তাপস পালের তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ ভুবনেশ্বরের আদালতের

tapas-palভূবনেশ্বর, ৩১ ডিসেম্বর (হি.স.) : রোজভ্যালিকাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ তাপস পালের তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল ভুবনেশ্বরের আদালত| তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী| পাল্টা রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তাপসের আইনজীবী| এদিন এজলাসে বসে কেঁদে ফেলেন কৃষ্ণনগরের সাংসদ|
এদিকে, রোজভ্যালিকাণ্ডে তাপস পালের গ্রেফতারি নিয়ে নয়া তথ্য এসেছে সিবিআইয়ের হাতে| কেন্দ্রীয় অর্থমন্ত্রক, সেবি ও আরবিআইকে পাঠানো তাপসের লেখা মূল চিঠি পাওয়া গিয়েছে রোজভ্যালির অফিসের গোপন কুঠুরিতে| বকলমে চিঠি লিখেছিলেন সংস্থার কোনও কর্তাব্যক্তি| এমনটাই অনুমান সিবিআইয়ের আধিকারিকদের| তঁাদের দাবি, এবছরের জুলাইয়ে সল্টলেকে সেক্টর ফাইভে ডিএলএফ বিল্ডিংয়ে রোজভ্যালির অফিসে পাওয়া যায় একটি গোপন কুঠুরি| তার দেওয়াল ভেঙে উদ্ধার হয় তাপসের লেখা মূল চিঠিটি|
অভিযোগ, ২০১০ সালে রোজভ্যালি ছাড়ার পরেও ২০১৩ সাল পর্যন্ত ওই সংস্থা থেকে আর্থিক সুবিধা নিয়েছেন তাপস| এমনকি স্ত্রী ও মেয়ের জন্যও রোজভ্যালির কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তাপসের বিরুদ্ধে| গ্রেফতারের পর তৃণমূল সাংসদকে ম্যারাথন জেরা করা হয়| শুক্রবার রাতে গ্রেফতারের পর রাতভর তৃণমূল সাংসদ তাপস পালকে জেরা করেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা| শনিবার সকালেও শুরু হয় টানা জেরা| শুক্রবার রাতেই তাঁকে ভুবনেশ্বর আনা হয়| তারপর দফায় দফায় চলে জেরা|
সিবিআই সূত্রে খবর, রোজভ্যালির কাছ থেকে শুধু চেকে নয়, বেশ কয়েকবার নগদ টাকা নিয়েছেন তাপস| টাকা নেওয়ার প্রমাণ দাখিল করেন|
এদিন দুপুরে তঁাকে আদালতে পেশ করা হয়| দু’পক্ষের আইনজীবীদের সওয়াল জবাব শোনেন বিচারক| সিবিআইয়ের পক্ষ থেকে তদন্তের স্বার্থে পঁাচদিন নিজেদের হেফাজতে রাখার জন্য আদালতে আর্জি জানানো হয়| কিন্তু বিচারক দু’পক্ষের সওয়াল শোনার পর তাপস পালকে তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন|