News Flash

Image

ভূয়া অপহরণ কান্ড

সম্প্রতি রাজ্য রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা ঘটিয়া গেল৷ এমন ঘটনার পিছনে যে এক গভীর ষড়যন্ত্র রহিয়াছে তাহা বলিবার অপেক্ষা রাখে না৷ এই অনভিপ্রেত ঘটনা লইয়া এখনও আলোচনা সমালোচনা চলিতেছে৷ চলিতেছে ঘটনার আদ্যপ্রান্ত বিশ্লেষণ৷ কেননা, এই ঘটনা যেমন ছিল অনভিপ্রেত তেমনই ছিল জাতিগত দাঙ্গার জন্য যথেষ্ট উস্কানিমূলক৷ তাই মঙ্গলবার রাজ্যবাসীর দৃষ্টি ছিল বোধজংনগরে সংঘটিত সেই রক্তক্ষয়ী উত্তেজনাকর সংঘর্ষের দিকে৷ সেইদিন থানায় যেন মহাপ্রলয় ঘটিয়া গেল৷ ভাঙচুর করা হইল বোধজংনগর থানা৷ উচ্চ পদস্থ পুলিশ অফিসার সহ কয়েকজন পুলিশ কর্মী জখম হইল৷ পরিস্থিতি সামাল দিবার জন্য বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়োগ করা হইল৷ উচ্ছৃঙ্খল জনতার উদ্দেশ্যে ছোঁড়া হইল জন-কামাল, কাঁদানে গ্যাস এবং অবস্থা বুঝিয়া করা হইল লাঠিচার্জ৷
প্রশ্ণ হইল, সেই দিন কেন এমন লঙ্কাকান্ড ঘটিয়াছিল বোধজংনগরে? থানায় হামলাকারীদের অভিযোগ ছিল অপহৃতা এক উপজাতি মহিলাকে উদ্ধার করিতে পুলিশ ব্যর্থ হইয়াছে৷ হামলাবাজদের রোষাণলে পড়িল বোধজংনগর থানা৷ এডিসি এলাকা হইতে একাংশ উপজাতি মহিলা পুরুষ টাক্কাল, দা, বল্লম ও লাঠিসোটা নিয়া গাড়ি করিয়া ছুটিয়া আসিল বোধজংনগর থানায়৷ ইহার পর পরিস্থিতি এমন আকার ধারণ করিল যে, যাহাকে নারকীয় অবস্থা বলা যায়৷ এবং এমন কান্ডে রাজ্যবাসী হতবাক হইয়া গেল৷ কেননা, এমন অপহরণের ঘটনা রাজ্যে যে নতুন ঘটিয়াছে তাহা নহে৷ সারা রাজ্য জুড়িয়া ভুরি ভুরি এই ধরনের অপহরণের ঘটনা প্রায় প্রতিদিন যেমন ঘটিতেছে তেমনই পুলিশ অধিকাংশ অপহৃতাকে উদ্ধার করিতেও সক্ষম হইতেছে৷ কিন্তু, সেদিন এক উপজাতি মহিলাকে অপহরণ করিবার ঘটনায় একাংশ উপজাতি মানুষদের অতি আগ্রহ কেন দেখা দিয়াছিল? একাধিক গাড়ি করিয়া দলে দলে ভূমিপুত্র কেন বোধজংনগর থানায় ছুটিয়া আসিয়াছিল৷ এবং যাহারা আসিয়াছিল তাহারা কি কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকিয়া পুষ্ট হওয়া ভূমিপুত্র? তাহারা কি কোনও বিশেষ দলের সুপ্রিমোর হাতের পুতুল৷ এবং সেই সাথে প্রশ্ণ আসিয়া যাইতেছে যে, ওই হামলাবাজ ভূমিপুত্ররা আইন নিজের হাতে তুলিয়া নিয়া কী বুঝাইতে চাহিয়াছিল? এই ধরনের প্রশ্ণ কিন্তু আসিয়া যায়৷ কেননা, রাজ্য জুড়িয়া আগাম নির্বাচনী হাওয়া বহিতেছে৷ এই হাওয়া যেন ধীরে ধীরে বিষাক্ত হইয়া উঠিতেছে৷ বর্তমানে পাহাড়ে যেন এই বিষের হাওয়া বহিতেছে৷ আলাদা রাজ্যের দাবীতে আইপিএফটির রণংদেহী আচরণ কাহারো অজানা নয়৷ সম্প্রতি আলাদা রাজ্যের দাবীতে আইপিএফটির সংঘটিত রাস্তা ও রেল অবরোধে উদ্দাম উলঙ্গ কান্ড কারখানাও সকলেই অবগত রহিয়াছে৷ ফলে রাজ্য রাজনীতিতে আইপিএফটি উগ্র দল হিসাবে চিহ্ণিত হইয়াছে৷ ইতিমধ্যে এই দল ঘিরিয়া রাজ্যবাসীর আতংক চরমে উঠিয়াছে৷ মঙ্গলবার বোধজংনগর থানা যাহারা আক্রমণ করিয়াছিল তাহারা হইল একাংশ ভূমিপুত্র৷ আরা তাহারা যেই মহিলা অপহৃতা হইয়াছিল বলিয়া দাবি করিয়াছিল তিনিও এক উপজাতি মহিলা৷ তাই বলা যাইতে পারে পুরো অবাঞ্ছিত ঘটনা জুড়িয়া রহিয়াছে একাংশ ভূমিপুত্র৷ এবং চিলে কান নিয়া গিয়াছে এর মত সংঘটিত ঘটনা কি পূর্ব পরিকল্পিত? কেননা, পরবর্তীতে ওই অপহৃতা মহিলার সন্ধান পাওয়া গিয়াছে তাহার বাপের বাড়িতে৷ তবে কি এই অপহরণ মামলা সাজানো? ইহার পিছনে কি কোনও দুরভিসন্ধী রহিয়াছে? কেননা, হামলাকারীদের শারীরিক ভাষার সহিত আইপিএফটি সমর্থকদের দৈহিক বাষার যথেষ্ট মিল রহিয়াছে৷ তাই বোধজংনগর হামলাকে কোনও বিচ্ছিন্ন হামলা বলিয়া ভাবিতেছে না রাজনৈতিক মহল৷ কেননা, কল্পিত অপহরণের ঘটনা ঘিরিয়া রাজ্য প্রশাসনকে বিচলিত করিবার ঘটনা রাজ্যে এই প্রথম৷ যেই দলই এমন অবাঞ্ছিত ঘটনার জন্য দায়ী হউক না কেন, ওই দল যে শিখন্ডী হিসাবে কাজ করিয়াছে তাহা বলিবার অপেক্ষা রাখে না৷ এই শিখন্ডীর পিছনে রহিয়াছে কোনও জাতীয়দলের মদত৷ নির্বাচনের আগে রাজ্য জুড়িয়া প্রবল অশান্তি সৃষ্টি করিয়া ঘোলা জলে মাছ শিকার করিবার জন্য তাহারা ছক কষিতেছে৷ এবং আশংকা করা হইতেছে যে, নির্বাচন যতই আগাইয়া আসিবে রাজ্যে জুড়িয়া ততই শান্তির বাতাবরণ বিঘ্নিত হইবে৷ তাই এমন অবাঞ্ছিত পরিস্থিতি যাহাতে সৃষ্টি না হয় তাহার জন্য সচেতন রাজ্যবাসী এবং আরক্ষা প্রশাসনকে সতর্ক থাকিতে হইবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top