অভিজিৎ রায় চৌধুরী
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর: মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করল কংগ্রেস। নির্বাচন কমিশনকে ‘কর্তৃত্ববাদী’ কায়দায় পরিচালনা এবং দুই নির্বাচন কমিশনারকে কার্যত পাশ কাটানোর অভিযোগ তুলেছে বিরোধী দলটি।
বুধবার সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি অভিযোগ করেন, জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনের কাজকর্মে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন এবং তাঁর দুই সহকর্মীকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশনারদের নথিভুক্ত করা সমস্ত ভিন্নমত প্রকাশ্য করারও দাবি জানান তিনি।
সিংভির কথায়, “ভিন্নমত মানে বাধা নয়, গণতন্ত্রের সুরক্ষা।” তাঁর দাবি, এই পরিস্থিতিতে সিইসির পদে থাকার নৈতিক অধিকার নেই।
১৯৯৫ সালের সুপ্রিম কোর্টের একটি রায়ের উল্লেখ করে সিংভি বলেন, সিইসি হলেন ‘সমানদের মধ্যে প্রথম’। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশন একটি সমষ্টিগত প্রতিষ্ঠান হিসেবে কাজ করার জন্যই গঠিত।
ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রেও প্রশ্ন তোলে কংগ্রেস। ভোটার হিসেবে নাম নথিভুক্তির জন্য ব্যবহৃত ফর্ম ৬-এ কথিত পরিবর্তন এবং স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এর সময় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সিংভি। তাঁর দাবি, এই প্রক্রিয়ার প্রভাব শেষ পর্যন্ত প্রায় ১৫ কোটি ভোটারের উপর পড়তে পারে।
























