News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফের গুলিতে মহিলাসহ নিহত তিন, আহত দুই, সাব্রুম সীমান্তে তীব্র উত্তেজনা, বনধ ডাকল সিপিএম
Image

বিএসএফের গুলিতে মহিলাসহ নিহত তিন, আহত দুই, সাব্রুম সীমান্তে তীব্র উত্তেজনা, বনধ ডাকল সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ বিএসএফ’র গুলিতে সাব্রুমের হার্বাতলি এডিসি ভিলেজে চিত্তাবাড়িতে তিন তিনজন

বিএসএফের গুলিতে নিহতদের মৃতদেহ নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ ছবি নিজস্ব৷

নিহত এবং দুইজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ এই ঘটনায় সাব্রুম মহকুমা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে৷ বিএসএফ’র দাবি গরু পাচারকারী সন্দেহে গুলি চালানো হয়েছিল৷ তাতে, প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনা ঘটেছে৷ সাব্রুম পুলিশ জানিয়েছে, গরু চড়ানোকে কেন্দ্র করে উত্তেজনায় বিএসএফ’র গুলি চালানোতে এই ঘটনা ঘটেছে৷ তবে, সিপিএম’র দাবি যুবতী গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকে ঘিরে গ্রামবাসীরা প্রতিবাদ জানালেন বিএসএফ জওয়ানরা এলোপাথাড়ি গুলি চালায়৷ তাতে, তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছেন৷ এই ঘটনার প্রতিবাদে শনিবার ১২ ঘন্টার সাব্রুম মহকুমা বন্ধের ডাক দিয়েছে সিপিএম৷ এদিনের এই ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়ায় প্রকৃত ঘটনা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷
শুক্রবার বিকেল আনুমানিক চারটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে৷ সাব্রুমে ভাঙ্গামুড়া বিওপির বিএসএফ জওয়ানরাই গুলি চালিয়েছেন বলে অভিযোগ৷ গুলি চালানোর ঘটনা নিয়ে যেখানে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, সেখানে বিএসএফ’র দাবি গরু পাচারের ঘটনা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়৷ যদিও স্থানীয়দের দাবি, গ্রামবাসীরা জুম চাষ করে ফেরার পথে বিএসএফ জওয়ানরা তাদের কয়েকজনকে গরুপাচারকারী সন্দেহে আটক করে হেনস্থা করেছে৷ গ্রামবাসীরা হেনস্থার প্রতিবাদ জানালে বিএসএফ গুলি চালায় বলে অভিযোগ৷ বিএসএফ’র দাবি, স্থানীয় জনগণ ভাঙ্গামুড়া বিওপি ঘেরাও করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ তাদের বার বার বিওপি ঘেরাও মুক্ত করার অনুরোধ জানানো হলেও তারা সে আবেদন শুনেননি৷ তখন বিএসএফ জওয়ানরা প্রথমে শূন্যে গুলি চালায়৷ তাতে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে বিএসএফ জওয়ানদের দিকে এগিয়ে আসলে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়৷ তাতে সুরলক্ষ্মী ত্রিপুরা(৩০), মিন কুমার ত্রিপুরা(৩৫) ও পদ্মকুমার ত্রিপুরা(৪২) গুলিবিদ্ধ হন৷ এছাড়া জীবন ত্রিপুরা(২২) ও শ্যামকুমার ত্রিপুরা(৩০) গুরুতর আহত হন৷ তাদের সাব্রুম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সুরলক্ষ্মী ত্রিপুরা, মিনকুমার ত্রিপুরা ও পদ্মকুমার ত্রিপুরাকে মৃত বলে ঘোষণা করেন৷ বাকি দুজনের হাসপাতালে চিকিৎসা চলছে৷
