ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে কোনও প্রভাব পড়বে না পাঁচ রাজ্যের ভোটের ফল ঃ বিজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ পাঁচ রাজ্যের ফলাফল উদ্বেগজনক বলে মন্তব্য করেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ তাঁর মতে এই ফলাফল দেশের ঐক্য সংহতির জন্য বিপজ্জনক৷ তিনি মনে করেন তাতে স্বৈরাচারী প্রবণতা গোটা দেশে বাড়তে থাকবে৷ এদিন তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, উত্তরপ্রদেশের নির্বাচনী ফলাফলে বিজেপি রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ট হয়ে উঠতে পারে৷ তাঁর বক্তব্য, সেটা হলে গণতন্ত্রের জন্য বিপজ্জনক হবে৷ তিনি বলেন, মানুষের উপর বিশ্বাস রাখতে হয়৷ কিন্তু, এর মানে এটা নয় মানুষ কখনও ভুল করে না৷ তবে তাঁর বিশ্বাস মানুষই আবার সেই ভুলের সংশোধন করে থাকেন৷ এদিন তিনি বলেন, বিজেপি উত্তরপ্রদেশে একক সংখ্যাগরিষ্টতা অর্জনে সক্ষম হয়েছে৷ পাঞ্জাব ছাড়া বাকি তিন রাজ্যে ভাল ফলাফল করেছে৷ জনগণের এই রায় মানতেই হবে৷ কিন্তু, এর প্রভাব গোটা দেশে পড়বে৷ বিমুদ্রাকরণ পাঁচ রাজ্যের নির্বাচনে কোন প্রভাব ফেলেনি৷ এই বিষয়ে বিজনবাবুর বক্তব্য, মানুষকে বিমুদ্রাকরণের প্রভাব সম্পর্কে বোঝানো যায়নি৷ একমাত্র বামপন্থীরাই যুক্তিগ্রাহ্য বিরোধীতা করেছে৷ সাধারণ মানুষ বিমুদ্রাকরণের অর্থনৈতিক প্রভাব আঁচ করতে পারেননি তাই কৃত্রিম ভাবে বিমুদ্রাকরণের পক্ষেই রায় দিয়েছে জনগণ৷ এদিন তিনি দাবি করেন, পাঁচ রাজ্যের ফলাফলে প্রভাব ত্রিপুরায় আগামী বিধানসভা নির্বাচনে পড়বে না৷ তবে, মানুষের কাছে আরও বেশী করে যেতে হবে৷
এদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা পাঁচ রাজ্যের ফলাফল দুর্ভাগ্যজনক মন্তব্য করেছেন৷ তবে, তাঁর দাবি, ভোটের হারে বিরোধী ভোটের হার বিজেপির চাইতে বেশী৷ তাই তিনি মনে করেন, আগামী লোকসভা নির্বাচনে এর পরিণাম টের পাবে বিজেপি৷ তিনিও দাবি করেন, পাঁচ রাজ্যের ফলাফলের প্রভাব আগামী বিধানসভা নির্বাচনে পড়বে না৷