পৃথক স্থানে যান সন্ত্রাসে নিহত এক, গুরুতর জখম ২৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ পৃথক স্থানে যান সন্ত্রাসে এক যুবকের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন ২৩ জন৷ আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷
বুধবার রাতে বাইক এবং বিএসএফ’র গাড়ি মুখোমুখি সংঘর্ষে বাইক চালক সহ আরোহী গুরুতর আহত হয়েছেন৷ গতকাল খোয়াইয়ের হাতকাটা এলাকার বাসিন্দা সমরজিৎ দেববর্মা (২২) এবং চন্দ্রকান্ত দেববর্মা (২৫) বাইকে করে বিয়ে বাড়িতে যাচ্ছিলেন৷ বগারবিল এলাকায় বিএসএফ’র গাড়ির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে বাইক চালক চন্দ্রকান্ত দেববর্মা এবং আরোহী সমরজিৎ দেববর্মা গুরুতর আহত হন৷ বিএসএফ’র জওয়ানরাই তাদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে তাদের রাত সাড়ে দশটা নাগাদ জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ বৃহস্পতিবার সকালে বাইক আরোহী সমরজিৎ দেববর্মার মৃত্যু হয়েছে৷ বাইক চালক গুরুতর আহত অবস্থায় তার চিকিৎসা চলছে৷
এদিকে, বুধবার রাতে শান্তিরবাজার মহকুমার পতিছড়ি এলাকায় একটি কমান্ডার জীপ ও ট্রিপার ট্রাকের মধ্যে সংঘর্ষে ২২ জন গুরুতর জখম হয়েছে৷ জানা গিয়েছে শান্তিরবাজারে রেলওয়ের কাজ করে প্রতিদিন শ্রমিকরা জীপে করে বাদুর ঝোলা হয়ে বাড়ি ফিরে৷ অন্যান্যদিনের মতো ২২ জন শ্রমিক একটি কমান্ডার জীপে করে আসছিল৷ পতিছড়ি এলাকায় একটি ট্রিপার ট্রাকের সাথে সংঘর্ষে ২২ জন শ্রমিকই গুরুতর জখম হয়৷ তাদের সঙ্গে সঙ্গেই উদয়পুর টেপানিয়াস্থিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাদের মধ্যে সুজন ত্রিপুরা এবং শান্তি ত্রিপুরার অবস্থা সংকটজনক হওয়ায় তাদের জি বি হাসপাতালে রেফার করা হয়৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে ট্রিপার ও জীপটি আটক করেছে৷