News Flash

  • Home
  • Uncategorized
  • প্রত্যাশা মতো অর্থ প্রাপ্তির সম্ভাবনা কম থাকায় আর্থিক শৃঙ্খলা রক্ষায় কঠোর হতে চলেছে রাজ্য সরকার
Image

প্রত্যাশা মতো অর্থ প্রাপ্তির সম্ভাবনা কম থাকায় আর্থিক শৃঙ্খলা রক্ষায় কঠোর হতে চলেছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ১৪ জুন৷৷ প্রত্যাশা অনুযায়ী অর্থ প্রাপ্তির সম্ভাবনা কম থাকায় আর্থিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় কঠোর হতে চলেছে রাজ্য সরকার৷ কারণ, কোষাগারের যা অবস্থা তাতে রাজ্য পরিচালনায় হিমসিম খেতে হবে৷ এর পেছনে যুক্তি, চতুর্দশ অর্থ কমিশনের মেয়াদের অন্তিম বছরে প্রত্যাশা অনুযায়ী অর্থ প্রাপ্তির সম্ভাবনা খুবই কম৷ তাছাড়া, সপ্তম বেতন কমিশনে অতিরিক্ত টাকা এবছর পুরোটাই বহন করতে হবে রাজ্যের কোষাগার থেকে৷ গত বছরের মতো কেন্দ্রীয় সহায়তার প্রাপ্তির সুযোগ নেই বললেই চলে৷ তবে, প্রতিকূলতা কাটানোর রোডম্যাপও তৈরি হয়ে গিয়েছে বলে দাবি সূত্রের৷


আগামী ২১ জুন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রাক্ বাজেট বৈঠকের ডাক দিয়েছেন৷ সমস্ত রাজ্যের অর্থমন্ত্রিদের সাথে তিনি বৈঠক করবেন৷ ওই বৈঠকে রাজ্যের অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা যোগ দেবেন৷ বৈঠকে রাজ্যগুলি প্রয়োজনীয়তার খতিয়ান তুলে ধরবেন৷ সূত্রের খবর, রাজ্যের জন্য অতিরিক্ত সহায়তা বাজেটে বরাদ্দের আবেদন জানাবেন অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷


প্রসঙ্গত, চতুর্দশ অর্থ কমিশন থেকে প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে৷ প্রশাসনিক সূত্রের দাবি, প্রতিবার অর্থ কমিশনের মেয়াদের অন্তিম বছরে প্রত্যাশা অনুযায়ী অর্থ প্রাপ্তি হয় না৷ কারণ, পাঁচ বছর আগের অনুমান অন্তিম বছরে প্রয়োজন থেকে সব সময় অনেক কম হয়৷ তাই, চতুর্দশ অর্থ কমিশনের মেয়াদের অন্তিম বছরে স্বাভাবিকভাবেই প্রত্যাশার থেকে অনেক কম প্রাপ্তি হবে বলে অনুমান করছেন প্রশাসনিক শীর্ষ আধিকারিকরা৷ সূত্রের দাবি, অন্তত ১২০০ কোটি এবছর কম মিলবে বলে অনুমান করা হচ্ছে৷


অবশ্য, অর্থ কমিশন থেকে কম প্রাপ্তির পেছনেও কারণ রয়েছে৷ সূত্রের কথায়, জিএসটি বাবদ কর আদায় কম হয়েছে৷ স্বাভাবিকভাবেই, কেন্দ্রীয় শেয়ার থেকে জিএসটি খাতে যে অর্থ প্রাপ্তি হওয়ার কথা ছিল, তাতে টান পড়েছে৷ ফলে, অর্থ কমিশনও কম দেবে৷ তাছাড়াও, আরো কিছু বিষয়ে প্রত্যাশা অনুযায়ী কেন্দ্রের কোষাগারে জমা পড়েনি৷ ফলে, রাজ্যগুলিও প্রভাবিত হওয়া স্বাভাবিক বলেই মনে করা হচ্ছে৷


এবছর, অন্যতম চিন্তার সপ্তম বেতন কমিশন বাবদ অতিরিক্ত অর্থের বন্দোবস্ত করা৷ কারণ, গত বছর সপ্তম বেতন কমিশনের অতিরিক্ত টাকা বহন করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার থেকে সহায়তা মিলেছে৷ এবছরও সেই অতিরিক্ত অর্থ বহন করতে হবে৷ কারণ, পঞ্চদশ অর্থ কমিশন থেকে সপ্তম বেতন কমিশনের অতিরিক্ত অর্থ মিলবে৷


তবে, সমস্ত প্রতিকূলতার রোডম্যাপও তৈরি হয়ে গিয়েছে বলে দাবি সূত্রের৷ ব্যয় সংকোচন নীতি পর্যালোচনার জন্য রাজ্য সরকার কমিটি গঠন করতে চলেছে বলে সূত্র অনুসারে জানা গিয়েছে৷ সূত্রের কথায়, ওই কমিটি রাজ্য এবং সরকার পরিচালনায় ব্যয় সংকোচের বিভিন্ন দিক খঁুজে বের করবে৷ তাছাড়া, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রয়োজন নেই এমন পদ বাতিল করারও চিন্তাভাবনা চলছে৷ তাছাড়া, কর্মসংস্থানে আউটসোর্সিংয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও সূত্রের খবর৷ এদিকে, বিভিন্ন দপ্তরের অব্যয়িত অর্থ সুদের বিনিময়ে বিভিন্ন খাতে খরচ করার পরিকল্পনায় ইনফ্রাসট্রাকচার এন্ড ইভেস্ট ফান্ড বোর্ড গঠন করা হয়েছে৷ মহাকরণ সূত্রে দাবি, রাজ্য পরিচালনায় আর্থিক প্রতিকূলতায় কোনভাবেই প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না৷ সেক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে৷ সূত্রের দাবি, ৫টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে৷ তাতে, ৫ থেকে ৬ হাজার কোটি টাকা মিলবে বলে নিশ্চিত রাজ্য সরকার৷ ফলে, অর্থ প্রাপ্তি প্রত্যাশা মতো না হলেও রাজ্য পরিচালনায় কোন সমস্যা হবে না বলে মনে করছেন প্রশাসনের শীর্ষ কর্তারা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top