বিশালগড়, ২৬ সেপ্টেম্বর: গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার উত্তর চড়িলাম উত্তর মুরা এলাকায়। হামলায় নারায়ণ চন্দ্র দেব-সহ তাঁর পরিবারের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে উত্তর চড়িলাম উত্তর মুরা এলাকার বাসিন্দা নারায়ণ চন্দ্র দেব পাশের একটি জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। সেখানে একই এলাকার আবু সালেহের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। এরপর নারায়ণ চন্দ্র দেব সেখান থেকে নিজের বাড়িতে ফিরে আসেন।
অভিযোগ, এই ঘটনার কিছুক্ষণ পর আবু সালেহের পরিবারের সদস্যরা ধারালো দা ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে নারায়ণ চন্দ্র দেবের বাড়িতে হামলা চালায়। হামলায় নারায়ণ চন্দ্র দেব-সহ তাঁর পরিবারের কয়েকজন আহত হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উত্তর চড়িলাম উত্তর মুরা এলাকা রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় বলে অভিযোগ।
পরবর্তীতে আহত নারায়ণ চন্দ্র দেব ঘটনাটি জানিয়ে বিশালগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে তিনি গোটা ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।



















