News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম দেশদ্রোহী এবং বিরোধী দলনেতার অনুপস্থিতি ইস্যুতে বিরোধীরা ধরাশায়ী বিধানসভায়, নিয়ম মনে করালেন আইনমন্ত্রী
Image

সিপিএম দেশদ্রোহী এবং বিরোধী দলনেতার অনুপস্থিতি ইস্যুতে বিরোধীরা ধরাশায়ী বিধানসভায়, নিয়ম মনে করালেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ নিয়মের ব্যাখ্যা দিয়ে বিধানসভায় বিরোধীদের কার্য্যত ধরাশায়ী করলেন আইনমন্ত্রী রতনলাল নাথ৷ ফলে, সিপিএমকে দেশদ্রোহী বলা এবং বিরোধী দলনেতাকে ব্যক্তিগত আক্রমণের জন্য বিরোধীরা বৃহস্পতিবার কোন আওয়াজ করতে পারেননি৷ অধ্যক্ষেরও এবিষয়ে কোন সিদ্ধান্ত জানাতে হয়নি৷ আইনমন্ত্রীর সাফ কথা, বিরোধী দলনেতা অনুপস্থিত থাকলে নিয়ম অনুসারে তিনি অধ্যক্ষকে তা জানাতে বাধ্য৷ তেমনি, বিধানসভার সদস্যরাও কোন কোন শব্দ ব্যবহার করতে পারবেন না তাও স্পষ্টভাবে গাইডবুকে লেখা রয়েছে৷ দেশদ্রোহী শব্দ প্রাক্তন বিধায়ক প্রয়াত সমীর দেব সরকার বহুবার ব্যবহার করেছেন৷ এই শব্দ ব্যবহার করা যাবে না এমন কোথাও উল্লেখ নেই৷

এদিন আইনমন্ত্রী বলেন, সুস্থভাবে বিধানসভা অধিবেশন পরিচালনা হোক আমরা সবাই তা চাইছি৷ বুধবার বিধায়ক দীলিপ দাস বিরোধী দলনেতার অনুপস্থিতি নিয়ে অধ্যক্ষকে তা জানানো হয়েছিল কিনা সেবিষয়ে প্রশ্ণ তুলেছিলেন৷ তখন প্রাক্তন অধ্যক্ষ তথা বিধায়ক রমেন্দ্র চন্দ্র দেবনাথ বিরোধী দলনেতার পক্ষে সওয়াল করে বলেছিলেন অনুপস্থিতি নিয়ে অধ্যক্ষকে জানানো বাধ্যতামূলক নয়৷ এনিয়ে বুধবার বিধানসভায় বিরোধীরা প্রচন্ড হৈ হট্টগোল করেছিলেন৷ কারণ, ট্রেজারি বেঞ্চের সদস্যরা বিরোধী দলনেতাকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন৷ পাশাপাশি সিপিএমকে দেশদ্রোহী বলেও মন্তব্য করেছিলেন৷ ফলে, গতকাল বিরোধীরা বিধানসভায় প্রথমার্ধে ওয়াকআউট করেছিলেন৷ দ্বিতীয়ার্ধেও তাঁরা এই ইস্যুতে অধ্যক্ষের হস্তক্ষেপ চেয়েছিলেন এবং দেশদ্রোহী শব্দটি রুলস অব প্রসিডিংস থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন৷

এদিন আইনমন্ত্রী এবিষয়ে বিধানসভার নিয়মের ব্যাখ্যা তুলে ধরে বিরোধীদের মোক্ষম জবাব দিয়েছেন৷ শুধু তাই নয়, তিনি বিরোধীদের বিধানসভার নিয়মগুলিও মনে করিয়ে দিয়েছেন৷ আইনমন্ত্রীর কথায়, বিরোধী দলনেতার পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গরীমাপূর্ণ৷ এই পদের দায়িত্বও অনেক৷ মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রিসভার কোন সদস্য বিধানসভায় অনুপস্থিত থাকলে অধ্যক্ষ কিংবা মুখ্যমন্ত্রীকে তা জানানো বাধ্যতামূলক৷ কারণ, তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব অন্য কাউকে দিতে হয়৷ তেমনি বিরোধী দলনেতাও অনুপস্থিত থাকলে তা অধ্যক্ষকে জানানো বাধ্যতামূলক৷ এমনকি তাঁর অনুপস্থিতিতে বিরোধী দলনেতার পদ কে সামলাবেন তাও বিধানসভাকে জানানো বাধ্যতামূলক৷