এই ঘটনার বিষয়ে সাব্রুম থানার পুলিশ জানিয়েছে, চিত্তাবাড়িতে গরু চড়ানোকে কেন্দ্র করে গ্রামবাসী ও বিএসএফ’র মধ্যে বচসার জেরে উত্তেজনার সৃষ্টি হয়৷ তাতে, বিএসএফ জওয়ানরা গুলি চালালে তিনজন নিহত হন এবং দুজন গুরুতর আহত হয়েছেন৷
কিন্তু সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী এক বিবৃতিতে জানিয়েছে, হার্বাতলী এডিসি ভিলেজের চিত্তাবাড়িতে আজ সকাল থেকে গ্রামবাসী মিন কুমার ত্রিপুরা নিজের রাবার বাগানে পাঁচ-ছয় জন সহ কাজ করছিলেন৷ বাগানটি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া থেকে প্রায় সাড়ে সাতশ মিটার ভেতরে৷ মিন কুমার ত্রিপুরা বাগানে যাদের কাজে নিযুক্ত করেছিলেন তাদের মধ্যে সুরলক্ষ্মী ত্রিপুরা(৩০) নামে এক গৃহবধূও ছিলেন৷ বিকেল সোয়া তিনটে নাগাদ সুরলক্ষ্মী সঙ্গীদের জানান ঘরে তার শিশু সন্তান রয়েছে, তাই তাকে একটু আগে বাড়ি ফিরতে হবে এবং তিনি একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হন৷ কয়েক মিনিট পর মিন কুমার ত্রিপুরা সহ বাগানে কর্মরত অন্যান্যরা সুরলক্ষ্মীর আর্ত চিৎকার শুনতে পান৷ তারা ছুটে এসে দেখেন তিনজন বিএসএফ জওয়ান সুরলক্ষ্মী ত্রিপুরাকে ঝাপটে ধরে ধস্তাধস্তি করছে৷ গ্রামবাসীরা প্রতিবাদ করলে বিএসএফ জওয়ানরা এলোপাথাড়ি গুলি চালায়৷ গুলিতে সুরলক্ষ্মী ত্রিপুরা, মিনকুমার ত্রিপুরা এবং পদ্মকুমার ত্রিপুরা ঘটনাস্থলেই নিহত হন৷ শ্যামচন্দ্র ত্রিপুরা এবং জীবন ত্রিপুরা নামে অন্য দুজন গ্রামবাসী গুলিতে আহত হন৷ বিএসএফ জওয়ানরা বর্বরোচিত হত্যাকান্ড সংগঠিত করে দেহগুলো ফেলে রেখে পালিয়ে যান৷ এলাকাবাসীর মারফত খবর পেয়ে সাব্রুম শহর থেকে সিপিএম নেতারা এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে যান৷ তারা মৃতদেহগুলি উদ্ধার করে সাব্রুম হাসপাতালের মর্গে নিয়ে আসেন এবং আহতদের হাসপাতালে ভর্তি করে দেন৷
আধা সামরিক বাহিনীর জওয়ানরা নিজেদের জঘন্য অপরাধের তথ্য প্রমাণের লোপাটের চেষ্টায় যে নৃশংস হত্যাকান্ড সংগঠিত করেছে এধরনের সীমাহীন বর্বরতা নজির বিহীন৷ সিপিএম রাজ্য সম্পাদকমন্ডলী দ্রুততার সাথে হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার দাবি করছে এবং ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত করতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছে বলে বিবৃতিতে জানানো হয়েছে৷
পুলিশের একটি সূত্র জানিয়েছে, সীমান্ত লাগোয়া এলাকায় ঘটনাটি সংগঠিত হওয়ায় অনেক দেরিতে পুলিশের কাছে খবর এসেছে৷ ধর্ষণের চেষ্টার প্রতিবাদে ঘটনাটি সংগঠিত হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তার পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত সঠিকভাবে বলা সম্ভব নয় বলে সূত্রটির দাবি৷ ফলে, এই ঘটনাকে ঘিরে প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে৷ জানা গেছে, সাব্রুম মহকুমার হার্বাতলী এডিসি ভিলেজের চিত্তাবাড়ি এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷ তাই, কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top