আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন গোমতী জেলার ওয়াড়ংবাড়িতে গুলিবিদ্ধ ও আহত তিপরা মথার প্রার্থীকে দেখতে মঙ্গলবার আগরতলার জিবি হাসপাতালে যান টিটিএএডিসির সিইএম রুনিয়েল দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং এমডিসি সুরোজ দেববর্মাসহ দলের অন্যান্য নেতৃত্ব।
হাসপাতালে গিয়ে তাঁরা আহত প্রার্থীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান।
হাসপাতাল পরিদর্শনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিপ্রা মথার নেতৃত্ব ওয়াড়ংবাড়ির ঘটনার তীব্র নিন্দা জানান। তাঁদের অভিযোগ, ভোটকেন্দ্রের এত কাছাকাছি এই ধরনের সহিংস ঘটনা ঘটার পরও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে না পারায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে।
দলের পক্ষ থেকে ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চিকিৎসকদের সূত্রে জানা গেছে, গুলিতে আহত প্রার্থীর শরীরে আঘাত থাকলেও বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি বিপদমুক্ত রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।






















