নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ যত্রতত্র পার্কিং এবং হকারদের উৎপাত ঠেকাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে আগরতলা পুর নিগম৷ পার্কিংয়ের জন্য স্থান চিহ্ণিত করে এবং হকারদের সচিত্র পরিচয়পত্র প্রদানের মাধ্যমে ওই সমস্যার সমাধান বলে দাবি করেন পুর কমিশনার ডা. শৈলেশ কুমার যাদব৷ শুক্রবার ট্রাফিকের পুলিশ সুপারকে সাথে নিয়ে তিনি পুর এলাকায় বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন৷
তিনি বলেন, পুর এলাকায় বিভিন্ন স্থানে পার্কিং সমস্যা ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে৷
যত্রতত্র পার্কিংয়ের জন্য পথচলতি মানুষের যাতায়াতে ভীষণ সমস্যা হচ্ছে৷ তাছাড়া, হকারদের নির্দিষ্ট স্থান চিহ্ণিত না হওয়ায় ফুটপাত ব্যবহার মানুষের জন্য অসম্ভব হয়ে উঠেছে৷ তাঁর দাবি, পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান চিহ্ণিত করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল৷ কিন্তু, মানুষ তাতে ওয়াকিবহাল নন বলেই মনে হচ্ছে৷ তাই, নতুন করে পার্কিংয়ের স্থান চিহ্ণিত করে হলুদ রং দিয়ে দিক নির্দেশ করা হবে৷ ওই নির্দিষ্ট স্থানেই গাড়ি কিংবা বাইক পার্কিং করতে পারবেন সংশ্লিষ্টরা৷ সাথে তিনি যোগ করেন, হকারদের জন্য সচিত্র পরিচয়পত্র প্রদান করা হবে৷ এতে সমস্ত বিবরণী দেওয়া থাকবে৷ নির্দিষ্ট স্থানের অন্যত্র দোকান খুলে বসলে পুর নিগমের টাস্ক ফোর্স ব্যবস্থা নেবে৷ সেই দোকান টাস্ক ফোর্স তুলে নিয়ে যাবে, বলেন তিনি৷
তাঁর দাবি, আগরতলা শহরে সমীক্ষা অনুযায়ী ২৭০০ জন হকার চিহ্ণিত হয়েছেন৷ তাঁদের সচিত্র পরিচয়পত্র এবং সাথে সার্টিফিকেট দেওয়া হবে৷ কোথায় রাস্তায় দোকান খুলতে পারবেন সমস্ত বিবরণী উল্লেখ থাকবে এতে৷ তাঁর ধারণা, মাস দেড়েকের মধ্যে পার্কিং এবং হকার সমস্যার সমাধান হয়ে যাবে৷

