News Flash

  • Home
  • Uncategorized
  • রেডিও’র জনপ্রিয়তা কমেছে, খরচ কমিয়ে আয় বাড়ানোর পরামর্শ দিলেন রাজ্যপাল

রেডিও’র জনপ্রিয়তা কমেছে, খরচ কমিয়ে আয় বাড়ানোর পরামর্শ দিলেন রাজ্যপাল

AIR Governorনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি ৷৷ জনপ্রিয়তা যেখানে আগের তুলনায় অনেকগুণ কমে গেছে, সেখানে রেডিও’র বিরাট পরিকাঠামো ব্যবস্থায় খরচ কমিয়ে আয় বাড়ানোর জন্য পরামর্শ দেন রাজ্যপাল তথাগত রায়৷ সেই সাথে আক্ষেপের সুরে তিনি বলেন, বর্তমানে রেডিও কেউ শুনতে চান না, সেটা কাম্য নয়৷ সোমবার আকাশবাণী আগরতলা কেন্দ্রের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল আকাশবানী আগরতলা কেন্দ্রের কর্তৃপক্ষকে সমস্ত বিষয় নতুন করে ভাবনার তাগিদ মনে করিয়ে দিয়েছেন৷
এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল অতীত দিনের স্মৃতি রোমন্থন করেন৷ তিনি বলেন, আগে বিনোদনের এবং দেশ-দুনিয়ার নানান খবর পাওয়ার একমাত্র মাধ্যম ছিল রেডিও৷ শিল্পীরা রেডিওতে কাজ করেন বলতে গর্ব বোধ করতেন৷ ১৯৭০ সালে দেশে প্রথম টিভি’র আবির্ভাব হলেও রেডিও’র জনপ্রিয়তা বিন্দুমাত্র কমে যায়নি তখন৷ কারণ টিভিতে সম্প্রচারিত অনুষ্ঠান ছিল খুবই সাদামাঠা৷ ১৯৯০ সাল থেকে টিভি ক্রমেই আকর্ষনীয় হয়ে উঠলেও রেডিও’র জনপ্রিয়তায় ভাটা পড়েনি৷ কিন্তু এখন দেখা যাচ্ছে ক্রমেই আকাশবাণী জনপ্রিয়তা হারাচ্ছে৷ এদিন তিনি অনেকটা কটাক্ষের সুরেই বলেন, বর্তমান সময়ে কাউকে বেতার সম্প্রচারের বিষয়ে জিজ্ঞেস করা হলে উত্তর পাওয়া যায় রেডিও এখন কেউই শুনে না৷ রাজ্যপাল বলেন, এটা কখনই কাম্য নয়৷ আকাশবাণী কর্তৃপক্ষদের এবিষয়ে নতুন করে ভাববার প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি মন্তব্য করেন৷
এদিন তিনি পুনরায় রেডিও’র জনপ্রিয়তা বাড়ানোর ক্ষেত্রে সুনির্দিষ্ট দিশা দেখিয়েছেন৷ তাঁর মতে, এফএম রেডিও চিত্তাকর্ষক করতে হবে৷ বর্তমান সময়ে এফএমএ’র জনপ্রিয়তা রয়েছে৷ কিন্তু তা কেবলই বেসরকারিস্তরেই সীমাবদ্ধ৷ অনেকটা অবাক হয়ে বলেন, আকাশবাণী কেন সে জায়গায় পৌঁছাচ্ছে না তা তিনি বুঝে উঠতে পারছেন না৷ তাই, এদিন কর্তৃপক্ষদের উদ্দেশ্যে রাজ্যপাল বলেন, রেডিও’র যে পরিকাঠামো ব্যবস্থা রয়েছে তার খরচ কমাতে হবে৷ সাথে এফএমএ’র আকর্ষণ বাড়াতে হবে৷ তাহলেই বিজ্ঞাপন মিলবে সাথে রেডিও’র আয় বাড়বে৷ এভাবেই রেডিও’র উত্তরণ সম্ভব বলে রাজ্যপাল মনে করেন৷ দৃঢ় প্রত্যয়ের সাথে জানান, কালের গতি অস্বীকার না করে তার সাথে তাল মিলিয়ে চলতে পারলেই সাফল্য নিশ্চয়ই মিলবে৷ সেজন্যই ভাবতে হবে বেসরকারি সংস্থাগুলি এফএম চ্যানেলে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে৷ তাহলে ভাবতে হবে অতি প্রাচীন এই বেতার সম্প্রচার কেন্দ্র সেটা পারবেনা কেন৷
এদিকে সোমবার আকাশবাণী আগরতলা কেন্দ্রের সুবর্ণ জয়ন্তী উদযাপনের উদ্বোধন করেন রাজ্যপাল তথাগত রায়৷ আকাশবাণী কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে এদিন রাজ্যপাল আকাশবাণী আগরতলার সংবাদ বিভাগের টুইটার একাউন্ট এবং ফেসবুক পেজ এর আনুষ্টানিক উদ্বোধন করেন৷ এই দুটি মিডিয়াতেই আজ থেকে প্রতিদিন সন্ধ্যার বাংলা ও ককবরক সংবাদ বুলেটিন আপলোড করা হবে৷ ফেসবুক ও টুইটার হ্যান্ডেল এ ‘airnews agartala’ একাউন্ট সার্চ করে কিংবা ফলো করে আকাশবাণীর সান্ধ্য বাংলা ও ককবরক সংবাদ শোনা যাবে৷ কিছুদিনের মধ্যে সকালের সংবাদও এই দুটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হবে৷ স্মার্ট ফোন ব্যবহাকারীরাও তাদের ফোনে এই সুবিধা গ্রহণ করতে পারবেন৷
