News Flash

  • Home
  • Uncategorized
  • এসমা বিল পাশ বিধানসভায়, প্রতিবাদে ওয়াকআউট বিরোধীদের
Image

এসমা বিল পাশ বিধানসভায়, প্রতিবাদে ওয়াকআউট বিরোধীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে চালু হতে চলেছে এসমা৷ বিধানসভায় এসমা (এসেনশিয়াল সার্ভিসেস মেইন্টেন্যান্স অ্যাক্ট) বিল পাশ হয়েছে৷ স্বাভাবিকভাবেই বিরোধীরা আজও এই বিলের বিরোধিতা করেছেন এবং প্রতিবাদে বিধানসভা অধিবেশন ওয়াকআউট করে বেরিয়ে যান৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, অত্যাবশক পরিষেবা বহাল রাখার উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে ৷ কারোর সাথে প্রতিহিংসামূলক আচরণ এই বিলের লক্ষ্য নয় ৷ তাঁর দাবি, নাগরিকদের নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ৷ তাই, জরুরি পরিষেবা স্বাভাবিক রাখার ক্ষেত্রে কোনও সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে খামখেয়ালি এবং গাফিলতি বরদাস্ত করা হবে না ৷


একটি দৃষ্টান্ত তুলে ধরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, গত ৮ জুলাই আইজিএম হাসপাতালে ডায়ালসিস পরিষেবা প্রদানকারীদের পক্ষ থেকে বিল মিটিয়ে দেওয়ার একটি চিঠি পাওয়া গেছে৷ কিন্তু চিঠি দেওয়ার পরের দিনই তাঁরা ডায়ালসিস পরিষেবা বন্ধ করে দেন৷ মুখ্যমন্ত্রীর দাবি, আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর তাঁরা পরিষেবা পুনরায় শুরু করেন৷ তিনি বলেন, অনেকক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে৷ একাংশ শিক্ষক কর্মচারী নিজেদের দায়িত্ব ভুলে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন৷ তাঁদের লাগাম টানার লক্ষ্যেই এই বিল আনা হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷ সাথে তিনি যোগ করেন, কেরালা-সহ দেশের ১০টি রাজ্যে এসমা চালু রয়েছে৷ ফলে, ত্রিপুরায় এসমা চালু করা গণতন্ত্র এবং সংবিধান বিরোধী বলে তিনি মনে করেন না৷


তিনি আরও বলেন, ত্রিপুরায় ইতিপূর্বেও এসমা প্রয়োগ করা হয়েছে৷ উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, ২০১০ সালের ২৪ জুলাই ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এসমা জারি করা হয়েছিল৷ কেরল সরকারও সম্প্রতি এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখার জন্য এসমা চালু করেছিল ৷ শুধু তা-ই নয়, ২০১৭ সালের জুলাই মাসে বেসরকারি হাসপাতালে নার্সদের আন্দোলন বন্ধ করার জন্য এসমা প্রয়োগ করেছিল কেরালা সরকার ৷


তাঁর দাবি, এসমা সরকারি কর্মচারী বিরোধী নয়৷ কারণ তিনমাস পর এসমা বিল সংশোধন করতে হয়৷ তাঁর বক্তব্য, ত্রিপুরা সরকারের বিকাশমুখী কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিল আনা হয়েছে ৷ তবে, যাঁরা কাজ করতে ইচ্ছুক নন, তাঁরাই এই আইনকে ভয় পাবেন৷ দায়িত্ব সম্পর্কে সজাগ ও সচেতন শিক্ষক-কর্মচারীরা এই বিলের পরোয়া করবেন বলে মনে করি না ৷


কিন্তু, বিরোধীরা মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে আশ্বস্ত হতে পারেননি৷ বিরোধী দলনেতা মানিক সরকারের কথায়, ত্রিপুরায় যে কোনও পরিষেবা বিপর্যস্ত হোক আমরা কেউই তা চাইব না৷ তবে, কথা বলার অধিকার থাকবে না এমনটা হতে পারে না৷ তাঁর দাবি, ত্রিপুরার সকল অংশের মানুষ যথেষ্ট দায়িত্বশীল৷ দায়িত্ববোধ থেকেই মাথায় প্লাস্টার বেঁধেও চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রেখেছেন চিকিৎসকরা৷ বিরোধী দলনেতার বক্তব্য, এই বিল ধর্মঘট বন্ধ করার জন্য ভীতি সৃষ্টি করবে৷ সরকারি কর্মচারীরা মনে করবেন, প্রশাসনের চোখ রাঙানি সহ্য করেই তাঁদের কাজ করতে হবে৷ তিনি কটাক্ষ করে বলেন, এই বিল দেখে মনে হচ্ছে ত্রিপুরা সরকার কর্মচারীদের ওপর বিশ্বাস রাখতে পারছে না৷ তিনি প্রশ্ণ ছুঁড়ে দিয়ে বলেন, মাত্র ১৬ মাসে কী কারণে পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছলো? তাঁর পরামর্শ, সমস্ত সরকারি কর্মচারীদের আস্থা অর্জন করতে হবে৷ তাঁর মতে, একাংশ নেতিবাচক মানসিকতাসম্পন্ন কর্মচারীদের জন্য সমস্ত কর্মচারীকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত হবে না৷ তাঁর আবেদন, ভয়ভীতির পরিবেশ তৈরি করার বদলে প্রশাসন এবং জনগণ উভয়কে একসাথে নিয়ে চলুক৷


বিরোধী দলনেতার বক্তব্যের আপত্তি জানিয়ে ট্রেজারি বেঞ্চের সদস্য রতন চক্রবর্তী কটাক্ষ করে বলেন, সহানুভূতির নামে কর্মচারীদের সুড়সুড়ি দেওয়া উচিত হচ্ছে না৷ অবশ্য, ট্রেজারি বেঞ্চের কটূক্তি উপেক্ষা করে বিরোধী দলনেতা পরামর্শ দেন, রাজ্য সরকারের বিরুদ্ধে যাঁরা ষড়যন্ত্র করছেন তাঁদের চিহিণত করুন৷ তবে, এই আইন প্রত্যাহার করে নিন৷


এদিকে, ট্রেজারি বেঞ্চের সদস্য সুদীপ রায়বর্মণ এই বিলে পদ্ধতিগত ত্রুটি রয়েছে দাবি করে আপাতত বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর পরামর্শ দেন৷ তাঁর কথায়, এসমা কার বিরুদ্ধে প্রয়োগ করা হবে নির্দিষ্টভাবে তা বিলে উল্লেখ করা হয়নি৷ তাতে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে তিনি মনে করেন৷ তাই, বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, দাবি জানান তিনি৷ কিন্তু মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, এই বিলে পদ্ধতিগত কোনও ত্রুটি নেই৷ এসমা প্রয়োগ করার বিষয়ে সুনির্দিষ্টভাবে সমস্ত কিছু বিলে উল্লেখ রয়েছে৷ এই দাবি করে তিনি এসমা বিল সমর্থনের জন্য সকলের কাছে আবেদন জানান৷ কিন্তু বিরোধীরা এই বিল প্রত্যাহার না হওয়ার প্রতিবাদে ওয়াকআউট করেন৷ এর পর ধবনিভোটে এই বিলটি পাশ হয়ে যায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top