শান্তিরবাজার, ৩ অক্টোবর: বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার থানার অন্তর্গত বেতাগা সাইনবোর্ড এলাকায় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিট নাগাদ সাব্রুম থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল টিআর ০১ বি ১৩৯২ নম্বরের একটি বাস। একই সময়ে টিআর ০৮ এ ৬৭০২ নম্বরের একটি বাইক বীরচন্দ্রনগর বাজার থেকে মুহুরীপুরের দিকে যাচ্ছিল। বেতাগা সাইনবোর্ড এলাকায় পৌঁছালে কোনও কারণে বাস ও বাইকের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষের জেরে বাইকচালক জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। তাঁরা আহত বাইকচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিচয় দীপঙ্কর তালুকদার (৪০) বলে জানা গেছে। তিনি মুহুরীপুর এলাকার বাসিন্দা নিতাই তালুকদারের ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার থানার পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনায় জড়িত বাস ও বাইকটিও পুলিশি তদন্তের আওতায় রয়েছে বলে জানা গেছে।
বর্তমানে মৃতদেহটি শান্তিরবাজার মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।



















