তিব্বত ও কৈলাশ মানসরোবরের মুক্তির জন্য চিনা পণ্য বয়কটের আহ্বান ইন্দ্রেশ কুমারের

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি. স.) : তিব্বত ও কৈলাশ মানসরোবরের মুক্তির জন্য চিনা পণ্য বয়কটের আহ্বান  জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর্বভারতীয় কার্যর্বাহী সদস্য ইন্দ্রেশ কুমার | রবিবার চিনা পণ্য বর্জনের আহ্বান জানিয়ে ইন্দ্রেশ কুমার বলেন, দেশবাসী উৎসব উদযাপনে যেন চিনা পণ্য ব্যবহার না করেন। তিনি বলেন, দেশবাসী এমন পদক্ষেপ নিলে তা চিনকে অর্থনৈতিকভাবে দুর্বল করবে এবং তা চিন থেকে তিব্বত ও কৈলাশ মানসরোবরের মুক্তির পথ সুগম করবে।


ভারত-তিব্বত সহযোগিতা ফোরামের ২০ বছরের স্মরণে নয়াদিল্লিতে ইন্দিরা গান্ধী জাতীয় শিল্পকেন্দ্রের আর্টস কনফারেন্সে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর্বভারতীয় কার্যর্বাহী সদস্য ইন্দ্রেশ কুমার। এই অনুষ্ঠানে নিজের বক্তব্যে ইন্দ্রেশ কুমার বলেন, ভারত চিনের সঙ্গে পঞ্চশীল চুক্তি করেছে এবং ‘হিন্দি-চিনি, ভাই-ভাই’ স্লোগান দিয়েছে।

তা সত্ত্বেও চিন বারবার ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ভারতের সুরক্ষার দিক থেকে তিব্বতের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য প্রয়োজন চিন আকসাই থেকে চিনকে সরিয়ে নেওয়া, পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীর ছেড়ে দেওয়া এবং চিনের খপ্পর থেকে কৈলাশ মানসরোবরের মুক্তি। তিনি বলেন, যেদিন এই সমস্ত কাজ সম্পূর্ণ হবে, সেই দিন থেকে তিব্বতের স্বাধীনতার পথ প্রশস্ত হতে শুরু করবে।