News Flash

  • Home
  • Uncategorized
  • অবরোধ প্রত্যাহার রিয়াং শরণার্থীদের, সাময়িক স্বস্তি
Image

অবরোধ প্রত্যাহার রিয়াং শরণার্থীদের, সাময়িক স্বস্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ ব্রু শরণার্থীদের পুনরায় রেশন সরবরাহের প্রতিশ্রুতি দিল রাজ্য সরকার৷ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তাদের রেশন সরবরাহ চালু থাকবে৷ রাজ্য সরকার ওই রেশন সরবরাহের সমস্ত খরচ বহন করবে৷ আজ ব্রু শরণার্থী নেতাদের সাথে বৈঠকের পর এই ঘোষণা দেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ এই প্রতিশ্রুতির ভিত্তিতে টানা ৮ দিন বাদে দশদা-আনন্দবাজার রাস্তা অবরোধ তুলে নিলেন ব্রু শরণার্থীরা৷ রাজ্য সরকারের হস্তক্ষেপে ব্রু শরণার্থীরা সাময়িক স্বস্তি দিয়েছেন৷ তবে, সহসা ওই জট কাটবে বলে মনে হচ্ছে না৷ কারণ এমবিএডিপিএফ সংগঠনের সাধারণ সম্পাদক ব্রোনো মিশার সাফ কথা, বিনামূল্যে রেশন সরবরাহ সমাধান হতে পারে না৷ এমনকি, মিজোরামে প্রত্যাবর্তনও শরণার্থী সমস্যার সমাধান নয়৷ তাঁর দাবি, ব্রু শরণার্থীদের বিষয়ে নতুনভাবে আলোচনা শুরু হোক৷


১৯৯৭ সালে জাতি দাঙ্গার শিকার ব্রু জনজাতি মিজোরাম থেকে পালিয়ে ত্রিপুরায় আশ্রয় নেন৷ ওই সময় থেকে উত্তর ত্রিপুরা জেলায় কাঞ্চনপুর এবং পানিসাগরে ৭টি শিবিরে তাঁদের আশ্রয় দেওয়া হয়েছিল৷ কালের বিবর্তনে নানা পরিবর্তন হলেও ব্রু শরণার্থীদের ভাগ্য আজও সেই তিমিরেই রয়ে গেছে৷ তাঁদের মিজোরামে প্রত্যাবর্তনে বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হয়েছে৷ কিন্তু, প্রত্যেকবার ব্রু শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া ভেস্তে গেছে৷ ২০১৮ সালে ব্রু শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু করতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার৷ গতবছর ২৩ জুলাই ত্রিপুরায় আশ্রিত ব্রু শরণার্থী প্রত্যাবর্তনে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল৷ সে মোতাবেক গতবছর অক্টোবরে প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল৷ ফলে, ৩০ সেপ্ঢেম্বর পর্যন্ত শরণার্থী শিবিরে বিনামূল্যে রেশন সরবরাহ চালু রেখেছিল কেন্দ্রীয় সরকার৷ কিন্তু, ব্রু শরণার্থী তাতেও মিজোরামে ফিরে যাননি৷ তাই, ওই যাত্রায় ২১ দিন রেশন সরবরাহ বন্ধ থাকার পর পুনরায় চালু করা হয়েছিল৷


এদিকে, কেন্দ্রীয় সরকার আবারো ব্রু শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনে প্রক্রিয়া শুরু করে৷ তাতে, চলতি বছরের সেপ্ঢেম্বরে তাঁদের প্রত্যাবর্তনের চুক্তি স্বাক্ষরিত হয়৷ সেই মোতাবেক ৩ অক্টোবর থেকে ব্রু শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত হয়৷ এক্ষেত্রেও গত ১ অক্টোবর থেকে শরণার্থী শিবিরে বিনামূল্যে রেশন এবং নগদ আর্থিক সহায়তা বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার৷ তাতেই দেখা দেয় বিপত্তি৷ ব্রু শরণার্থীরা এবার রেশন এবং নগদ আর্থিক সহায়তার দাবিতে রাস্তা অবরোধ শুরু করেন৷ গত ৩১ অক্টোবর থেকে কাঞ্চনপুর মহকুমার দশদা-আনন্দবাজার রাস্তা ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁরা অবরোধ করেন৷ এই অবরোধ কর্মসূচি প্রত্যাহারের বহু চেষ্টা করেছে জেলা ও মহকুমা প্রশাসন৷ কিন্তু, বলপ্রয়োগের হুমকি দিয়েও অবরোধ ঠেকাতে পারেনি প্রশাসন৷ গতকাল ১৪৪ ধারা ধারার মধ্যেই ব্রু শরণার্থীরা রাস্তা অবরোধ করেছেন৷ শুধু তাই নয়, প্রাক্তন পিসিসি সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন গতকাল অবরোধস্থলে গিয়ে সভাও করেছেন৷


ব্রু শরণার্থীদের বিক্ষোভের জেরে উদ্ভূত ওই পরিস্থিতি মোকাবিলায় আজ কাঞ্চনপুর ছুটে যান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, আইন মন্ত্রী রতন লাল নাথ, উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী শান্তনা চাকমা এবং সাংসদ প্রতিমা ভৌমিক ও সাংসদ রেবতী ত্রিপুরা৷ সেখানে গিয়ে তাঁরা প্রথমেই কাঞ্চনপুর ডাকবাংলোতে প্রশাসনিক বৈঠক করেন৷ উত্তর ত্রিপুরা জেলা শাসক রেভেল হেমেন্দ্র কুমার, কাঞ্চনপুর মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য এবং উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সাথে বৈঠকে পরিস্থিতির পর্যালোচনা করেন তাঁরা৷ বৈঠক শেষে তাঁরা সোজা চলে যান লক্ষীপুরে অবরোধস্থলে৷


