News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়েট ল্যান্ড ও গ্রিভেন্স কমিটির প্রতিনিধি দলের রুদ্রসাগর পরিদর্শন
Image

ওয়েট ল্যান্ড ও গ্রিভেন্স কমিটির প্রতিনিধি দলের রুদ্রসাগর পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ রুদ্রসাগরে জলস্ফীতিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সরকারের ওয়েট ল্যান্ড গ্রিভেন্স কমিটির প্রতিনিধিদল সোমবার রুদ্রসাগর এলাকা পরিদর্শন করেছে৷ ওয়েট ল্যান্ড গ্রিভেন্স কমিটির চেয়ারম্যান মুখ্য বন সংরক্ষক অমিত শুক্লার নেতৃত্বে প্রতিনিধিদল আজ বিকেলে রাধামাধবপুর, কেমতলি, বৈদ্যরমুড়া, বংশীদ্বীপ, রাজেন্দ্রনগর, চন্দনমুড়া প্রভৃতি এলাকা পরিদর্শন করেন৷ বিধায়ক সুভাষচন্দ্র দাস, মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন উত্তম দাস, রুদ্রসাগর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি পবিত্র দাস, সম্পাদক পরমেশ্বর দাস, সিপাহিজলার জেলাশাসক সিকে জমাতিয়া, সোনামুড়া মহকুমার অতিরিক্ত মহকুমা ম্যাজিস্ট্রেট অসিত দাস-সহ জলসম্পদ, কৃষি, মৎস্য, বন প্রভৃতি বিভিন্ন দফতরের প্রতিনিধিগণও গ্রিভেন্স কমিটির সঙ্গে ছিলেন৷


উদ্ভূত পরিস্থিতিতে রুদ্রসাগর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ সম্পর্কে তাঁরা বিস্তারিত অবহিত হন৷ প্রতিনিধি দলটি বটতলিতে স্লইসগেট পর্যবেক্ষণ করে সম্যক ধারণা নেন৷ এর আগে মেলাঘর পুর পরিষদের কনফারেন্স হল-এ অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের কাছ থেকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিত হন এবং অভাব অভিযোগ শোনেন৷ গ্রিভেন্স কমিটি খুব শীঘই রাজ্য সরকারের কাছে এ বিষয়ে রিপোর্ট পেশ করবে৷


এছাড়া আজ সকালে রুদ্রসাগর ও তার আশপাশ এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সিপাহিজলার জেলাশাসকের নেতত্বে মেলাঘর পুর পরিষদের কনফারেন্স হল-এ এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ বিধায়ক সুভাষচন্দ্র দাস, মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন উত্তম দাস, সোনামুড়ার মহকুমাশাসক সুব্রত মজমদার, রুদ্রসাগর উদ্বাস্ত মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক, সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধানগণ এবং সংশ্লিষ্ট দফতরের আধিকারিকগণ বৈঠকে উপস্থিত ছিলেন৷ রুদ্রসাগর এলাকায় উদ্ভূত পরিস্থিতিতে কৃষক ও মৎস্যচাষীদের সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে পঞ্চায়েত ভিত্তিক একটি করে টিম গঠন করা হয়৷ ৩০ নভেম্বরের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে রাজ্য সরকারের কাছে রিপোর্ট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷


প্রসঙ্গত, মেলাঘরের রুদিজলায় জলস্তর বাড়ার ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রায় দু-হাজার পরিবার৷ চাষাবাদের ওপরই ওই পরিবারগুলি নির্ভরশীল৷ রামসা প্রকল্পের অধীনে এই রুদিজলাকে নিয়ে আসায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের৷ ১৯৭১ সালে ইরানে আন্তর্জাতিক স্তরে একটি কনভেনশন হয়৷ সেখানে ভারতও প্রতিনিধিত্ব করেছিল৷ মূলত ওয়েটল্যান্ড তথা জলাভূমি নিয়ে এই কনভেনশন হয়৷ কীভাবে ওই জলাভূমিকে রক্ষা করা যায় তার জন্য কিছু গাইডলাইনও রয়েছে৷ ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি ভারত ওই কনভেনশনে চুক্তি স্বাক্ষর করে৷ ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর দেশে এই চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়৷ তাতে দেশের প্রায় পঞ্চাশটি জলাশয় চিহিণত করা হয়৷ পরবর্তী সময়ে ত্রিপুরার রুদিজলা সহ দেশে ৮৭টি জলাশয় চিহিণত হয়৷ সেই মোতাবেক ১৯৯৫ সালে রুদিজলা সংরক্ষিত এলাকা হিসেবে চিহিণত হয়৷ তখন থেকে রামসা প্রকল্পের আওতায় চলে আসে এই রুদিজলা৷


রামসার অধীনে রুদিজলাকে সংরক্ষিত করা ও সংরক্ষণ-সহ পরিকাঠামো উন্নয়ন নিয়ে পূর্বতন বামফ্রন্ট সরকার তেমন কোনও উদ্যোগ গ্রহণ করেনি৷ বিজেপি জোট সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর রামসা প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়৷ এরই মধ্যে জনৈক ব্যক্তি হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছিল৷ তখন হাইকোর্ট নির্দেশ দিয়েছিল রুদিজলার জলস্তর ১১ মিটার করার জন্য৷ কিন্তু তাও কার্যকর হয়নি৷ শেষে রাজ্য সরকারকে হাইকোর্ট নির্দেশ দেয় যাতে একটি সুবিধাজনক জলস্তর সৃষ্টি করে৷ তাই রাজ্য সরকার ১০ মিটার জলস্তর করে৷ তাতে সমস্যার সৃষ্টি হয়৷ বিস্তীর্ণ এলাকার কৃষিজমিতে জল জমে যায়৷ চাষাবাদ করা সম্ভব হচ্ছে না৷ তাই কৃষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়৷ গত কদিন ধরেই কৃষকরা আন্দোলন করে আসছেন৷ শনিবার পথ অবরোধ আন্দোলনে নেমে পড়েছিলেন কৃষকরা৷


বুধবার সকালে রুদিজলার কৃষকদের ক্ষোভ প্রশমিত হতে পারে৷ রবিবার রুদিজলা এলাকা পরিদর্শন করে এলাকাবাসীকে এমনই আশার আলো দেখিয়েছেন আইনমন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর আশ্বাস, কৃষকদের চাষাবাদ বন্ধ হয়ে যাক এমন কোনও পথে এগোবে না ত্রিপুরা সরকার৷ প্রয়োজনে রুদিজলাকে নিয়ে যে রামসা প্রকল্প রয়েছে তা প্রত্যাহার করে নেওয়া হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top