News Flash

  • Home
  • Uncategorized
  • রাজীব কুমার মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই
Image

রাজীব কুমার মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

কলকাতা, ১ অক্টোবর (হি.স): রাজীব কুমার মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই । মঙ্গলবার হাইকোর্টে সারদা কাণ্ডে আগাম জামিন পেয়ে যান কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার ৷ মঙ্গলবার তাঁর আগাম জামিন মঞ্জুর করে হাইকোর্টের বিচারপতি শহিদুল্লা মুন্সি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ ৷ তাই, এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

জানা গেছে, প্রথমে এদিনের রায়ের কপি দিল্লিতে পাঠানো হবে ৷ লিগাল সেলের সঙ্গে কথা বলে সুপ্রিম কোর্টে মামলা করবেন সিবিআইয়ের আইনজীবীরা ৷ মঙ্গলবারই হাইকোর্টে ছিল পুজোর ছুটির আগে শেষ কর্মদিবস । হাইকোর্ট অক্টোবরের শেষ দিনে খুলবে । আবার সুপ্রিম কোর্ট ৪ অক্টোবর বন্ধ হয়ে ১৪ অক্টোবর খুলবে । ফলে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করতে হবে আগামী তিনদিনের মধ্যে । না হলে ১৪ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে সিবিআইকে ।

সূত্রের খবর, সিবিআই আধিকারিকরা, আইনি পরামর্শ নিয়ে রাজীব কুমারকে গ্রেফতারের তোড়জোড় করছেন । কারণ সারদা রিয়ালিটি মামলায় এদিন কলকাতা হাইকোর্টে আগাম জামিন মঞ্জুর হলেও রোজভ্যালি কাণ্ডে রাজীব কুমারের নামে মামলা রয়েছে । সারদা এবং রোজভ্যালি মামলার পৃথকভাবে তাঁকে নোটিশ দিতে পারে সিবিআই ।

মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি শহিদুল্লা মুন্সি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করে ৫০ হাজার টাকার বন্ডে জামিন দেয় ৷  তবে, এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদনের রাস্তা খোলা রয়েছে সিবিআইয়ের কাছে । এদিন রায় ঘোষণার সময়, জানিয়ে দেওয়া হয় রাজীব কুমারকে যদি গ্রেফতার করা হয়, তা হলে তিনি সঙ্গে সঙ্গে জামিন পেয়ে যাবেন । আগাম জামিন মঞ্জুর করা হলেও, কলকাতা ছেড়ে রাজীব কুমার যেতে পারবেন না বলেও রায়ে উল্লেখ করেছেন দুই বিচারপতি ।

মঙ্গলবার এই আগাম জামিন মঞ্জুর করার ক্ষেত্রে আদালতের তরফে জানাল হয়েছে, হেফাজতে নিয়ে রাজ্যের গোয়েন্দা প্রধানকে জেরা করার প্রয়োজন নেই ৷ এমনকী  বেশ কয়েকটি শর্তও দিয়েছেন বিচারপতি শহিদুল্লা মুন্সি ৷ তিনি জানান, সিবিআইয়ের তলবে হাজিরা দিতে হবে রাজীব কুমারকে ৷ সেক্ষেত্রে তলবের ৪৮ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে সিবিআইকে ৷ দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার ৷ এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে সিবিআই ৷