এদিন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা অবরোধকারী ব্রু শরণার্থীদের আশ্বস্ত করেন, আমরা আপনাদেরই লোক৷ তাই, এই সমস্যার সমাধান বের করতে চাই৷ তিনি শরণার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কষ্ট আমাদের কাঁদায়৷ তাই আপনাদের নেতাদের বলেছি, সমস্যা বাড়াবেন না, সমাধান খুঁজে বের করুন৷ উপমুখ্যমন্ত্রীর কথায়, ব্রু শরণার্থী প্রত্যাবর্তনে শীঘ্রই সমাধান চাইছে ত্রিপুরা সরকার৷ তিনি বলেন, রাজনৈতিকভাবে নয়, মানবিক দৃষ্টিভঙ্গিতে ব্রু শরণার্থী ইস্যুতে সমাধান চাইছি আমরা৷ তাঁর দাবি, এই বিষয়ে ত্রিপুরা সরকারের এক্তিয়ার খুবই সীমিত৷ কারণ, ব্রু শরণার্থী প্রত্যাবর্তনে মিজোরাম সরকার এবং কেন্দ্রীয় সরকারকেই মূল ভূমিকা পালন করতে হবে৷ তবে, আপনাদের কল্যাণ দেখার দায়িত্ব রয়েছে আমাদেরও, বলেন তিনি৷


এদিন ব্রু শরণার্থীদের সাথে প্রাথমিক আলোচনার পর অবরোধস্থলের কাছেই অবস্থিত এসপিও ক্যাম্পে এমবিডিপিএফ সংগঠনের নেতাদের সাথে ত্রিপুরা সরকারের মন্ত্রিরা এবং দুই সাংসদ দীর্ঘ বৈঠক করেন৷ বৈঠক শেষে উপমুখ্যমন্ত্রী ঘোষণা দেন, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত শরণার্থী শিবিরে রেশন সরবরাহ করা হবে৷ বিনিময়ে আপনারা অবরোধ প্রত্যাহার করে নিন, আবেদন রাখেন তিনি৷ উপমুখ্যমন্ত্রী বলেন, ব্রু শরণার্থী নেতাদের সাথে তাঁদের দাবিদাওয়া নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে৷ তাঁর দাবি, ত্রিপুরায় এখন সমস্যার নয়, সমাধানের সরকার ক্ষমতায় রয়েছে৷ তাই, ব্রু শরণার্থী সমস্যা নিয়ে ত্রিপুরা সরকার মিজোরাম ও কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করবে বলে স্থির করেছে৷ তিনি ব্রু শরণার্থীদের উদ্দেশ্যে আবেদন রাখেন, আপনারা অবরোধ তুলে নিন৷ কারণ, এই অবরোধে কারোর কোন ফায়দা হবে না৷ তিনি বলেন, ত্রিপুরা সরকার আপনাদের রেশন সরবরাহ করবে বলে স্থির করেছে৷ তার পুরো খরচ ত্রিপুরা সরকারই বহন করবে৷ উপমুখ্যমন্ত্রী বলেন, উত্তর ত্রিপুরা জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে আগামীকাল থেকে শরণার্থী শিবিরে পূর্বের ন্যায় রেশন সরবরাহ করা হোক৷


উপমুখ্যমন্ত্রী ফের আবেদন রাখেন, আপনারা ঘরে ফিরে যান৷ কারণ অবরোধে কোন সমস্যার সমাধান হবে না৷ বরং, সমন্বয়ের মাধ্যমেই সমাধান সম্ভব বলে মনে করেন তিনি৷ তিনি বলেন, আপনাদের নেতাদের ডেকেছি৷ আপনাদের সমস্যা নিয়ে ত্রিপুরা সরকার আলোচনায় প্রস্তুত রয়েছে৷ তাঁর কথায়, শরণার্থী সমস্যা নিয়ে নেতাদের সাথে আলোচনার নির্যাস কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দেবে ত্রিপুরা সরকার৷


এদিকে, রেশন চালু করার ত্রিপুরা সরকারের সিদ্ধান্তে খুশি হলেও, তাতে সমস্যার সমাধান হবে না বলে দাবি করেন এমবিডিপিএফ সংগঠনের সাধারণ সম্পাদক ব্রুনো মিশা৷ তাঁর সাফ কথা, বিনামূল্যে রেশন শরণার্থী সমস্যার সমাধান হতে পারে না৷ এমনকি, মিজোরামে প্রত্যাবর্তনও ওই সমস্যার সমাধান নয়৷ তাই, ব্রু শরণার্থী সমস্যা সমাধানে পুনরায় আলোচনা শুরু হোক চাইছেন তিনি৷ ব্রুনো বলেন, ত্রিপুরা সরকার আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে৷ তাই, আজ আমরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে নিয়েছি৷ তিনি আরও জানান, এমবিডিপিএফ সংগঠনের চারজনের এক প্রতিনিধি দল আজ দিল্লি গেছেন৷ আগামীকাল তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করবেন৷ তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে ব্রু শরণার্থী প্রত্যাবর্তনে নতুন করে আলোচনার আবেদন জানানো হবে৷ কারণ, কিছু ছোটখাটো সমস্যার সমাধান খুবই জরুরি হয়ে পড়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top