News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিস্তর পঞ্চায়েতের উপ নির্বাচনেও বিজেপির উত্থান, কংগ্রেস নিশ্চিহ্ণ, অস্তিত্ব ধরে রাখল তৃণমূল, জয়ী বামেদের দুশ্চিন্তা গ্রাম নিয়েও
Image

ত্রিস্তর পঞ্চায়েতের উপ নির্বাচনেও বিজেপির উত্থান, কংগ্রেস নিশ্চিহ্ণ, অস্তিত্ব ধরে রাখল তৃণমূল, জয়ী বামেদের দুশ্চিন্তা গ্রাম নিয়েও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ জয়ী হলেও, গ্রাম নিয়েও দুশ্চিন্তায় পড়েছে বামেরা৷ ত্রিস্তর পঞ্চায়েতে উপনির্বাচনে

ত্রিস্তর উপনির্বাচনে বিজয়ী হওয়ার পর সিপিএম প্রার্থীর উল্লাস৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷
ত্রিস্তর উপনির্বাচনে বিজয়ী হওয়ার পর সিপিএম প্রার্থীর উল্লাস৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷

অধিকাংশ আসনে বামেরা জয়ী হয়েছেন৷ দুটি করে মোট চারটি আসন বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দখল নিয়েছে৷ কিন্তু বামেদেরকে চিন্তায় রাখার পেছনে অন্যতম কারণ হল গ্রামেও বিজেপির উত্থান৷ ভোট ফলাফলে দেখা গেছে, সিপিএম ৫৩.৫৬ শতাংশ ভোট পেয়েছে৷ সে তুলনায় বিজেপির দখলে গেছে ৩১.১৮ শতাংশ ভোট৷ স্বাভাবিক ভাবেই দ্বিতীয় স্থানে উঠে এসে বিজেপি বামেদের চিন্তায় ফেলে দিয়েছে বলে মনে করা হচ্ছে৷ চিন্তিত হওয়ার আরো একটি কারণ হল, অধিকতর আসনে বামবিরোধী ভোট শাসকদলের তুলনায় বেশি৷ জেলাপরিষদের একটি আসনে ভোটের ফলাফলে দেখা গেছে, সিপিএম একা ২৯৯১ ভোট পেয়েছে৷ অথচ বিজেপি ২৬৩১, তৃণমূল কংগ্রেস ১৮০, কংগ্রেস ৬৭৯ এবং ত্রিপুরা পিপলস পার্টি ৮৪ ভোট পেয়েছে৷ তাতে বামবিরোধী মোট ভোটের সংখ্যা ৩৬১৪৷ তাতে প্রমাণিত, কুমারঘাট জেলা পরিষদে সিপিএম জয়ী হলেও বাম বিরোধী শিবিরে ভোট বিজয়ী দলের তুলনায় অনেক বেশি পড়েছে৷ এধরনেরই চিত্র গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনেও দেখা গেছে৷ সেখানেও বেশ কয়েকটি আসনে বামবিরোধী ভোট শাসক দলের প্রাপ্ত ভোটের থেকে অনেক বেশি৷ ফলে, এডিসি নির্বাচন, অমরপুর ও বড়জলা উপনির্বাচনে বিজেপি উঠে এসেছিল৷ এখন গ্রামেও গেরুয়া শিবিরের উত্থানে স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াল বামেদের৷
এদিন ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর বামফ্রন্ট কমিটি দাবি করেছে, কংগ্রেস বিজেপিকে মদত জুগিয়েছে৷ অন্যদিকে, সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব দেবের দাবি, ভোট বিভাজনের কারণেই বহু আসনে সিপিএম জয়ী হয়েছে৷ তিনি স্পষ্ট বলেন, ৫টি পঞ্চায়েত, ১টি জেলা পরিষদ এবং ১টি পঞ্চায়েত সমিতির আসনে ভোট ভাগাভাগির কারণে বিজেপি জয়ী হতে পারেনি৷
