শ্রীনগর, ৫ মার্চ (হি.স.) : জম্মু–কাশ্মীরে আবারও সেনা–জঙ্গি লড়াই। জম্মু–কাশ্মীরের পুলওয়ামা জেলার রবিবার সকালে গুলির লড়াইয়ে সেনাবাহিনীর এক কনস্টেবল শহীদ হয়েছেন ।আহত হয়েছেন সেনাবাহিনীর এক অফিসার এবং দুই কনস্টেবল। সেনার পাল্টা গুলিতে খতম হয়েছে দুই জঙ্গি। শনিবার রাত থেকে চলা গুলির লড়াই ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল ভূস্বর্গ।
শনিবার রাতে পুলওয়ামা জেলার ট্রল এলাকায় শুরু হয় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াই। সেনাবাহিনীর কাছে খবর ছিল হিনা গ্রামে আকিব নামে একজন হিজবুল জঙ্গি লুকিয়ে রয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন আরও দুই থেকে তিনজন। জঙ্গিদের খোঁজে সমস্ত এলাকায় তল্লাশি শুরু করে জওয়ানরা।
সূত্রের খবর, সেনার কাছে খবর ছিল বুরহান ওয়ানির ঘনিষ্ঠ আকিব লুকিয়ে রয়েছেন ট্রল এলাকায়। তাঁর খোঁজে শনিবার রাত থেকেই সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করেছিল। গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায় সেনা। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসী। জওয়ানদের লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়ে যায়। এক জওয়ানের রাইফেলও ছিনিয়ে নেওয়া হয়।তল্লাশি অভিযান চলাকালীনই জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে সেনার উদ্দেশ্যে। সেনাও পাল্টা জবাব দেয়। গুলির লড়াইয়ে দুই জঙ্গি মারা যান। গুলির লড়াইয়ে মনজুর আহমেদ নামে সেনাবাহিনীর এক কনস্টেবল শহীদ হয়েছেন । এক সেনা অফিসার আহত হয়েছেন।আহত দুই কনস্টেবলও। ১৩ ঘণ্টা ধরে চলেছে গুলির লড়াই। পরিস্থিতি এখনও রয়েছে উত্তপ্ত।
জম্মু–কাশ্মীরের পুলওয়ামায় সেনা–জঙ্গি গুলির লড়াই নতুন কিছু নয়। প্রায় প্রতিদিনই এই এলাকায় সেনা–জঙ্গি গুলির লড়াই চলে। সব ক্ষেত্রেই থাকে পাকিস্তানের প্রত্যক্ষ মদত।
2017-03-05