এদিন অনুষ্ঠানে আকাশবাণী আগরতলা কেন্দ্রের কারিগরি বিভাগের অধিকর্তা সুচিস্মিতা রায় ১৯৬৭ সালের ২৬ শে জানুয়ারিতে সূচনার সময় থেকে এই কেন্দ্রের প্রেক্ষাপট তুলে ধরেন৷ অনুষ্ঠানে সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে একটি স্মরণিকা প্রকাশ করেন রাজ্যপাল৷ অনুষ্ঠানে আকাশবাণী আগরতলা কেন্দ্রের প্রথম ঘোষিকা যুথিকা বসু ভৌমিক এবং রাজ্যের কৃতি মহিলা ফুটবলার লক্ষ্মীতা রিয়াংকে সংবর্ধনা জানানো হয়৷ এছাড়া সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠান পরিবেশিত হয়৷ অনুষ্টানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আকাশবাণী, দিল্লির কারিগরি বিভাগের উপমহানির্দেশক নিলম সিং, আকাশবাণী উত্তরপূর্বাঞ্চলের কার্যালয়ের বরিষ্ঠ আধিকারিক রাজীব বড়ুয়া প্রমুখ৷
এই উপলক্ষ্যে বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনাচক্র৷ বিষয় ছিল নব্য মিডিয়ার চক্রব্যুহে রেডিও এর প্রাসঙ্গিকতা৷ অংশ নিয়েছেন, ত্রিপুরা হাইকোর্ট এর বিচারপতি শুভাশিস তলাপাত্র, বিশিষ্ট সমাজসেবী ফুলন ভট্টাচার্য, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অঞ্জন কুমার ঘোষ৷ সঞ্চালনা করেন অধ্যাপক ইন্দ্রনীল ভৌমিক৷ আলোচনাচক্রে উপাচার্য ডক্টর অঞ্জন কুমার ঘোষ বলেন, রেডিও এর প্রাসঙ্গিকতা যথেষ্ট রয়েছে, বরঞ্চ বলা ভাল রেডিওকে আমাদের শিক্ষাদানের ক্ষেত্রে ব্যবহার করা উচিত৷ কারণ, অনেক মানুষেরই পড়ার সুযোগ কমে গেছে, কাজেই শোনার মাধ্যমে পড়ার জন্য রেডিও ভূমিকা নিতে পারে, তিনি বলেন, আমাদের শোনানো হোক, শোনে শোনে শিক্ষা গ্রহণ অনেক বেশি কার্যকরী৷ অডিও বুক-এর মতো রেডিওর মাধ্যমে ক্লাসিক বই পড়ে শোনানো উচিত৷
ত্রিপুরা হাইকোর্ট এর বিচারপতি শুভাশিস তলাপাত্র বলেন, এই মাধ্যমকে শিক্ষা ভাবনার শিল্প নির্মাণের দিকটি নিয়ে এখন আরো ভাবতে হবে৷ যাতে শ্রোতার সাথে গভীরভাবে নৈকট্য তৈরি করা যায়৷ তিনি বলেন, গণতন্ত্র জনগণকে বেশি করে যুক্ত করার জন্য গণ পরিসর তৈরি করার দরকার এই ছিল রাষ্ট্রের নীতি, এটার জন্য রেডিওর ভূমিকা অনদ্যভাবে প্রতিফলিতও হয়েছে৷ কাজেই রেডিওর প্রাসঙ্গিকতা হারিয়ে যায়নি৷ একে আরো বিকশিত করার কথায় ভাবা উচিত৷ রেডিওর অনবদ্য দািিয়ত্ব পালনের কথা বলতে গিয়ে তিনি , ত্রিপুরায় জাতি উপজাতির সম্প্রীতি রক্ষায় এবং উপজাতির জাতিসত্ত্বা বিকাশে আকাশবাণী আগরতলা অনন্য ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেন৷
আগরতলার পুর পরিষদের কাউন্সিলার, বিশিষ্ট সমাজসেবী ফুলন ভট্টাচার্য বলেন, রেডিওর ভিন্ন ধারার শিক্ষামূলক ও সাংসৃকতিক অনুষ্ঠান এখনো প্রাসঙ্গিক এবং অত্যন্ত প্রয়োজনীয়৷ রেডিও’র খবর সত্যতার জন্য এখনো সর্বাধিক গ্রাহ্য এবং সোশ্যাল মিডিয়াতে রেডিও অনেক আগে থেকেই রয়েছে বলেও তিনি আলোচনাসভায় মন্তব্য করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top