নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ মার্চ৷৷ একরাতে দুই বাড়িতে দুঃসাহসিক চুরি৷ তৃতীয় বাড়িতে হাত সাফাই করতে গিয়ে গৃহকর্তার তৎপরতায় ব্যর্থ হয়ে পালিয়ে যায় চোরের দল৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মন্দিরনগরী উদয়পুরের মহারণী এলাকায়৷ প্রচুর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গিয়েছে চোরেরা৷ ঘটনার বিষয়ে পুলিশকে জানানো হলেও রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ চোরদের আটক করতে পারেনি৷
সংবাদে প্রকাশ, শুক্রবার রাতে মহারণীর ছয়ঘরিয়া এলাকার বাসিন্দা সুজিত চক্রবর্তীর বাড়িতে চোরের দল হানা দেয়৷ তাঁর বাড়ির একটি ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চোরেরা৷ ঘর আলমিরা ভেঙ্গে নগদ ১৭ হাজার টাকা ও সাত ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গিয়েছে৷ এই ঘটনার পর রাত আড়াইটা নাগাদ এলাকারই সুবল দাসের বাড়িতে চোরোরা হানা দেয়৷ ঐ বাড়িতে একই কায়দায় ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চোরেরা ৩৭ লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গিয়েছে৷ এই দুই বাড়িতে চুরির পর চোরের দল হানা দেয় এলাকারই রিপন দাসের বাড়িতে৷ সেখানে ঘরের দরজা ভাঙতে গেলে বাড়ির মালিক টের পেয়ে যান৷ তিনি আলো জ্বালতেই চোরেরা পালিয়ে যায়৷ শনিবার সকালে চুরির ঘটনাগুলি প্রকাশে আসতেই গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ খবর দেওয়া হয় মহরাণী আউট পোস্টে৷ সেখান থেকে পুলিশ ছুটে গিয়ে চুরির ঘটনার তথ্য তল্লাসী সংগ্রহ করেছে৷ একটি মামলা নেওয়া হয়েছে৷ তবে খবর লেখা পর্যন্ত পুলিশ কোন সাফল্য পায়নি৷ চুরির ঘটনা ঘিরে এলাকার জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷
2017-03-05