গত কয়েকদিন ধরেই ‘ইন ক্যামেরা’ বা বন্ধ ঘরে চলে শুনানি । বিচারপতি শহিদুল্লা মুন্সি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে প্রথম থেকেই সংবাদমাধ্যমের উপস্থিতিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল । এরআগে, অভিযুক্ত আইপিএসের তরফে তাঁর আইনজীবী সিবিআইয়ের যুক্তির বিরোধিতা করেন । সোমবার, রাজীব কুমারের আগাম জামিনের বিরোধিতা করা হয় সিবিআইয়ের তরফে । জানা গেছে, সিবিআইয়ের যুক্তিতে সন্তুষ্ট নন হাইকোর্টের বিচারপতিরা ।
আদালত সূত্রে খবর, এদিন রাজীবের আগাম জামিনের বিরোধিতা করে তাঁকে হেফাজতে নেওয়ার একাধিক কারণ দর্শান সিবিআইয়ের আইনজীবী ওয়াই জেড দস্তুর ৷ তিনি জানান, শিলংয়ে জেরার সময় একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন এই দুঁদে আইপিএস অফিসার ৷ গ্রেফতার হবেন না জেনে, সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করেননি তিনি ৷ এরপর একাধিকবার তলব করা হলেও হাজিরা দেননি ৷ এছাড়া, সারদাকাণ্ডের তদন্তে গঠিত রাজ্য সরকারের সিটের সঙ্গে যুক্ত থাকা অনেক অফিসারকে জিজ্ঞাসাবাদ করেও রাজীব কুমার সম্পর্কে অনেক তথ্য পেয়েছে সিবিআই ৷ সিবিআইয়ের আইনজীবী সওয়ালের সময় জানিয়ে ছিলেন, রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরার প্রয়োজন রয়েছে । কারণ তাঁকে ৮ বার তলব করা হলে মাত্র দু’দিন তিনি হাজিরা দিয়েছিলেন । তাও হাইকোর্টের রক্ষাকবচ থাকার সময় । সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি শিলং-এ গিয়েছিলেন । তখন তাঁকে প্রায় ৪০ ঘণ্টা জেরা করা হয়েছিল । কিন্তু রক্ষাকবচ উঠে যাওয়ার পর, তিনি হাজিরা দেননি । তাঁকে নোটিশ দেওয়া হলেও, হাজিরা না দিয়ে পালাতক ছিলেন ।

কলকাতা হাইকোর্টই রাজীব কুমারের উপর থেকে আইনি রক্ষাকবচ সরিয়ে নিয়েছিল । এরপর রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের জন্যে নোটিশ পাঠানো হয়েছিল । কিন্তু তিনি হাজিরা না দিয়ে আত্মগোপন করে ছিলেন । তারপর গত ১৭ দিন ধরে আদালতে আদালতে ঘুরেছেন রাজীব কুমার । প্রথমে বারাসত সিবিআই কোর্ট । সেখানে এক্তিয়ারের প্রশ্ন ওঠায় রাজীব কুমারের আবেদন গৃহীতই হয়নি । তারপর বারাসত জজ কোর্ট । জেলা জজ জানিয়ে দেন, সারদার মূল মামলা যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনায়, তাই উত্তর চব্বিশ পরগনার জেলা আদালত এর শুনানি করতে পারে না । তাঁকে আবেদন করতে হলে, তা করতে হবে আলিপুর আদালতে । আলিপুর আদালতে যান বর্তমান এডিজি সিআইডি । আলিপুর আদালত রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় । তার পরই গত সোমবার হাইকোর্টের দ্বারস্থ হন তাঁর স্ত্রী সঞ্চিতা কুমার । বুধবার এই মামলার প্রথম শুনানি শুরু হয় । শুক্রবারও এক দফা শুনানি হয়  । সোমবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানি শেষ হয় । তবে ওই দিন রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ । এরআগে গত তিনদিন ধরে রাজীব কুমারের আগাম জামিনের শুনানি চলছিল আদালতে । সোমবার সকালেও রুদ্ধদ্বার কক্ষে, শুনানি শুরু হয় । সেখানে সিবিআইয়ের আইনজীবীরা তাঁর জামিনের বিরোধিতা করলেও সোমবারই রায় ঘোষণা হয়ে যাবে বলে মনে করা হয়েছিল । কিন্তু রায়দান স্থগিত করে দেয় ডিভিশন বেঞ্চ । মঙ্গলবার সেই রায় দেন বিচারপতি শহিদুল্লা মুন্সি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্ত ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top