News Flash

  • Home
  • Uncategorized
  • ই-রিকশা নিয়ে শাসক-বিরোধী তরজা
Image

ই-রিকশা নিয়ে শাসক-বিরোধী তরজা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ ই-রিকশা নিয়ে শাসক-বিরোধী তরজার লড়াই চরমে উঠেছে৷ তবে, রাজ্য সরকার ই-রিকশা চালকদের বিরুদ্ধে নয়, আশ্বস্ত করেছেন পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷ কিন্তু, বেআইনিভাবে ই-রিকশা চলাচলে বিধিনিষেধে কোনও বদল করা হবে না বলে সাফ জানিয়েছেন তিনি৷


১ আগস্ট থেকে অনুমোদনহীন ই-রিকশায় নিষেধাজ্ঞা জারি করেছে ত্রিপুরা সরকার৷ ফলে, এই সিদ্ধান্তকে ঘিরে অসন্তোষ দেখা দিয়েছে ই-রিকশা চালকদের মধ্যে৷ তাঁদের বক্তব্য, রাজ্য সরকার ব্যবসা করার অনুমতি দিয়েছে, তাই ডিলারদের কাছ থেকে ই-রিকশা ক্রয় করেছেন তাঁরা৷ ওই ই-রিকশায় অনুমোদন রয়েছে কিনা তা তাঁরা যাচাই করেননি৷ কারণ, এই সব আইনি বিষয়গুলি রাজ্য সরকারই খতিয়ে দেখে৷ ই-রিকশা চালকদের বক্তব্য, বাম জমানায় এমন কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি৷ তাছাড়া, অনুমোদনহীন ই-রিকশা বিক্রেতাদের বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেয়নি৷ তাই, এখন তাঁদের বিকল্প ব্যবস্থা করে তবেই এ-ধরনের বিধিনিষেধ আরোপ করুক রাজ্য সরকার৷


আজ সাংবাদিক সম্মেলনে প্রাক্তন পরিবহণ মন্ত্রী মানিক দে বলেন, ই-রিকশার ব্যাপারে ২০১৪ সালে ত্রিপুরা সরকার একটি রুলসতৈরি করেছিল৷ কিন্তু, পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টের মামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার মোটর ভেহিক্যাল অ্যাক্টের অধীন অন্তর্ভুক্ত করে ই-রিকশাকে৷ ফলে, রাজ্যের ওই রুলস বাদ দেওয়া হয়৷ তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে অনুমোদনহীন ই-রিকশা বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল৷ তিনজনকে গ্রেফতারও করেছিল পশ্চিম আগরতলা থানার পুলিশ৷
তাঁর দাবি, অনুমোদনহীন ই-রিকশা বিক্রিতে পূর্বতন সরকার কখনও উৎসাহিত করেনি৷ কিন্তু, প্রচুর বেকার এই ই-রিকশার সাথে নিজেদের জড়িয়ে ফেলেছেন৷ তাতে, তাঁদের রোজগার হচ্ছে৷ তাই, আইনি বিধান মেনে ওই ই-রিকশা চালকদের জন্য পথ খুঁজে বের করা হোক, আবেদন জানান মানিক দে৷ তাঁর বক্তব্য, আইনে পরিবর্তন কিংবা পরিবর্ধন প্রয়োজনের ভিত্তিতে সরকারই করে থাকে৷

ফলে, অনুমোদনহীন ই-রিকশার জন্য এখন যে সমস্যা তৈরি হয়েছে তার স্থায়ী সমাধান খঁজে বের করা খুবই জরুরি৷ তাঁর কথায়, কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার রয়েছে৷ ফলে, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান বের করা সম্ভব বলে তিনি মনে করেন৷ তাঁর আবেদন, সহানুভূতির সাথে এই বিষয়টি বিবেচনা করা হোক৷ সাথে যোগ করেন, রাজ্য সরকার মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখবে বলে তাঁর বিশ্বাস৷


এদিকে ত্রিপুরা সরকারের পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় আজ ই-রিকশা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন৷ তাঁর কথায়, কোনও বেআইনি কাজে রাজ্য সরকার চুপচাপ বসে থাকতে পারে না৷ ফলে, ১ আগস্ট থেকে ই-রিকশায় নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তে কোনও বদল আনা হবে না৷ তাঁর বক্তব্য, অন্তত ৭ মাস ধরে এই সমস্যা নিয়ে আলোচনা হয়েছে৷ কিন্তু, অনেক ই-রিকশা পরিবহণ দফতরের অধীনে নথিভুক্ত হয়নি৷ তাঁর কথায়, অনুমোদন ছাড়া ই-রিকশা চলাচলে জননিরাপত্তা নিয়ে প্রশ্ণ উঠেছে৷ ফলে, জনগণের নিরাপত্তার সাথে কোনও আপস করা সম্ভব হবে না৷ কারণ, অনুমোদনহীন ই-রিকশা দুর্ঘটনার কবলে পড়লে যাত্রীরা বিমার সুযোগ পাবেন না৷ তাছাড়া, ওই ই-রিকশা চালকের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থাও নেওয়া যাবে না৷


এদিন তিনি প্রাক্তন পরিবহন মন্ত্রীকে বিঁধে বলেন, অনেক দেরিতে তাঁর বোধগম্য হয়েছে৷ তবে, আগে এ-নিয়ে চিন্তা করলে আজ ওই ই-রিকশা চালকরা সমস্যায় পড়তেন না৷ প্রণজিৎ সিংহরায়ের কথায়, পূর্বতন বাম সরকার বেআইনি ব্যবসাকে উৎসাহ দিয়ে মানুষের অনেক ক্ষতি করেছে৷ তার খেসারত এখন আমাদের দিতে হচ্ছে৷ তিনি বলেন, ত্রিপুরা সরকারও ই-রিকশা চালকদের নিয়ে চিন্তিত৷ কারণ, আমরা তাঁদের বিরুদ্ধে নই৷ তবে বেআইনি কোনও কিছুই বরদাস্ত করা হবে না, সাফ জানালেন তিনি৷
তাঁর কথায়, আগামীকাল থেকে অনুমোদনহীন ই-রিকশা নিয়ে প্রশাসন আইন মেনে ব্যবস্থা নেবে৷ ফলে, ওই ই-রিকসা চালকদের যানবাহন নিয়ে রাস্তায় বের না হওয়াই উচিত৷ তিনি জানিয়েছেন, আগামীকাল থেকে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় প্রশাসন সব রকম ব্যবস্থা নিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top