News Flash

  • Home
  • Uncategorized
  • থানায় ঢুকে চড়, প্রদেশ কংগ্রেস সভাপতির আচরণ সমর্থন করে না জোটসঙ্গী আইএনপিটি
Image

থানায় ঢুকে চড়, প্রদেশ কংগ্রেস সভাপতির আচরণ সমর্থন করে না জোটসঙ্গী আইএনপিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ থানায় ঢুকে যুবককে চড়৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোরের এই আচরণকে সমর্থন করে না জোটসঙ্গী আইএনপিটি৷ পাশাপাশি অবরোধ আন্দোলনে পুলিশের লাঠি চালানোর ঘটনায়ও আইএনপিটি ক্ষোভ প্রকাশ করেছে৷ অবরোধের ঘটনা রাজ্যে নতুন নয়৷ কিন্তু, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে শুক্রবার তুলাশিখরে আইএনপিটি- সমর্থকদের লাঠিপেটা করেছে পুলিশ৷ শনিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে এভাবেই ক্ষোভ ব্যক্ত করেছেন আইএনপিটি-র সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা৷ তাঁর কথায়, ১৩ মাসেই বিজেপি-আইপিএফটি জোট সরকারের প্রতি মোহভঙ্গ হয়েছে রাজ্যবাসীর৷ এই ভয়েই বিরোধীদের আন্দোলনকে দমিয়ে রাখার কৌশল নিয়েছে রাজ্য সরকার৷ সাথে যোগ করেন, থানায় ঢুকে আইন হাতে নেওয়াও আইএনপিটি সমর্থন করে না৷ তবে, আবেগের বশেই হয়ত প্রদেশ কংগ্রেস সভাপতি ওই যুবককে চড় মেরেছেন, দাবি করেন তিনি৷

জগদীশের কথায়, যে কোনও ঘটনায় আইন হাতে তুলে নেওয়া উচিত নয়৷ তাই, থানায় ঢুকে যুবককে চড় মারা উচিত হয়নি প্রদেশ কংগ্রেস সভাপতির৷ তিনি বলেন, আইএনপিটি এ-ধরনের ঘটনাকে কখনও সমর্থন করে না৷ সাথে যোগ করেন, হয়তো আবেগের বশে ওই কাণ্ড ঘটিয়েছেন প্রদ্যুৎ কিশোর৷ জগদীশের বক্তব্য, তুলাশিখরে আক্রান্ত কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মণ সম্পর্কে প্রদ্যুৎ কিশোরের বোন৷ তাই, হয়তো বোনের উপর আক্রমণ সহ্য করতে না পেরে রাগের মাথায় অভিযুক্ত যুবককে চড় মেরেছেন তিনি৷ তবে, ওই কাণ্ড প্রদেশ কংগ্রেস সভাপতি না ঘটালেও পারতেন, বলেন জগদীশ দেববর্মা৷

এদিকে, অবরোধ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জগদীশ দেববর্মা৷ এদিন জগদীশবাবু বলেন, ১৮ এপ্রিল ত্রিপুরার খোয়াই জেলার তুলাশিখরে চন্দ্রনাথ ঠাকুর পাড়া গোলটিলায় পূর্ব আসনে কংগ্রেস প্রার্থী রাজকুমারী প্রজ্ঞা দেববর্মণ আক্রান্ত হয়েছিলেন৷ তার কিছুক্ষণ পর আইএনপিটি-র একটি গাড়িতেও আইপিএফটি-র সমর্থকরা আক্রমণ করেছিল৷ তাতে, আট আইএনপিটি কর্মী আহত হয়েছেন৷ তিনি বলেন, গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আহতদের খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসা করা হয়েছে৷ এরই প্রতিবাদে গতকাল একই স্থানে চেবরি-তুলাশিখর রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেয় আইএনপিটি৷ জগদীশবাবুর কথায়, শুক্রবার শান্তিপূর্ণভাবেই সকাল ছয়টা থেকে রাস্তা অবরোধে অংশ নেন আইএনপিটি সমর্থকরা৷ সকাল আটটা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল৷ তিনি বলেন, চাম্পাহাওর থানার পুলিশ অবরোধ তুলে নেওয়ার জন্য বারবার অনুরোধ করেছে৷ পাশাপাশি দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতিও দিয়েছিলেন৷ কিন্তু, হঠাৎ খোয়াইয়ের এসডিপিও অবরোধস্থলে গিয়ে লাঠিচার্জের নির্দেশ দেন৷ অবরোধকারীদের কোনও সতর্কবাণী না দিয়েই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বেধড়ক পেটাতে শুরু করে৷ তাতে বেশ কয়েকজন অবরোধকারী আহত হয়েছেন৷

জগদীশের মতে, ত্রিপুরায় বর্তমানে এক অরাজকতার পরিবেশ সৃষ্টি হয়েছে৷ তাই ক্ষমতাসীন জোট শরিক আইপিএফটি এবং পুলিশ বিরোধী দলের আন্দোলনকারীদের উপর হামলা করছে৷ তাঁর দাবি, ভারত সরকার এবং ত্রিপুরা সরকার বুঝতে পেরেছে, মানুষ বর্তমান জোট সরকারের কাজকর্মের প্রতি অসন্তুষ্ট৷ কারণ, মাত্র তেরো মাসেই রাজ্যের মানুষের সরকারের কাজকর্মে মোহভঙ্গ হয়েছে৷ তাই তারা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিকে দমনপীড়ন করে, ভয় দেখিয়ে ভোটে জয়ী হতে চাইছে৷ তাদের অপকর্ম থেকে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এ ধরনের অরাজকতার সৃষ্টি করছে ক্ষমতাসীন দল, বিদ্রুপ করে বলেন তিনি৷

জগদীশের কথায়, জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকার৷ মানুষের ভোটাধিকারও কেড়ে নিচ্ছে তারা৷ এই বিষয় নির্বাচন কমিশন অনুভব করতে পেরে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট পিছিয়ে ২৩ এপ্রিল নিয়ে গেছে নির্বাচন কমিশন, যাতে সাধারণ ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন৷ তাঁর আরও অভিযোগ, রাজ্যের আইন দফতরের মন্ত্রী রতনলাল নাথ বলছেন, বিরোধী দল রাজ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে৷ জগদীশ দেববর্মার বক্তব্য, রতনলাল নাথ সরকারে রয়েছেন, তাঁদের হাতে সমস্ত ক্ষমতা৷ তারা নিজেরাই তদন্ত করে দেখুন কারা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে৷ যাঁরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুক সরকার৷ বিজেপি এবং আইপিএফটি-র সদস্যরা নিজেরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত৷ উদাহরণ হিসেবে শুক্রবার খোয়াই জেলার তৈদু এলাকায় বিজেপি বিধায়কের উপর আইপিএফটি কর্মীদের আক্রমণের প্রসঙ্গ তুলেন জগদীশ৷ এদিন তিনি সুর চড়িয়ে বলেন রাজ্যের মানুষকে দূর্বিসহ পরিস্থিতি থেকে মুক্ত করতে আন্দোলন জারি রাখবে আইএনপিটি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top