News Flash

  • Home
  • Uncategorized
  • শনিছড়ায় প্রহৃত ডাক্তার ও নার্স, অভিযুক্তকে গ্রেফতার না করলে কর্মবিরতির হুমকি স্বাস্থ্যকর্মীদের
Image

শনিছড়ায় প্রহৃত ডাক্তার ও নার্স, অভিযুক্তকে গ্রেফতার না করলে কর্মবিরতির হুমকি স্বাস্থ্যকর্মীদের

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৫ এপ্রিল৷৷ আগরতলা মেডিক্যাল গভর্নমেন্ট কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের পর এবার অসমের সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ও নার্সের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে জনৈক যুবক৷ এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷

ঘটনাটি ঘটেছে বুধবার মধ্যরাতে৷ জানা গেছে, গত রাতে শনিছড়ার জনৈক পরীক্ষিত সিনহা তার ভাই সুকুমার সিনহাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে৷ তখন কর্তব্যরত নার্স অন্য এক মুমূর্ষু রোগীর পরিষেবায় ব্যস্ত ছিলেন৷ তা দেখে মেজাজ হারিয়ে নবাগত রোগী সুকুমারের ভাই পরীক্ষিত কর্তব্যরত নার্স নাসিমা বেগমের সঙ্গে প্রথমে বচসায় লিপ্ত হয়৷ এক সময় পরীক্ষিত নার্সের গালে কষে থাপ্পড় বসিয়ে দেয়৷ থাপ্পর খেয়ে নার্স উত্তেজিত যুবকে৷র সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন৷ তাদের হাল্লা-চিৎকারে হাসপাতালে শোরগোল বেঁধে যায়৷ অবস্থা বেগতিক দেখে উভয়কে শান্ত করতে ছুটে এসে আক্রান্ত হন দংসুরাই হালাম ও ভোমা হালাম নামের দুই হাসপাতাল কর্মীও৷ ইত্যবসরে এসে উপস্থিত হন হাসপাতালের চিকিৎসক বিশ্ববন্ধু দেবনাথ৷ তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন৷ তাঁকেও অভিযুক্ত পরীক্ষিত নামের যুবকটি বেধড়ক পেটায় বলে জানা গেছে৷

খবর দেওয়া হয় চোরাইবাড়ি থানায়৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান পুলিশ কর্মীরা৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ কিন্তু এক অজ্ঞাত কারণে পুলিশ অভিযুক্ত যুবককে তখন হাতের কাছে পেয়েও গ্রেফতার করেনি, উঠেছে এই অভিযোগও৷ ততক্ষণে নাকি অভিযুক্ত পরীক্ষিত তার ভাই সুকুমারের চিকিৎসা করিয়ে বাড়ি চলে যায়৷

পরেরদিন আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি বিভিন্ন সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায়৷ সোশ্যাল সাইটের মধ্যমে ঘটনা জানতে পেরে হাসপাতালে ছুটে আসেন জেলা স্বাস্থ্য আধিকারিক এবং ক্ষমতাসীন বিজেপির স্থানীয় বিভিন্ন পদাধিকারী৷ বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ চোরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দে-র সঙ্গে কথা বলে এ কাণ্ডের সঙ্গে জড়িতদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান৷ তাঁরা পুলিশকে জানিয়ে দিয়েছেন, অভিযুক্তকে শীঘ্র গ্রেফতার করা না হলে তাঁরা কর্মবিরতির পথে পা বাড়াতে বাধ্য হবেন৷

উল্লেখ্য, আক্রান্ত নার্স নাসিমা বেগম তিন মাসের অন্তঃসত্তা৷ তার পেটে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের ফলে তিনি বর্তমানে চিকিৎসাধীন৷

এদিকে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, হামলাকারী পরীক্ষিত সিনহা নিজেকে শাসকদল বিজেপি যুবমোর্চার নেতা হিসাবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে গুণ্ডাগিরি চালিয়ে আসছে৷ তার বিরুদ্ধে চোরাইবাড়ি থানায় পুরনো মামলাও ঝুলছে৷

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ১১ এপ্রিল ভোরে আগরতলার আইজিএম হাসপাতালে চিকিৎসক দীপঙ্কর দেবনাথের ওপর উশৃঙ্খল কতিপয় যুবক হামলা চালিয়েছিল৷ তাঁকে পরবর্তীতে আগরতলা মেডিক্যাল গভর্নমেন্ট কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে নিয়ে আইসিইউতে তাঁর চিকিৎসা চলছিল৷ এ ঘটনায় রাজ্যের চিকিৎসক মহল থেকে শুরু করে রাজনৈতিক মহলে বিস্তর জল ঘোলা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top