খসড়া ভোটার তালিকা প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে৷ ১ জানুয়ারি ২০২০-কে ভিত্তি তারিখ ধরে ভারতের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ত্রিপুরার ৬০টি বিধানসভা কেন্দ্রের সচিত্র ভোটার তালিকার বিশেষ সংশোধনী করা হবে৷


রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্তি জানিয়েছেন, এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্যের ৩,৩২৪টি পোলিং স্টেশনে, সমস্ত তহশিল কার্যালয়ে, মহকুমা শাসক ও জেলাশাসক কার্যালয়গুলোতে খসড়া সচিত্র ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে৷ এই তালিকা সাধারণ মানুষ দেখতে পারবেন এবং এর উপর দাবী ও আপত্তি জানাতে পারবেন৷ তাছাড়া নির্বাচন দপ্তরের ওয়েবসাইটেও এই তালিকা দেখা যাবে৷


তাঁর কথায়, খসড়া তালিকা অনুসারে রাজ্যে ভোটার রয়েছেন ২৫ লক্ষ ৮৯ হাজার ১৯৮ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ১৩ লক্ষ ১১ হাজার ৩৪৮ জন, মহিলা ভোটার ১২ লক্ষ ৭৭ হাজার ৮৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৫ জন৷ এছাড়া সার্ভিস ভোটারের মোট সংখ্যা ৯,৭৬২ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৬১৬ জন, মহিলা ভোটার ১৪৬ জন রয়েছেন৷