News Flash

Image

কুসংস্কারের নাগপাশ

Superstitionsবিজ্ঞান ও তথ্য প্রযুক্তির প্রভূত উন্নতি সাধিত হইয়াছে৷ বিবর্তনের যুগেও এইসব উন্নতিকে সঠিকভাবে কাজে লাগাইতে না পারিবার কারণেই সমাজ ব্যবস্থায় অপমৃত্যু, হত্যাকান্ড, গুপ্তহত্যা ইত্যাদির ঘটনা দিন দিন বাড়িয়া চলিতেছে৷ বিশেষ করিয়া শিক্ষার হার যেইসব দেশ বা রাজ্যে কিংবা সমাজ ব্যবস্থায় অনেকটাই কম সেই সব সমাজ ব্যবস্থায় এই ধরনের ঘটনা বাড়িয়া চলিয়াছে৷ অশিক্ষা, কুসংস্কার সমাজ ব্যবস্থাকে চিড়ে চিড়ে খাইতেছে৷ এই সব কুসংস্কারাচ্ছন্ন মানুষজনকে কিংবা সমাজ ব্যবস্থাকে শিক্ষার আলোয় উদ্ভাসিত করিবার জন্য যেইটুকু উদ্যোগ গ্রহণ করিবার প্রয়োজন ছিল তাহা নেওয়া হয় নাই৷ সেই কারণেই সমাজ ব্যবস্থার অধঃপতন ঘটিয়া চলিয়াছে৷ বিশেষ করিয়া আমাদের রাজ্য ত্রিপুরার দিকে ফিরিয়া তাকাইলে দেখা যাইবে উপজাতি সমাজ ব্যবস্থায় কুসংস্কার এখনও অব্যাহত রহিয়াছে৷ ডাইনী অপবাদে হত্যাকান্ড, আধুনিক চিকিৎসা ব্যবস্থার সুযোগ গ্রহণ না করিয়া বনের লতা-পাতাকে ওষুধ হিসাবে গ্রহণ করা এবং ওঝা-বৈদ্যের কাছে ছুটিয়া যাইবার প্রবণতা অব্যাহত রহিয়াছে৷ এই প্রবণতা কমাইতে হইলে একদিকে যেমন উপজাতিদের শিক্ষার হার বাড়াইবার দিকে অধিক নজর দিতে হইবে ঠিক তেমনি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলিকে আরও বেশী করিয়া দায়দায়িত্ব পালন করিতে হইবে৷ তাহারা যদি বিভিন্ন সভা সমাবেশে কুসংস্কার সম্পর্কে, ডাইনী অপবাদ সম্পর্কে উপজাতি অংশের মানুষকে সঠিক শিক্ষা দিতে পারেন তাহা হইলে এই সব অপরাধ ধীরে ধীরে হ্রাস করা সম্ভব হইবে৷ তাহাতে একদিকে যেমন সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়িয়া উঠিবে তেমনি বিজ্ঞানের অগ্রগতিকে কাছে টানিয়া নিবার সুযোগ মিলিবে৷
বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির যুগে, যখন মানুষ অন্ধ কুসংস্কারের হাত হইতে মুক্তির জন্য প্রয়াসী তখন এই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন গ্রামে ডাইনী সন্দেহে হত্যা, গ্রাম ছাড়ার ঘটনা ঘটিতেছে৷ শুধু ডাইনী হত্যার ঘটনা নহে আরও অনেক কুসংস্কারে আমাদের সমাজকে এখনও আষ্টেপৃষ্টে বাঁধিয়া রাখিয়াছে৷
ডাইনী অপবাদে আক্রমণ, হামলা, হত্যা ও হত্যার চেষ্টার আরও অভিযোগ আছে৷ এইসব ঘটনাগুলি রোধে জন সচেতনতার লক্ষ্যে তেমন কোনও উদ্যোগ দেখা যাইতেছে না৷ এখনও ত্রিপুরার বিভিন্ন উপজাতি এলাকায় বিভিন্ন কুসংস্কার জাঁকাইয়া আসে৷ এই কুসংস্কারের মধ্যে ঝাড়ফঁুক, পূজা ও বিভিন্ন ওঝা বৈদ্যের মাধ্যমে চিকিৎসরে নামে চলে তিলে তিলে ধবংসের পথে৷ নানা ধরনের কুসংস্কারে বহু মানুষের প্রাণ গিয়াছে এর হিসাব কাহারা রাখে? অথচ ইহাই বাস্তব যে, কুসংস্কার এখনও গ্রাম ত্রিপুরার উপজাতিদের মধ্যে সাংঘাতিক ভাবে জাঁকাইয়া আছে৷ আজকের বিজ্ঞান মনস্কতার যুগে ত্রিপুরার মতো রাজ্যের উপজাতি পল্লীতে কুসংস্কার মারাত্মক ভাবে ক্রীয়াশীল৷ ইহা বড় ব্যর্থতা ছাড়া আর কি হইতে পারে৷
ত্রিপুরার বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর কি নাকে তেল দিয়া ঘুমায়? রাজ্যে বিজ্ঞানের প্রচার যদি ঠিকমতো হইত তাহা হইলে নিশ্চয়ই সুফল মিলিত৷ কিন্তু রাজ্যের উপজাতিরা এখনও সেই অন্ধকারে৷ যেখানে শিক্ষার আলো, বিজ্ঞানের আলো পৌঁছায় নাই৷ এই যখন অবস্থা তখন প্রজাতির গর্ব তো ধূলায় লুটাইবে৷ ত্রিপুরার মানুষ অতীতের বদ্ধ কুসংস্কার মুক্ত হইবার জন্য দীর্ঘ সংগ্রাম করিয়াছে৷ এখনও যেখানে এই কুসংস্কারের নাগপাশে মানুষ বন্দী তাহাদের বন্দিদশা তখনই কাটিবে যদি বিজ্ঞান চেতনা ছড়াইয়া দেওয়া সম্ভব হয়৷ বিজ্ঞানের সুফল যদি ওই গ্রাম পাহাড়ের মানুষের কাছে পৌঁছানো যায় তবে ডাইনী অপবাদের ঘটনা নির্মূল হইতে পারে৷ এর জন্য প্রয়োজন রাজ্য সরকারের কার্যকরী ভূমিকা৷ সচেতনতা শিবিরে বেশী সংখ্যক মানুষের অংশ গ্রহণ, হাতে কলমে বাস্তবতা তুলিয়া ধরিয়া প্রশিক্ষিত করার মধ্য দিয়া কুসংস্কার হইতে মুক্তির পথ আসিতে পারে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top