আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায় মোহনপুর পঞ্চায়েত সমিতি হলে আজ পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ একটি গাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন অতিথিগণ।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মূল ভাবনা ছিল একাত্ম মানববাদ যা শুধু মানুষের শারীরিক ও অর্থনৈতিক চিন্তাধারা নয়, মানুষের মন, বুদ্ধি ও আত্মার পরিবর্তন অর্থাৎ উন্নতির উপর জোর দিয়েছেন। তাঁর ভাবনা ছিল সমাজের একেবারে অন্তিম ব্যক্তি অর্থাৎ পিছিয়ে থাকা মানুষ। দিব্যাঙ্গজন মানুষের উন্নয়ন হলে সমাজ, রাজ্য ও দেশের প্রকৃত বিকাশ হবে। আমাদের দেশের সংস্কৃতি, সভ্যতা, সমাজ ব্যবস্থার মেলবন্ধন ও মানুষের জীবন দর্শন নিয়ে এগিয়ে চলতে হবে। পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবনাদর্শ ও মতবাদকে প্রাধান্য দিয়ে দেশ, সমাজ, রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে সকলের প্রতি কৃষিমন্ত্রী অনুরোধ জানান। পাশাপাশি আত্মকেন্দ্রীক ভাবনা থেকে মুক্ত হয়ে সকলকে সাথে নিয়ে, সকলের বিশ্বাস ও প্রয়াসের সাথে রাজ্য ও দেশকে বিকশিত করে তোলার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ। অনুষ্ঠানে মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্যা নিয়তি ভৌমিক, সমাজসেবক কার্তিক আচার্য, সমাজসেবক শ্যামল দেবনাথ সহ প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের বরিষ্ঠ তথ্য আধিকারিক।



















