নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর এবং উন্নত উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতে ব্যবসা শুরু করতে জাপানি সংস্থাগুলির আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
নিউইয়র্কের এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারত-জাপান অর্থনৈতিক সম্পর্ককে শুধু বাণিজ্য দিয়ে ব্যাখ্যা করা যায় না; বিনিয়োগ এই সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। সরবরাহ ব্যবস্থা বৈচিত্র্যময় করার জন্য জাপানি সংস্থাগুলি ভারতে উৎপাদনকেন্দ্র স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখছে বলে জানান তিনি।
সেমিকন্ডাক্টর, রাসায়নিক এবং উন্নত উৎপাদন প্রযুক্তির মতো ক্ষেত্রে জাপানি সংস্থাগুলি ভারতীয় প্রতিভা ও দেশীয় সংস্থাগুলির সঙ্গে কাজ করতে আগ্রহী বলে উল্লেখ করেন জয়শঙ্কর।
ভারত ও জাপানের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাও বাড়ছে বলে তিনি জানান। দুই দেশই ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক শক্তি এবং দীর্ঘদিনের সুসম্পর্কের ভিত্তিতে এই সহযোগিতা আরও এগোচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
দুই দেশের মধ্যে সামরিক মহড়া ও অন্যান্য যৌথ কার্যক্রমের পরিমাণও বাড়ছে বলে জানান বিদেশমন্ত্রী। জাপানের সঙ্গে প্রতিরক্ষা বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা সহজ নয় উল্লেখ করে তিনি বলেন, এই ক্ষেত্রে যোগাযোগের সম্প্রসারণ তাৎপর্যপূর্ণ।
কোয়াডের মাধ্যমে ভারত, জাপান, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে আরও সহযোগিতার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন জয়শঙ্কর।
দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ এবং শিক্ষাক্ষেত্রে বিনিময় বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। আরও বেশি ভারতীয় ছাত্রছাত্রী যাতে জাপানে পড়াশোনা করতে যায় এবং ভারতে জাপানি ভাষা শিক্ষার সুযোগ বাড়ে, সে বিষয়েও আগ্রহ প্রকাশ করেন জয়শঙ্কর।
_______



















