আগরতলা, ৩০ সেপ্টেম্বর: আগরতলার মলয়নগর এলাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মর্ডান ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী। বুধবার ছাত্রীদের নিয়ে যাওয়ার সময় একটি অটো দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রীদের নিয়ে অটোটি মলয়নগর এলাকায় উপরের দিকে যাওয়ার সময় পিছন থেকে একটি স্কুটি এসে অটোটিকে ধাক্কা দেয়। অটোচালকের দাবি, অটোর ব্রেক ঠিকমতো কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটির সঙ্গে সংঘর্ষ হয়।
অভিযোগ, সংঘর্ষের পর ক্ষিপ্ত হয়ে স্কুটি চালক অটোচালককে মারধর করেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি রাস্তার পাশের একটি গর্তের দিকে পড়ে যায়। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং অটোতে থাকা স্কুলছাত্রীরা রক্ষা পায়।
ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনা ঘিরে বিস্তারিত তদন্তের দাবি উঠেছে।


















