রিও ডি জেনেইরো, ১০ মার্চ (হি.স.): ব্রাজিলে করোনাভাইরাসের প্রকোপ থামছেই না। দৈনিক করোনা-সংক্রমণ ও মৃত্যুতে একের পর এক রেকর্ড গড়েই চলেছে ব্রাজিল। বাড়তে বাড়তে ব্রাজিলে ২ লক্ষ ৬৮ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) ব্রাজিলে নতুন করে ১ হাজার ৯৫৪ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ২ লক্ষ ৬৮ হাজার ৫৬৮-তে পৌঁছেছে।
সংক্রমণও লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে ব্রাজিলে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে ব্রাজিলে নতুন করে ৬৯,৫৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১১,১২৫,০১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৯,৮৪৩,২১৮ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,০১৩,২৩১ জন, তাঁদের মধ্যে ৮,৩১৮ জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। সামান্য অসুস্থ ১,০০৪,৯১৩ জন।

