা নেতা|
এই মামলায় মঙ্গলবারই বড়সড় সাফল্য পায় উত্তর প্রদেশ পুলিশ| গায়ত্রী প্রজাপতিকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁর ঘনিষ্ঠ ৩ জনকে| এদের মধ্যে দুইজনই তার ছেলে| ধৃতদের জেরা করে ধর্ষণের অভিযুক্ত সপা নেতার খোঁজ পায় পুলিশ| এরপর ৱুধবার সকালে লখনউ থেকে গ্রেফতার করা হয় গায়ত্রী প্রজাপতিকে|
2017-03-15

