News Flash

  • Home
  • Uncategorized
  • ১৯৫২-২০১৯ : চোখের জলে বিদায় সুষমা স্বরাজ, শোকস্তব্ধ গোটা দেশ
Image

১৯৫২-২০১৯ : চোখের জলে বিদায় সুষমা স্বরাজ, শোকস্তব্ধ গোটা দেশ

নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): আইনজীবী থেকে দুঁদে রাজনীতিক, বিপদে পড়লে সাহায্যের জন্য সর্বদাই হাত বাড়িয়ে দিয়েছিলেন জননেত্রী সুষমা স্বরাজ| অনেকেই তাঁকে ‘সুপারমম’ হিসেবেও আখ্যা দেন| আত্মীয়-পরিজন, রাজনৈতিক মহল, বন্ধুবান্ধব, শুভাকাঙ্খী প্রত্যেককে শোকস্তব্ধ করে পরলোকগমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেত্রী সুষমা স্বরাজ| ১৯৫২ সালের ১৪ ফেব্রুয়ারি, হরিয়ানার আম্বালা ক্যান্টনমেন্টে জন্মগ্রহণ করেছিলেন বাকপটু সুষমা স্বরাজ| শিক্ষার্থী-জীবনে রাজ্যস্তরের প্রতিযোগিতায় পরপর তিন বছর হিন্দিভাষার সেরা বক্তার শিরোপা পেয়েছিলেন তিনি| সুষমা স্বরাজের বাবা হরদেব শর্মা ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র একজন গুরুত্বপূর্ণ ও সক্রিয় সদস্য| মা লক্ষ্মীদেবী গৃহবধূ| আম্বালা ক্যান্টনমেন্টের সনাতন ধর্ম কলেজ থেকে সংস্কৃত ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ছিলেন সুষমা| এরপর আইন নিয়ে পড়াশোনা পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে|

সাতের দশকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে হাতেখড়ি রাজনৈতিক জীবনে| জয়প্রকাশ নারায়ণের রাজনৈতিক কর্মকাণ্ডের সক্রিয় কর্মী ছিলেন সুষমা| জরুরি অবস্থার পর যোগ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে| রাজনীতির পাশাপাশিই চলছিল আইনবিদ্যা-চর্চা| ১৯৭৩ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে পথচলা শুরু| সেখানেই পেয়ে যান ভবিষ্যতের জীবনসঙ্গীকে|  সুপ্রিম কোর্টের দুই আইনজীবী স্বরাজ কৌশল ও সুষমা শর্মার একসঙ্গে পথ চলা শুরু হয় দেশজুড়ে জরুরি অবস্থার মধ্যে| ১৯৭৫ সালের ১৩ জুলাই সুষমা বিয়ে করেন স্বরাজকে| তারপর থেকে শর্মার বদলে সুষমার নতুন পদবী স্বরাজ| সুষমার স্বামী স্বরাজ কৌশল সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এবং একজন ক্রিমিনাল আইনজীবী| তিনি ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত মিজোরামের রাজ্যপাল ছিলেন| আইনজ্ঞ দম্পতির একমাত্র মেয়ে বাঁশুরীও একজন আইনবিদ| তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী| সুষমার বোন বন্দনা শর্মা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক| তাঁর ভাই গুলশন শর্মা আর্য়ুবেদ চিকিত্সক|

ভারতীয় রাজনীতিতে সুষমা অনেক ক্ষেত্রেই শীর্ষে| মাত্র ২৫ বছর বয়সে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি| আম্বালা বিধানসভা কেন্দ্রে ১৯৭৭ থেকে ১৯৮২ এবং ফের ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি বিধায়ক ছিলেন| মুখ্যমন্ত্রী দেবী লালের জনতা পার্টির সরকারে তিনি মন্ত্রী হিসেবে শপথ নেন| বিজেপি-লোক দলের জোট সরকারে ১৯৮৭-১৯৯০ সুষমা ছিলেন হরিয়ানার শিক্ষামন্ত্রী| সুষমাই হলেন দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী| ১৯৯৮-এর অক্টোবর থেকে ডিসেম্বর পর‌্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন| ১৯৯০ সালে রাজ্যসভার সদস্য মনোনীত হন| ১৯৯৬ সালে দক্ষিণ দিল্লি থেকে জয়ী সাংসদ সুষমা ছিলেন অটলবিহারী বাজপেয়ীর ১৩ দিনের সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী| ১৯৯৮ সালে আবারও দক্ষিণ দিল্লি থেকে সাংসদ নির্বাচিত হন| আরও একবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বে| এই সময় চলচ্চিত্র নির্মাণকে ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা করেন তিনি|

১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে কর্ণাটকের বেল্লারি থেকে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সুষমা| কিন্তু, সেবার নির্বাচনে তিনি জয়ী হননি| সংসদে ফের প্রত্যাবর্তন হয় ২০০০ সালে, উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার সদস্য হয়ে| ওই বছরেই ফের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কার্যভার দেওয়া হয় সুষমাকে| ২০০০ সালের সেপ্টেম্বর থেকে ২০০৩ সালের জানুয়ারি পর্যন্ত এই দায়িত্বে ছিলেন তিনি| ২০০৩ সালের জানুয়ারি থেকে ২০০৪ সাল পর্যন্ত স্বাস্থ্য, পরিবার কল্যাণ এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী ছিলেন| তাঁর সময়েই দেশজুড়ে ছ’টি এইমস প্রতিষ্ঠিত হয়| রাজ্যসভায় তৃতীয়বার আগমণ ২০০৬ সালে, মধ্যপ্রদেশ থেকে| ২০০৯ সালের লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের বিদিশ কেন্দ্র থেকে ৪ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হন সুষমা| পঞ্চদশ লোকসভায় তিনিই ছিলেন সংসদের বিরোধী দলনেতা| এরপর ২০১৪ সালে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বে সরকার গঠন হয়| ২০১৯ সাল পর্যন্ত টানা পাঁচ বছর বিদেশমন্ত্রী পদে ছিলেন সুষমা| অসুস্থতার জন্য ২০১৯ লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি|

বিদেশমন্ত্রী থাকাকালীন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব সহজে আমজনতার কাছে পৌঁছে গিয়েছিলেন সুষমা| সুষমার দৌলতেই টুইটার পরিণত হয়েছিল হেল্পলাইনে| সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্বের যে কোনও প্রান্তের সমস্যাগ্রস্ত ভারতীয়দের দিকে| সুষমা স্বরাজের সৌজন্যেই সৌদি আরব থেকে উদ্ধার করা হয়েছিল হায়দরাবাদের জৈনাব বাইকে| ইন্দোরের (মধ্যপ্রদেশ) গীতাকেও ২০১৫ সালে পাকিস্তান থেকে ফিরিয়ে আনতে হাত বাড়িয়ে দিয়েছিলেন সুষমা| কিন্তু, জীবনের লড়াইটা থামিয়ে দিলেন সুষমা|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top