নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): করোনাভাইরাসের টিকা নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার সকালে বাবা-মায়ের সঙ্গে কোভিড-১৯ ভাইরাসের টিকা নিয়েছেন কেজরিওয়াল। দিল্লির এলএনজেপি হাসপাতালে কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নিয়েছেন কেজরিওয়াল ও তাঁর বাবা-মা। ৫২ বছর বয়সী কেজরিওয়াল আবার ডায়াডটিসের রোগী। টিকা নেওয়ার পর কেজরিওয়াল জানিয়েছেন, “এলএনজেপি হাসপাতালে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছি আমি এবং আমার বাবা-মা। আমরা কোভিশিল্ড টিকা নিয়েছি।”
টিকা নিয়ে জনগণকে আশ্বস্ত করে কেজরিওয়াল বলেছেন, “টিকা নেওয়ার পর আমাদের কোনও অসুবিধা হয়নি, সবাই ভালো আছি। টিকা নিয়ে কোনও ভয় নেই। মানুষের মনে টিকা নিয়ে যে ভয় রয়েছে তা চলে যাবে।” পাশাপাশি যাঁরা টিকা পাওয়ার যোগ্য তাঁদের টিকা নেওয়ার জন্য অনুরোধ করেছেন কেজরিওয়াল। টিকাকরণ কেন্দ্র বাড়ানো প্রসঙ্গে কেজরিওয়াল বলেছেন, “কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রতিনিয়ত সম্পর্ক রয়েছে আমাদের। প্রয়োজন হলে টিকাকরণ কেন্দ্র বাড়ানো হবে।”
গত ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছিল প্রথম দফার টিকাকরণ। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির ,করোনা-যোদ্ধাদের করোনা টিকা দেওয়া হয়েছে। সোমবার থেকে দেশে শুরু হয়েছে দ্বিতীয় দফার টিকাকরণ। এই দফায় ৬০ বছরের প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি ‘কো-মর্বিডিটি’ থাকলে ৪৫ বছরের বেশি বয়সিরাও টিকা পাবেন।
2021-03-04