অতীতের উদাহরণ তুলে আইনমন্ত্রী বলেন, ২০০৬ সালে ২৫ আগষ্ট বিরোধী দলনেতা থাকাকালীন বিধানসভায় অনুপস্থিত ছিলাম৷ সেই সময় অধ্যক্ষকে অনুপস্থিতির বিষয়ে জানিয়েছিলাম এবং দীপক রায় বিরোধী দলনেতার দায়িত্ব সামলাবেন তাও অধ্যক্ষকে বলেছিলাম৷ ঠিক তেমনি ২৮ ফেব্রুয়ারী ২০১৫ সালে বিরোধী দলনেতা থাকাকালীন সময়ে সুদীপ রায় বর্মণও অধ্যক্ষকে তাঁর অনুপস্থিতির আগাম খবর দিয়েছিলেন৷

এদিন আইনমন্ত্রী প্রাক্তন অধ্যক্ষকে নিশানা করে বলেন, বিধানসভার নিয়ম অনুযায়ী অনুপস্থিত থাকার ক্ষেত্রে আবেদন জানানো বাধ্যতামূলক৷ তাঁর কটাক্ষ, নিয়ম মনে করিয়ে দেওয়ার জন্যই বিধানসভায় বিষয়টি উত্থাপন করেছি৷ তাঁর কথায়, নিয়ম অনুযায়ী বিরোধী দলনেতার অনুপস্থিতিতে কে দায়িত্ব সামলাবেন তা জানানোও বাধ্যতামূলক৷

এদিন আইনমন্ত্রী বিধানসভায় কোন কোন শব্দ ব্যবহার করা যাবে তাও গাইডবুকের উদ্বৃতি দিয়ে বিধানসভায় তুলে ধরেছেন৷ তিনি জানান, দেশদ্রোহী শব্দ ব্যবহার করা যাবে না এমন কোথাও উল্লেখ নেই৷ তবে, কোন কোন শব্দ ব্যবহার করা যাবে না তার স্পষ্ট উল্লেখ রয়েছে৷ তিনি বিরোধীদের মনে করিয়ে দেন, ১ মার্চ ২০০৪ সালে বিধানসভা অধিবেশনে প্রাক্তন মুখ্য সচেতক প্রয়াত সমীর দেব সরকার একাধিকবার দেশদ্রোহী শব্দ ব্যবহার করেছেন৷ শুধু তাই নয়, পুরনো রেকর্ড ঘাটলে এমন বহু প্রমাণ মিলবে যেখানে দেশদ্রোহী শব্দ বিধানসভায় সদস্যরা ব্যবহার করেছেন৷ আইনমন্ত্রীর সাফ কথা, দেশদ্রোহী শব্দটি বিতর্কিত, কিন্তু তা ব্যবহার করা যাবে না নিয়মে কোথাও উল্লেখ নেই৷

বিরোধী দলনেতার অনুপস্থিতি এবং সিপিএমকে দেশদ্রোহী বলা নিয়ে বিধানসভায় বিরোধীরা যেভাবে  বিক্ষোভ দেখিয়েছিলেন এবং ট্রেজারি বেঞ্চকে চাপে ফেলতে চেয়েছিলেন, আইনমন্ত্রী কৌশলী জবাব তাঁদের মুখে রীতিমতো তালা লাগিয়ে দিয়েছে৷ ফলে, আইনমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে এদিন বিধানসভায় বিরোধীরা এনিয়ে সুর তুলেননি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top