নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ গরিব দরদি পার্টি হিসেবে পরিচিত সিপিএম ক্রমেই ধনী হয়ে উঠছে৷ বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় আসলে মার্কসবাদীদের সম্পত্তি খঁুজে বের করা হবে৷ শুক্রবার বিজেপির প্রতিবাদ মহা সমাবেশে এইভাবেই শাসক দলকে হুঁশিয়ারি দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পূর্বোত্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা রাম মাধব৷
এদিন তিনি জোর গলায় দাবি করেন, পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি মালিক মার্কসবাদীরা৷ অথচ তারা নিজেদের গরিব দরদি বলে প্রচার করে থাকেন৷ কেন্দ্রীয় সরকার টাকা পাঠাচ্ছে কিন্তু সেই টাকা খরচ হচ্ছে না৷ তিনি দাবি করে বলেন, কেন্দ্রীয় অর্থের ২০ থেকে ২৫ শতাংশের বেশি এরাজ্যে খরচ হচ্ছে না৷ তাঁর মতে, দুর্নীতিগ্রস্ত সরকার কেন্দ্রীয় অর্থ খরচ করে না৷ এজন্যই তারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারছে না৷ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শাসক দল এবং রাজ্য সরকারের সমস্ত কাজকর্মের তদন্ত হওয়া দরকার৷
এদিন তিনি বলেন, মার্কসবাদীরা হত্যার রাজনীতি করেন৷ এরাজ্যে নেতা মন্ত্রীরা সুরক্ষিত নন৷ একজন মন্ত্রী এবং পাঁচজন বিধায়ক এরাজ্যে খুন হয়েছেন৷ কিন্তু কেউ সাজা পাননি৷ কারণ, পুলিশ সিপিএম পার্টির কর্মকর্তা হয়ে গেছেন৷ শ্রীমাধব বলেন, হত্যার রাজনীতি দীর্ঘদিন চলতে দেওয়া যায় না৷ তিনি জোর গলায় বলেন, বিজেপি সরকার গঠন করলে কমিশন বসানো হবে৷ সমস্ত হত্যার ঘটনার তদন্ত হবে৷ তাঁর দাবি, রাজ্যে রাজনীতি গণতান্ত্রিক পদ্ধতিতেই চলবে৷
শ্রীমাধব রাজ্য সরকারের বিরুদ্ধে এক গাদা অভিযোগ এনে বলেন, অপরাধের দিক দিয়ে ত্রিপুরা গোটা দেশে শীর্ষে রয়েছে৷ গরিব মানুষের সংখ্যাও এরাজ্যে সারা দেশের তুলনায় অনেক বেশি৷ প্রায় ২৬ থেকে ২৭ লক্ষ লোক গরিবী রেখার নিচে রয়েছেন৷ তাঁর মতে, সিপিএম মানুষকে গরিব রেখে শাসন করে৷ বেকার সমস্যা নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি তোপ দাগেন৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, রাজ্যে ৮ লক্ষ বেকার, অথচ কর্মসংস্থানের সুযোগ নেই৷ তাঁর দাবি, শিল্প নেই, তাই বেকার সমস্যার সমাধান হচ্ছে না৷
এদিন তিনি জোর গলায় বলেন, ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গঠন করবে৷
2017-03-11