এদিকে, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ফলাফলের নিরিখে বিজেপির তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে৷ অবশ্য, পঞ্চায়েতের দুটি আসনে তৃণমূল জয়ী হয়েছে ঠিকই৷ কিন্তু ভোটের ফলাফলের নিরিখে তৃণমূলের প্রাপ্ত ভোট কংগ্রেসের থেকেও কম৷ ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনে কংগ্রেসের প্রাপ্ত ভোট ৭.২৬ শতাংশ৷ যেখানে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে পড়েছে ৫.৮৮ শতাংশ ভোট৷ ২০১৪ সালের ত্রিস্তর পঞ্চায়েতের ফলাফলের নিরিখে উপনির্বাচনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ভোটের হার কমেছে৷ কিন্তু শাসক দলেরও ভোটের হার এবারের উপনির্বাচনে কমেছে৷ ২০১৪ সালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শাসকদল পেয়েছিল ৬৪.১৩ শতাংশ ভোট৷ স্বাভাবিকভাবেই এবারের উপনির্বাচনের ফলাফলে এই ভোটের হার শাসক দলের অনেকটাই কমেছে বলে মনে করা হচ্ছে৷
এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ সভাপতি বলেন, পঞ্চায়েতের ২৫টি আসনে এবং জেলা পরিষদের ১টি ও পঞ্চায়েত সমিতির একটি আসনে বিজেপি দ্বিতীয় স্থানে রয়েছে৷ তিনি আরো বলেন, পঞ্চায়েতের যে আসন বিজেপি দখল করেছে তা দীর্ঘদিন ধরে শাসক দলের দখলে ছিল৷ এই ফলাফলের নিরিখে তাঁর দাবি, আগামীদিনে রাজ্যে বিরোধী হিসেবে একমাত্র বিকল্প বিজেপি৷
এদিকে, এক বিবৃতিতে বামফ্রন্ট কমিটি জানিয়েছে, ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনগুলির ভোট গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে৷ সামগ্রিক ফলাফলে দেখা যায়, এবারেও নির্বাচক মন্ডলী সাধারণভাবে বামফ্রন্ট ও বামফ্রন্ট সরকারের অনুকূলে ইতিবাচক রায় দিয়েছেন৷ জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির শূন্য আসনগুলিতে বামফ্রন্ট তার বিজয় অক্ষুণ্ণ্ রেখেছে৷ গ্রাম পঞ্চায়েতের গত নির্বাচনে জয়ী বামফ্রন্ট প্রার্থীরা তিনটি বাদে বাকি সব আসনে এবারও জয়ী হয়েছেন৷ অন্যদিকে, বাম বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস, বিজেপি ও জেডিইউ থেকে বামফ্রন্ট ৫টি আসন ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে৷ তাতে ৪৪টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে ৪০টি আসনেই বামফ্রন্ট প্রার্থীরা বিজয়ী হয়েছেন৷ ৩৯টি আসনে সিপিআই(এম) প্রার্থীরা এবং একটি আসনে সিপিআই প্রার্থী জয়ী হয়েছেন৷
বিবৃতিতে বলা হয়েছে, প্রাপ্ত ফলাফলের প্রাথমিক বিচারে লক্ষ্য করা যাচ্ছে জামজুরি পঞ্চায়েতের আসনে গতবার কংগ্রেস বিজয়ী হয়েছিল৷ এবার কংগ্রেসের কোন প্রার্থীই ছিল না৷ তেমনিভাবে, ঊনকোটি জেলার অন্তত ৩টি পঞ্চায়েত আসনে কংগ্রেস ও বিজেপির মধ্যে গোপন সমঝোতা করে বামফ্রন্ট প্রার্থীকে হারানোর চেষ্টা হয়েছে কিংবা হারানো হয়েছে৷ হালাইপারে কংগ্রেস প্রার্থী পেয়েছেন শূন্যভোট, সরোজনী নগরে পেয়েছেন ১ ভোট এবং বেতছড়া পঞ্চায়েতে কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট মাত্র দুই৷ আবার লক্ষ্মীপুর ও রাংগাউটি পঞ্চায়েতের ৩টি আসনে কংগ্রেস প্রার্থীরা দ্বিতীয় হয়েছেন৷ সেসব আসনে বিজেপি প্রার্থীদের হয় খাতা খুলেনি, কিংবা খুললেও তা অঙ্ক ছাড়ায়নি৷ এভাবে কংগ্রেস দল গতবারের জেতা ৩টি আসন হারিয়েছে এবং বিজেপিকে মদত জুগিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top