News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের প্রায় ৪৩ শতাংশ মহিলা স্বামী নিকট আত্মীয়দের দ্বারা নির্যাতিতা হন
Image

রাজ্যের প্রায় ৪৩ শতাংশ মহিলা স্বামী নিকট আত্মীয়দের দ্বারা নির্যাতিতা হন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ রাজ্যে গার্হস্থ্য সংক্রান্ত অপরাধ আরও কমিয়ে আনার লক্ষ্যে পুলিশ প্রশাসন, মহিলা কমিশন এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে (এনজিও) একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, রাজ্যের প্রায় ৪৩ শতাংশ মহিলা তাঁদের স্বামী বা নিকট আত্মীয়দের দ্বারা নির্যাতিত হয়ে থাকেন৷ এক্ষেত্রে নতুন যাঁদের বিয়ে হবে সেই সব নবদম্পতির বিবাহ নিবন্ধীকরণ করার উপর গুরুত্ব দিতে হবে৷ আজ প্রজ্ঞাভবনে ’মহিলা সংক্রান্ত অপরাধে তদন্তকারী পুলিশ আধিকারিকদের দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক তিনদিনের কর্মশালার উদ্বোধন করে এ-কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷


প্রসঙ্গত, পুলিশ দফতরের উদ্যোগে এবং জাতীয় মহিলা কমিশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় ৫০ জন পুলিশ আধিকারিককে মহিলা সংক্রান্ত অপরাধে তদন্তের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে৷ এঁদের মধ্যে অর্ধেকেরও বেশি রয়েছেন মহিলা পুলিশ আধিকারিক৷


উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী দেব বলেন, ত্রিপুরায় মহিলাদের সুরক্ষিত রাখা রাজ্য সরকারের প্রধান দায়িত্ব৷ বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজ্যে মহিলা সংক্রান্ত অপরাধ অনেক কমেছে৷ এটা রাজ্যের জন্য একটা শুভ লক্ষণ ৷ কিন্তু আমরা চাই রাজ্যে কোনও ধরনের মহিলা নির্যাতনের ঘটনা যাতে না ঘটে৷ এক্ষেত্রে নববিবাহিত দম্পতিদের বিবাহ নিবন্ধীকরণের পাশাপাশি ১৪-২০ বছর বয়সি ছেলে-মেয়েদের প্রতিও বিশেষ লক্ষ্য রাখতে হবে৷


মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সমাজ ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে ৷ আর সমাজ ব্যবস্থা তখনই শক্তিশালী হবে যখন মহিলাদের শক্তিশালী ও সচেতন করা যাবে ৷ তাঁর মতে, মহিলারা সুরক্ষিত থাকলে তা সমাজের পক্ষে মঙ্গল ৷ কারণ, বর্তমান রাজ্য সরকার দায়িত্ব নেওয়ার পর নির্যাতিতা মহিলাদের সহায়তা করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে ৷ এর মধ্যে উল্লেখযোগ্য হল ধর্ষণের শিকার মহিলাদের ক্ষতিপূরণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লক্ষ টাকা করা হয়েছে, শারীরিকভাবে নির্যাতিতা বালিকাদের ক্ষেত্রে ক্ষতিপূরণ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে, ত্রিপুরা ভিকটিম কমপেনসেশন স্কিম অনুসারে মানব পাচারের শিকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ক্ষতিপূরণ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে, যৌন নির্যাতনের শিকার কোনও মহিলা বা বালিকার মত্যু হলে ক্ষতিপূরণ ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে ইত্যাদি ৷ এছাড়াও মহিলাদের সশক্তিকরণের উদ্দেশ্যে পুলিশ প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে ৷ ছিনতাইবাজদের কঠোর শাস্তি প্রদানের লক্ষ্যে কঠোর আইন প্রণয়নও করা হয়েছে, জানান তিনি৷


মুখ্যমন্ত্রী বলেন, নতুন সরকার আসার পর মহিলা সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে খুব কম সময়ের মধ্যেই অপরাধীদের গ্রেফতারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং অপরাধীদের সাজার হারও ২৯ শতাংশ থেকে বেড়ে ৩৯ শতাংশে পৌঁছেছে ৷ তাঁর দাবি, পুলিশ প্রশাসন আইন প্রয়োগে কঠোর মনোভাব নিয়ে কাজ করার ফলেই এটা সম্ভব হয়েছে ৷ মুখ্যমন্ত্রী বলেন, মহিলারা হচ্ছেন সমাজের শক্তির আধার ৷ রামায়ণ, মহাভারতের মতো প্রাচীন ধর্মগ্রন্থেও মহিলাদের শক্তির আধার হিসেবে বর্ণনা করা হয়েছে ৷ তাই কোনও দেশ বা রাজ্যকে উন্নত করতে হলে মহিলাদের সুরক্ষিত রাখা একান্ত প্রয়োজন ৷ তাঁর দাবি, রাজ্যে মহিলা নির্যাতনের হার কমে যাওয়ার ফলে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের উন্নয়ন সম্ভব হচ্ছে ৷ রাজ্যের মহিলাদের সুরক্ষিত রাখার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের পাশাপাশি মহিলা কমিশন, এনজিও সবাইকে মিলে একসঙ্গে কাজ করতে হবে, পরামর্শ দেন তিনি ৷


অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা বলেন, বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য হল মহিলাদের সুরক্ষা প্রদান করা ৷ এতে দেখা গেছে গত দেড় বছরে মহিলা সংক্রান্ত অপরাধ অনেক কমেছে ৷ তিনি বলেন, মহিলাদের যদি সমাজে সম্মান না থাকে তা-হলে সমাজেরও কখনও উন্নতি হতে পারে না ৷ কারণ কোনও পরিবারের শিশুদের প্রথম শিক্ষা ও সংস্কার তৈরি হয় তাদের মায়ের কাছ থেকে ৷


অনুষ্ঠানে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী বলেন, রাজ্যের নির্যাতিত মহিলারা যাতে সহজেই আইনি সহযোগিতা পেতে পারেন সে বিষয়ে রাজ্য মহিলা কমিশন কাজ করছে ৷ রাজ্যে মহিলা নির্যাতনের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে মহিলা কমিশন সব সময়ই পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে যাবে ৷ এছাড়া বক্তব্য পেশ করেন পুলিশের অতিরিক্ত মহানির্দেশক রাজীব সিং, পুনীত রস্তোগি (আইজি, ক্রাইম অ্যান্ড ট্রেনিং) এবং রাজ্য সরকারের আইনসচিব গৌতম দেবনাথ ৷ অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের সিনিয়র কো-অর্ডিনেটর এম লীলাবতী ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top