নয়াদিল্লি, ৪ মার্চ৷৷ অবশেষে জিএসটি নিয়ে জটিলতার অবসান হল৷ তার জন্য কেন্দ্রীয় সরকারের ১১তম বৈঠক পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে৷ শনিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বৈঠকে কেন্দ্রীয় জিএসটি এবং সুসংহত জিএসটির চূড়ান্ত খসড়া বিধিতে অনুমোদন দিয়েছে জিএসটি কাউন্সিল৷ তাতে, সম্ভবত ১ জুলাই থেকে সারা দেশে জিএসটি চালু হচ্ছে৷ কেন্দ্র এমনটাই চাইছে৷ সে অনুযায়ী বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধে জিএসটি সংক্রান্ত বিল সংসদে আনতে চাইছে সরকার৷
এদিন বৈঠকে জিএসটি বিধিতে রাজ্যগুলির অধিকাংশ সুপারিশ মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ আগামী তিনদিনের মধ্যে বিধি চূড়ান্ত করে সব রাজ্যকে দেবে জিএসটি কাউন্সিলের আইনী কমিটি৷ তাতে, বিধানসভায় বিল পাশ করানোর পর নতুন করে প্রতিটি পণ্যের দাম বেঁধে ফেলতে হবে রাজ্য সরকারকে৷
মূলত, নতুন এই পণ্য পরিষেবা কর ব্যবস্থায় দ্বৈত নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে মতানৈক্য দেখা দিয়েছিল৷ এদিনের বৈঠকে সমস্ত জটিলতারই অবসান হয়েছে৷ এরই সাথে সারা দেশে বহু প্রতীক্ষিত জিএসটি চালু করার দিন গুনছে কেন্দ্রীয় সরকার৷

